জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ৫৩টি এনজিও ২১ কোটি ৩৪ লাখ টাকা পেতে যাচ্ছে। এ ধরনের ৫৩টি প্রকল্প ইতিমধ্যে নীতিগত অনুমোদন পেয়েছে। এসব এনজিওর মধ্যে ৪০টিই অদক্ষ। জলবায়ু পরিবর্তন বিষয়ে কাজের ক্ষেত্রে এগুলোর কোনো অভিজ্ঞতা নেই। ১১টি এনজিওর কর্ণধার ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। এঁদের কেউ কেউ নিজস্ব জনবল ছাড়াই বাসায় কার্যালয় খুলে বসেছেন।এই ৫৩ প্রকল্পের বাইরে ৪৮৮ কোটি টাকার আরও ৪৪টি প্রকল্প নেওয়া হয়েছে। এগুলো বরাদ্দ দেওয়া হয়েছে সরকারি সংস্থাগুলোকে। এ ক্ষেত্রেও এলাকাপ্রীতির অভিযোগ উঠেছে। জলবায়ু ট্রাস্টি বোর্ডের সভাপতি এবং পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ তাঁর নিজের জেলা শুধু চট্টগ্রামের জন্যই সর্বোচ্চ ১২টি সরকারি প্রকল্প বরাদ্দ দিয়েছেন। টাকার পরিমাণ ৯৮ কোটি। অথচ সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত এলাকা খুলনা বিভাগের জন্য ২৪ কোটি টাকার মাত্র একটি প্রকল্প নেওয়া হয়েছে। তবে এর বাইরে সারা দেশের জন্য ১০টির মতো প্রকল্প নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বিষয়ে আন্তর্জাতিক তহবিল পাওয়ার আগে সরকার নিজস্ব অর্থায়নে এক হাজার ৪০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে। দেশের ছয়টি খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা এই তহবিল গঠনের উদ্দেশ্য।জানতে চাইলে প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, যে চার হাজার এনজিও সরকারি তহবিল পেতে আবেদন করেছে, তাদের বেশির ভাগই অদক্ষ ও অনভিজ্ঞ। এদের বরাদ্দ নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে, তারা মন্দের ভালো। নীতিগতভাবে অনুমোদন পাওয়া এনজিও প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।যোগাযোগ করা হলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তন তহবিলে অর্থ বরাদ্দের ক্ষেত্রে গোপনীয়তা রাখা হচ্ছিল। ফলে শুরু থেকেই মনে হয়েছে, এখানে অনিয়ম হতে পারে। অদক্ষ ও অনভিজ্ঞ সংস্থাকে এই অর্থ বরাদ্দ দিলে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও বিপদাপন্ন মানুষদের কাছে এর সুবিধা পৌঁছাবে না। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর মাধ্যমে ভবিষ্যতে তহবিল পেতে সমস্যা হবে।জলবায়ু বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদদের সম্পৃক্ত করে তহবিল বরাদ্দের বিষয়টি পুনর্মূল্যায়ন করা উচিত মন্তব্য করে ইফতেখারুজ্জামান বলেন, জনগণের করের টাকায় তৈরি তহবিল যাতে রাজনৈতিক প্রভাবমুক্তভাবে সবার কল্যাণে ব্যবহূত হতে পারে, সে চেষ্টা করতে হবে। প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহি ও জনগণের অংশগ্রহণের সুযোগ রাখতে হবে। নীতিমালা ও বাস্তবতা: বেসরকারি সংস্থা ও এনজিওদের তহবিল বরাদ্দের ক্ষেত্রে সরকারের নীতিমালায় বলা হয়েছে, আবেদনকারী প্রতিষ্ঠানের জলবায়ু পরিবর্তন ও সংশ্লিষ্ট বিষয়ে প্রকল্প পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। অনুমোদনের ক্ষেত্রে প্রতিটি এনজিওর প্রস্তাবনা মূল্যায়ন ও কার্যালয় পরিদর্শন করার শর্ত রয়েছে।অনুসন্ধানে দেখা গেছে, অনুমোদন পাওয়া অন্তত ১০টি সংস্থা বর্তমান সরকারের আমলে গজিয়ে ওঠা। ২০টি প্রতিবন্ধী এবং ক্ষুদ্রঋণবিষয়ক। সরেজমিনে গিয়ে তিনটি সংস্থার কোনো কার্যালয় খুঁজে পাওয়া যায়নি। চারটি সংস্থা পাওয়া গেছে, যা স্বামী-স্ত্রী ও আত্মীয়স্বজনকে নিয়ে গঠিত। নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন নিয়ে প্রকল্প পেয়েছে এমন প্রতিষ্ঠানও পাওয়া গেছে বেশ কয়েকটি। খুলনার জনৈক বাহাউদ্দিন বিশ্বাস বাদল নিজের নাম ব্যবহার করে তৈরি করা সংস্থা বাদল হেলথ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটিকে ২৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বাদল পেশায় একজন কম্পিউটার মেরামতকারী ও দর্জি প্রশিক্ষক। বর্তমান সরকারের পাঁচজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তাঁদের নির্বাচনী এলাকার এনজিওকে প্রকল্প পেতে সুপারিশ করেছেন বলে জানা গেছে। তিনটির নির্বাহী পরিচালক ও চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগের নেতা। যেমন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ এস এম মোস্তফা রশিদ তাঁর বাবার নামে তৈরি করা সংগঠন আসমাসের নামে ৩০ লাখ টাকার প্রকল্পের অনুমোদন পেয়েছেন। দ্বিমুখী অবস্থান: ট্রাস্ট ফান্ড থেকে এ পর্যন্ত ৪৪টি সরকারি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ৪৮৭ কোটি ৯৪ লাখ ৫১ হাজার ৩০০ টাকা। প্রাথমিক অনুমোদন পেয়েছে ৭১ কোটি ১৮ লাখ টাকার পাঁচটি প্রকল্প। সরকারি প্রকল্প হিসেবে গ্রিন ডক হাউস নামের একটি বেসরকারি সংস্থা পুরোনো জাহাজভাঙা শিল্প স্থাপনবিষয়ক একটি সম্ভাব্যতা যাচাই সমীক্ষার জন্য দুই কোটি টাকা বরাদ্দ পেয়েছে।সরকারের তৈরি করা জলবায়ু পরিবর্তনবিষয়ক কর্মপরিকল্পনা ও কৌশলপত্র ও ট্রাস্ট ফান্ড নীতিমালায় অভিযোজনকে গুরুত্ব দেওয়া হয়েছে। জাতিসংঘ ও বিশ্ব দরবারে বাংলাদেশ অভিযোজন তহবিল পেতে চেষ্টা করছে। অথচ সরকারি তহবিল থেকে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে কার্বন প্রশমন বা মিটিগেশন খাতে। সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে দেওয়া তহবিলের মধ্যে মিটিগেশন খাতে যথাক্রমে ৪৩ দশমিক ৩ ও ৩২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।সরকারি হিসাব অনুযায়ী বিশ্বের সামগ্রিক জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা দশমিক ২ শতাংশ। তাই জাতিসংঘ জলবায়ু তহবিল (কানকুন গ্রিন ফান্ড) থেকে বাংলাদেশ অভিযোজন বাবদ অর্থ বরাদ্দ চায়।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ক্লাইমেট চেঞ্জ ইউনিটের কারিগরি বিভাগ জমা পড়া চার হাজার বেসরকারি ও সরকারি প্রকল্প প্রস্তাবনা গ্রহণ করে। ‘অভিযোজন’, ‘কার্বন প্রশমন’, ‘খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য’, ‘সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা’, ‘অবকাঠামো’, ‘গবেষণা ও জ্ঞান ব্যবস্থাপনা’, ‘সক্ষমতা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ’ বিষয়ে ভাগ করে তা পর্যালোচনা ও প্রাথমিক বাছাই করে তারা। ৫৩টি বেসরকারি ও ৪৪টি সরকারি প্রকল্পকে ট্রাস্টি বোর্ডের কাছে পাঠানো হয়। ট্রাস্টি বোর্ড তা পর্যালোচনা করে নীতিগত অনুমোদন দিয়েছে। সরকারের নয়জন মন্ত্রী ও তিনজন সচিব এবং দুজন সুশীল সমাজের প্রতিনিধি জলবায়ু পরিবর্তন তহবিল ট্রাস্টি বোর্ডের সদস্য। মন্ত্রীরা হচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক, পানিসম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। বেসরকারি প্রতিনিধিদের মধ্যে রয়েছেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ ও বুয়েটের সহ-উপাচার্য হাবিবুর রহমান।জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের সদস্য ও বাংলাদেশ সরকারের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সমঝোতাকারী দলের প্রধান অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান প্রথম আলোকে বলেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতায় গঠন করা ছয়টি কমিটি প্রকল্পগুলো মূল্যায়ন করে চূড়ান্ত অনুমোদন দেওয়ার জন্য ট্রাস্টি বার্ডের কাছে পাঠিয়েছে। প্রকল্প প্রস্তাবনাগুলো কত ভালো হয়েছে তার ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে। তবে এনজিওগুলোর যদি জলবায়ু পরিবর্তনবিষয়ক কাজে দক্ষতা ও অভিজ্ঞতা না থাকে, তাহলে ট্রাস্টি বোর্ড তা বাতিল করতে পারে। নীতিমালা শুধু কাগজে-কলমে: ২০১০ সালের ১৫ মার্চ পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে জারি করা জলবায়ু পরিবর্তনবিষয়ক নীতিমালায় বলা হয়, আবেদনকারী এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠানের জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, জীবন-জীবিকা এবং জলবায়ু পরিবর্তন-সম্পর্কিত স্বাস্থ্যসেবা ইত্যাদি বিষয়ে পূর্ব অভিজ্ঞতা ও উপযুক্ত প্রশাসনিক জনবল থাকতে হবে। এ সব ক্ষেত্রে অভিজ্ঞ এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠানকে আবেদন করতে উৎসাহিত করা হবে।আর্থিক ব্যবস্থাপনয় স্বচ্ছতা প্রমাণের পক্ষে বরাদ্দ পাওয়া এনজিও প্রতিষ্ঠানগুলোর হালনাগাদ নিরীক্ষিত প্রতিবেদন জমা দিতে হবে। যে এলাকার জন্য আবেদন করবে, সে এলাকায় তাদের নিজস্ব অফিস ও উপযুক্ত জনবল থাকতে হবে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে অর্থ বরাদ্দ পেতে এনজিওদের সর্বোচ্চ পাঁচ কোটি টাকা ও সরকারি প্রকল্পে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে বলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রস্তাবনা আহ্বান করা হয়। আবেদনকারী বেশির ভাগ এনজিও সাড়ে চার থেকে পাঁচ কোটি টাকা চেয়েছিল। প্রকল্প যাচাই-বাছাই করে ট্রাস্টি বোর্ডের কাছে তা উত্থাপনের পর বেশির ভাগ এনজিও প্রকল্পকে ১০ থেকে ৫০ লাখ টাকায় নামিয়ে এনে নীতিগত অনুমোদন দেওয়া হয়। এনজিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থ আড়াই কোটি টাকা বরাদ্দের জন্য অনুমোদন পেয়েছে বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি)। এ সংস্থাটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হলেন ট্রাস্টি ফান্ড বোর্ডের সদস্য অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান। বিভিন্ন সরকারি নথি ও আলোচনায় বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বিপন্ন এলাকা হিসেবে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর কথা উল্লেখ করা হয়ে থাকে। জাতিসংঘের আন্তসরকার জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত প্যানেলের (আইপিসিসি) প্রতিবেদনে বলা হয়েছে, দরিদ্রপ্রধান এলাকাগুলো বেশি ঝুঁকিতে পড়বে।যুক্তরাজ্য সরকার ও লন্ডন স্কুল অব ইকোনমিকসের যৌথ উদ্যোগে ২০০৬ সালে প্রকাশিত স্টান রিভিউ অন দ্য ইকোনমিকস অব ক্লাইমেট চেঞ্জ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে দরিদ্র দেশ ও দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ফলে দরিদ্রদের জন্য জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিতে হবে। পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ ২০০৪ সালের খানা জরিপ অনুযায়ী খুলনা ও বরিশাল বিভাগে সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাস। ঢাকা ও চট্টগ্রামের অধিবাসীদের গড় আয় ও দারিদ্র্য হ্রাসের হার বেশি।প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বরাদ্দ পাওয়া এনজিওগুলো সঠিকভাবে কাজ করবে কি না, তা পর্যবেক্ষণ করতে প্রতিটি জেলায় সংশ্লিষ্ট সরকারি বিভাগ, জেলা প্রশাসক কার্যালয়ের একজন কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের একজন প্রতিনিধি নিয়ে কমিটি করা হয়েছে। তারা প্রকল্পগুলো নিয়মিতভাবে মূল্যায়ন ও তদারকি করবে।