জলবায়ু তহবিল পাওয়া ৬৩ এনজিওর অর্ধেক অনভিজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক যাচাই-বাছাইয়ের পর সরকার ৬৩টি বেসরকারি সংস্থাকে (এনজিও) জলবায়ু পরিবর্তন মোকাবিলা তহবিল দিতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, অনুমোদন পাওয়া এনজিওগুলোর ৩১টির জলবায়ু পরিবর্তন নিয়ে কাজের অভিজ্ঞতা নেই। ১০টি এনজিও ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত। সরকারের অন্য প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কালো তালিকাভুক্ত হয়েছিল এমন প্রতিষ্ঠানও তহবিল পেয়েছে।জলবায়ু পরিবর্তন মোকাবিলা তহবিল অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের (সিসিটিএফ) ১৬ সদস্যের পরিচালনা বোর্ড। সিসিটিএফ সূত্র জানায়, চলতি বছরের শুরুতে ৫৫টি সংস্থাকে তহবিল পাওয়ার বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়। পরে সেপ্টেম্বর মাসে আরও আটটি সংস্থাকে অনুমোদন দেওয়া হয়। সংস্থাগুলোকে অর্থ ছাড় দেওয়ার প্রক্রিয়া চলছে।প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, অনুমোদন পেয়েছে এমন ১০টি এনজিওর নির্বাহী পরিচালক, সভাপতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। এসব এনজিওকে তহবিল দিতে দলটির শীর্ষস্থানীয় ও প্রভাবশালী নেতা থেকে স্থানীয় সাংসদেরা সুপারিশ করেছেন। এদের মধ্যে বেশ কয়েকটি এনজিওর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ রয়েছে।অনুসন্ধানে আরও জানা যায়, ৫৫টি এনজিওকে জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রকল্পে ২০ কোটি টাকা দেওয়া হবে, যার মধ্যে শুধু গাছ লাগানোর জন্য ১৭টি এনজিওকে দেওয়া হবে চার কোটি টাকার বেশি। বেশির ভাগ এনজিও জানায়, প্রতিটি গাছ কেনার জন্য তারা পাঁচ-সাত টাকা বরাদ্দ রেখেছে। তারা আকাশমণি, বেনজিয়ামসহ আগ্রাসী প্রজাতির গাছ লাগাবে। কারণ ফুল-ফল ও দেশি প্রজাতির কাঠগাছের প্রতিটি চারার দাম ১০-১৫ টাকা। এ জন্য কম দামি চারা কিনতে গিয়ে আগ্রাসী প্রজাতির দিকে ঝুঁকছে এনজিওগুলো। তবে বিশেষজ্ঞরা এতে পরিবেশগত ক্ষতির আশঙ্কা করছেন।গত বছরের শুরুতে জলবায়ু তহবিল দেওয়ার জন্য সরকার ১০৫টি এনজিওকে চিহ্নিত করে। এদের মধ্যে ৫৩টিকে তহবিল দেওয়ার বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বাকিগুলোকে বিবেচনাধীন রাখা হয়। নীতিগত অনুমোদন পাওয়া ৫৩টি এনজিওর ওপর অনুসন্ধানের পর প্রথম আলো একটি প্রতিবেদন ছাপায়। তাতে দেখা যায়, ৪০টি এনজিওর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দক্ষতা নেই। ১১টি এনজিওর কর্ণধার আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী। চারটি এনজিওর কার্যালয় ও জনবল নেই।ওই প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি অনুসন্ধানের জন্য সরকার পল্লি দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান ফাউন্ডেশনকে (পিকেএসএফ) দায়িত্ব দেয়। প্রায় চার মাস পর পিকেএসএফ ৬৩টি এনজিওকে অর্থ দেওয়া যায় বলে সুপারিশ করে। ওই সুপারিশে আওয়ামী লীগের নেতাদের আটটি এনজিও ও জনবল-কার্যালয়হীন কয়েকটি এনজিও বাদ পড়ে।পিকেএসএফের সুপারিশে নাম আসা এনজিওগুলোর অর্ধেকেরই জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করার অভিজ্ঞতা নেই। বেশির ভাগ সংস্থা মূলত কাজ করে ক্ষুদ্রঋণ, শিক্ষা ও প্রতিবন্ধীদের নিয়ে। বেশ কিছু সংস্থা সম্প্রতি জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ শুরু করেছে।এ প্রসঙ্গে বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হলে আমরা তা আমলে নিই। চূড়ান্ত অনুমোদন দেওয়ার আগে পিকেএসএফকে এনজিওগুলো সম্পর্কে খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়। পিকেএসএফ যে সুপারিশ করেছে, সে অনুসারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এখানে সরকারের কোনো হাত ছিল না।’তবে পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমেদ প্রথম আলোকে বলেন, সরকারের জলবায়ু পরিবর্তন ইউনিট পাঁচ হাজার এনজিও থেকে বাছাই করে ১০৫টি এনজিওকে তহবিল দেওয়ার বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছিল। পিকেএসএফকে ওই ১০৫টি এনজিওর মধ্যে খতিয়ে দেখতে বলা হয়েছে, এর বাইরে কোনো এনজিওর বিষয়ে সুপারিশ করা হয়নি। এদের মধ্যে অপেক্ষাকৃত ভালো ৬৩টি এনজিওকে অনুমোদন দেওয়ার সুপারিশ করা হয়েছে। এনজিওগুলোর জনবল ও কার্যালয় আছে কি না—এ দুটি বিষয় মাথায় রেখে পিকেএসএফ সুপারিশ করেছে।বাদ পড়া প্রভাবশালীরা: প্রথমবার আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাদের ১১টি এনজিওর প্রস্তাবিত প্রকল্পকে অর্থ বরাদ্দের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। পিকেএসএফের অনুসন্ধানে এর মধ্যে আটটি বাদ পড়েছে।বাদ পড়া এনজিওগুলোর মধ্যে রয়েছে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদীর বাবা শেখ মকবুল আহমদের নামে গড়ে তোলা এনজিও ‘আসমাস’। নেত্রকোনার দুর্গাপুরের এনজিও ‘দেশ’। দেশ-এর নির্বাহী পরিচালক দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রঞ্জন কুমার দাস ও পরামর্শক নেত্রকোনা-১ আসনের আওয়ামী লীগের সাংসদ মোস্তাক আহমেদ।এ ছাড়া জয়পুরহাট সদর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম পরিচালিত সংস্থা ভিলেজ ডেভেলপমেন্ট অরগানাইজেশন (ভিডিও); সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল কবীর পরিচালিত বাংলাদেশ রুরাল অ্যাডভান্স লীগ (বারাল); হাইমচরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পরিচালিত পপুলারিটি ওয়েলফেয়ার সোসাইটি, সাবেক সাংসদ ও পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পাঞ্জাব বিশ্বাস পরিচালিত প্রোগ্রেসিভ পলিসি ফর লাইফ (পিপিএল); আওয়ামী লীগের কর্মী নুসরাত চৌধুরী পরিচালিত ছায়াপথ; আওয়ামী সাংস্কৃতিক জোটের সদস্য রফিকুল ইসলাম পরিচালিত চট্টগ্রামভিত্তিক এনজিও বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটি চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে।অভিজ্ঞ মাত্র সাতটি: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা ও দক্ষতা আছে এমন মাত্র সাতটি সংস্থা এবার তহবিল পেয়েছে। সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস), বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ (বিসিএএস), বাংলাদেশ উন্নয়ন পরিষদ, ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্ট (ন্যাকম), ব্রতি, উত্তরণ, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (পিআরডিআই)—এই সাতটি প্রতিষ্ঠানকে মোট পাঁচ কোটি ৪০ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে।তবে এ সংস্থাগুলো বাদে আরও ৮ থেকে ১০টি এনজিওকে অনুমোদন দেওয়া হয়েছে, যারা জলবায়ু পরিবর্তন নিয়ে দু-একটি প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল। এসব এনজিওর বেশির ভাগ তিন-চার বছর ধরে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছে।