জলবায়ু তহবিলের টাকা ধনীরা কেড়ে নিলে বিপর্যয় সৃষ্টি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনে পর্যুদস্ত বাংলাদেশের মানুষের নিজ উদ্যোগেই সাহসিকতার সঙ্গে ঝুঁকি মোকাবিলার প্রয়াস প্রশংসিত হয়েছে। আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় কোটি কোটি টাকা আসছে অভিযোজন তহবিলে। কিন্তু ওই টাকা ধনীরা কেড়ে নিলে তা সবচেয়ে বড় বিপর্যয়ের সৃষ্টি করবে। অ্যাকশন এইডের প্রধান নির্বাহী জোয়ানা কার ১৪ মার্চ প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ওই অভিমত দিয়েছেন। দক্ষিণ আফ্রিকা-ভিত্তিক আন্তর্জাতিক সাহায্য সংস্থাটির প্রধান গুলশানে অবস্থিত বাংলাদেশ কার্যালয়ে আলাপচারিতার সময় খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন বিষয়ে তাঁর সংগঠনের দৃষ্টিভঙ্গি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন। জোয়ানা কার জানান, গত জুলাই মাসে অ্যাকশন এইডের প্রধান নির্বাহী পদে যোগ দেওয়ার পর তিনি বাংলাদেশসহ ১৮টি দেশ সফর করেছেন। মূলত অ্যাকশন এইডের আগামী ছয় বছরের কর্মকৌশল চূড়ান্ত করার লক্ষ্যে তিনি এ সফর করছেন। আগামী জুলাই মাসে তাঞ্জানিয়ার দার-এস-সালেমে অনুষ্ঠেয় অ্যাকশন এইডের আন্তর্জাতিক সম্মেলনে ওই কর্মকৌশল চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ২০০১ সালে প্রথমবারের মতো বাংলাদেশ সফর করেন জোয়ানা। সে সময় তিনি কানাডার অর্থায়নে পরিচালিত নারীর ক্ষমতায়নবিষয়ক একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। ১০ বছর পর বাংলাদেশের কোনো পরিবর্তন চোখে পড়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘গত এক দশকে এ দেশে কতটা পরিবর্তন হয়েছে, সেটা মাত্র ২৪ ঘণ্টার দেখা থেকে মূল্যায়ন করা সমীচীন হবে না। তবে এটা ঠিক, ঢাকার যে ব্যাপক পরিবর্তন হয়েছে, সেটা বিমানবন্দর থেকে রওনা দেওয়ার পর যে কারও চোখে পড়বে। প্রচুর স্থাপনা হয়েছে। সেবার মনে হয়েছিল, বিমানবন্দরটা শহরের বাইরে।’ জোয়ানা কার বলেন, ‘এ ছাড়া এখানকার অন্য পরিবর্তনটা হচ্ছে জলবায়ুর পরিবর্তনকে নিয়ে। ১০ বছর আগে বিষয়টি এখানকার নীতিনির্ধারকদের কাছে গুরুত্বের সঙ্গে বিবেচনার বিষয় ছিল না। কিন্তু এখন হয়েছে। শুধু সরকারই নয়, এ দেশের সমাজের সর্বস্তরের মানুষের কাছেই বিষয়টি এখন মনোযোগের কেন্দ্রবিন্দুতে। আবাদি জমি কতটা আছে, জলবায়ুর প্রভাব কীভাবে মোকাবিলা করা যায়, এসব এখন সবার আলোচনার বিষয়। তবে আমার সফরের ব্যাপ্তি আরও বেশি হলে, বাংলাদেশের গত এক দশকের মূল্যায়ন আরও গভীরভাবে করা যেত।’ ঢাকা সফরের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জোয়ানা কার বলেন, ‘বাংলাদেশে অ্যাকশন এইড কী করছে সেটা নিজের চোখে দেখা আমার এ সফরের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি আগামী ছয় বছরের জন্য আন্তর্জাতিক কর্মকৌশল প্রণয়ন করতে যাচ্ছে অ্যাকশন এইড। ওই কর্মকৌশলে বাংলাদেশের চাহিদার বিষয়গুলো কীভাবে সমন্বয় করা যায়, তা নিয়ে আলোচনাও অন্যতম লক্ষ্য। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে দারিদ্র্য বিমোচন ও বৈষম্য দূর করতে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া জরুরি, সেটা চিহ্নিত করা আমাদের জন্য অপরিহার্য।’জোয়ানা কার বলেন, ‘বাংলাদেশের প্রয়োজনের প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গটি সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করবে তাতে কোনো সন্দেহ নেই। বিশ্বের যেসব দেশে আমরা কাজ করছি তারা বাংলাদেশের মতো দুর্ভোগের শিকার হয়নি। আবার প্রশংসনীয় বিষয়টি হচ্ছে, এ দেশের মানুষ নিজেদের উদ্যোগেই সৃজনশীলতার সঙ্গেই ঝুঁকি মোকাবিলা করছে। সেটা ভয়াবহ বন্যাই হোক কিংবা দুর্বিষহ খরা।’ জোয়ানা জানান, তাঁদের অগ্রাধিকারের তালিকায় এরপর রয়েছে সামাজিক কর্মসংস্থানের বিষয়টি। কর্মসংস্থান কীভাবে সৃষ্টি করা যায়, এ ব্যাপারে অ্যাকশন এইড লোকজনকে পরামর্শ দিচ্ছে। তাঁর মতে, নারীর প্রয়োজনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিশেষ করে জমিতে অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশের নারীদের অর্জন সেটি অ্যাকশন এইডকে আগামী দিনের কর্মকৌশল প্রণয়নে সহায়তা করবে। সংস্থাটির প্রধান নির্বাহীকে বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর আন্দোলন মুগ্ধ করেছে। তিনি বলেন, ‘আদিবাসী জনগোষ্ঠী যেভাবে নিজেদের সংগঠিত করেছে, ভূমিতে নিজেদের অধিকারের পাশাপাশি নিজেদের স্বীকৃতি আদায়ের বিষয়ে যেভাবে এগিয়েছে সেটিও প্রশংসনীয়। আমি মনে করি, এ দেশের গণমাধ্যম তাদের প্রতি সহমর্মিমতা দেখিয়েছে। ফলে তারা এগোতে পেরেছে। আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কীভাবে সমাজে বেশি মাত্রায় ভিন্নমত, অনেক জাতিগোষ্ঠীকে ধারণ করে এগোনোর মাধ্যমে কার্যকর অর্থেই গণতান্ত্রিক করা যায়। কীভাবে সব শ্রেণীর মানুষের জীবন ও জীবিকার নিশ্চয়তা দেওয়া যায়, আদিবাসী জনগোষ্ঠী কীভাবে তাদের দাবি আদায়ে সোচ্চার হয়েছে এবং সরকারের কাছ থেকে স্বীকৃতি পেয়েছে, বাংলাদেশ থেকে আমরা সেই শিক্ষাটা পেয়েছি।’ প্রতিষ্ঠানটির কাজের অন্যতম প্রধান ক্ষেত্র খাদ্যনিরাপত্তা। সাম্প্রতিক সংকটের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে জোয়ানা কার বলেন, ‘খাদ্যনিরাপত্তা ও অনাহার হচ্ছে শ্রেণীবৈষম্যের ফসল। ধনী-দরিদ্রের এ বৈষম্য যেমন মানুষে মানুষে আছে, তেমনি আছে এক দেশের সঙ্গে আরেক দেশের। তাই এ সমস্যা ঘুচাতে ভবিষ্যতে একটি বিকল্প অর্থনৈতিক মডেল তৈরির কথা আমরা ভাবছি। যেখানে খাদ্যনিরাপত্তাটা এমন হবে যার ফলে ভূমিতে নারীর অধিকার নিশ্চিত হবে। যেখানে নাগরিক জীবনে খাদ্য বণ্টনের প্রক্রিয়া এমন হবে, যাতে একটি শিশুও না খেয়ে ঘুমাতে যাবে না। এর মানে আমাদের সম্পদের পুনর্বণ্টন এমনভাবে করতে হবে, যাতে করে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের খাবার সরবরাহের ব্যবস্থা থাকতে হবে। পাশাপাশি করপোরেট সংস্থা ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর কর দেওয়াটা নিশ্চিত করতে হবে, যার ফলে সরকার সম্পদের পুনর্বণ্টন করতে পারেন। এতে প্রত্যেক নাগরিক মর্যাদার সঙ্গে জীবন যাপনের সুযোগ পাবে। কথাগুলো খুব আদর্শবাদী মনে হতে পারে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, মানুষকে মর্যাদা নিয়ে জীবন যাপনের সুযোগ করে দিতে এ ধরনের পদক্ষেপ নিতেই হবে।’জোয়ানা বলেন, ‘সারা পৃথিবীতে ধনী-দরিদ্রের বৈষম্য বাড়ছে। কোথাও কোথাও দারিদ্র্য হয়তো কমেছে। কিন্তু বৈষম্য বেড়েই চলেছে। এ সমস্যার কারণ খুঁজতে গিয়ে দেখেছি, বিপুল সম্পদ এ সংকট তৈরি করেছে। আর এ সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা সরকারগুলোকে অনেক বেশি ক্ষমতা ফিরিয়ে দিতে চাই, যাতে করে রাষ্ট্র তার নাগরিকদের দেখভালের দায়িত্ব নিতে পারে। পাশাপাশি লোকজন যাতে সংগঠিত হয়ে খাদ্য ও শিক্ষার পাশাপাশি সহিংসতার হাত থেকে বাঁচার দাবিতে সোচ্চার হয়, সে ব্যাপারে তাদের সহায়তা করতে চাই। জোয়ানা কার বলেন, স্থানীয় সরকারের সঙ্গে সরাসরি কাজ করতে আগ্রহী অ্যাকশন এইড। কারণ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে স্থানীয় সরকার। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দরিদ্র জনগোষ্ঠীকে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে অভিযোজন তহবিলের মাধ্যমে কোটি কোটি টাকা আসছে। কিন্তু সবচেয়ে বড় বিপর্যয়টা ঘটবে যদি বিপুল বিত্তের অধিকারী লোকজন, যাদের এ টাকার প্রয়োজন নেই, তারা যদি এ অর্থ কেড়ে নেন; সেটি হবে সবচেয়ে বড় বিপর্যয়ের। কাজেই দরিদ্র জনগোষ্ঠী কীভাবে ওই অভিযোজন তহবিলের টাকা পেতে পারেন, সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে স্থানীয় সরকার। দরিদ্র মানুষের কাছে ওই অর্থ পৌঁছানো নিশ্চিত করা গেলে, তারা ভবিষ্যতে আরও সাফল্যের সঙ্গে বুক চিতিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করতে পারবে। প্রসঙ্গত, জোয়ানা কার তিন দিনের সংক্ষিপ্ত সফরে ১৩ মার্চ ঢাকায় আসেন। এ সফরের সময় তিনি সরকারি ও বেসরকারি পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তিনি ১৫ মার্চ ঢাকা ছেড়ে গেছেন।