সরকার ৩৭টি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবছর প্রায় আট হাজার কোটি টাকা জলবায়ু পরিবর্তন খাতে ব্যয় করে। এসব প্রকল্প বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বাস্তবায়িত হয়। এর বাইরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গত তিন বছরে মোট তিনটি স্বতন্ত্র তহবিল গঠন করা হয়েছে। পাঁচ হাজার কোটি টাকার এসব তহবিলের আওতায় এমন সব প্রকল্প নেওয়া হচ্ছে, যা এডিপির মধ্যেই রয়েছে। পরিকল্পনা কমিশনের বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে সরকারি ব্যয় নামের একটি সমীক্ষা প্রতিবেদনে এসব তথ্য বেরিয়ে এসেছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় এক বছর ধরে পরিচালিত গবেষণার ভিত্তিতে তৈরি ১৭০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়েছে, আলাদা তিনটি তহবিলের মাধ্যমে অর্থ ব্যয় প্রক্রিয়ায় সরকারি কার্যবিধি লঙ্ঘন, দুর্বল আইনি কাঠামো দিয়ে কার্যক্রম পরিচালনা ও অস্বচ্ছতা দেখা দিয়েছে। সরকারি প্রকল্প প্রণয়ন, মূল্যায়ন ও তদারকি প্রক্রিয়ার বাইরে থাকায় জলবায়ু তহবিলের ব্যবহারের কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে সব মিলিয়ে সরকারের জলবায়ু পরিবর্তন মোকাবিলার কাজ সমন্বয়হীন এবং জোড়াতালি দিয়েই চলছে। পরিকল্পনা কমিশনের সূত্রগুলো বলছে, জলবায়ু তহবিলগুলোর মাধ্যমে ব্যয় করা অর্থের বড় অংশই ব্যবস্থাপনাগত ত্রুটি ও সমন্বয়হীনতার কারণে মূল সুবিধা-ভোগীদের কাছে পৌঁছাচ্ছে না। আবার একই লক্ষ্য নিয়ে একই ধরনের প্রকল্প এডিপি ও জলবায়ু তহবিলের মাধ্যমে বাস্তবায়িত হওয়ায় বড় অঙ্কের অর্থের অপচয় হচ্ছে। সরকারের জলবায়ু পরিবর্তনবিষয়ক কৌশলপত্রে জলবায়ু পরিবর্তনকে মূল ধারার অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে একাত্ম করার কথা বলা হয়েছে। অথচ ভিন্ন পথ অনুসরণ করে একের পর এক তহবিল গঠন করা হচ্ছে। এ পর্যন্ত সরকারি, উন্নয়ন-সহযোগী দেশ এবং বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে তহবিল তিনটি গঠন করা হয়েছে। প্রতিটি তহবিলের জন্য রয়েছে আবার আলাদা কর্তৃপক্ষ। এ বিষয়ে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্যসচিব শামসুল আলম প্রথম আলোকে বলেন, সরকারের জলবায়ু পরিবর্তনবিষয়ক কৌশলপত্রে জলবায়ু পরিবর্তনবিষয়ক কার্যক্রমকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছিল। কিন্তু সে লক্ষ্য আর অর্জিত হয়নি। তাই সবগুলো জলবায়ু তহবিলকে এডিপি প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় যুক্ত করা উচিত। দ্রুত করতে গিয়ে: এডিপি প্রকল্পগুলোর বাস্তবায়নের গতি ধীর—এই যুক্তিতে তিনটি তহবিলের মাধ্যমে সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে। এর মধ্যে সরকারি অর্থায়নে আড়াই হাজার কোটি টাকার বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (বিসিসিটিএফ) পরিচালিত হচ্ছে একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে। উন্নয়ন-সহযোগী দেশগুলোর অর্থায়নে দেড় হাজার কোটি টাকার বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়ান্স ফান্ড (বিসিসিআরএফ) পরিচালনা করছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক ও এডিবির অর্থায়নে প্রায় এক হাজার কোটি টাকার পাইলট প্রোগ্রাম অন ক্লাইমেট রেজিলিয়ান্স (পিপিসিআর) তহবিলটি ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এডিবি। ২০০৯ সালে সরকারি অর্থায়নে বিসিসিটিএফ গঠনের সময় বলা হয়েছিল, সরকারের নিয়মিত উন্নয়ন প্রকল্পগুলোর অনুমোদন, অর্থছাড় ও বাস্তবায়নের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা রয়েছে। কিন্তু জলবায়ু পরিবর্তন একটি জরুরি বিষয়, তাই দ্রুততার সঙ্গে বাস্তবায়ন শুরু করতে হবে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতায় জলবায়ু পরিবর্তন ইউনিট স্থাপন করা হয় প্রকল্পগুলোর কারিগরি দিক মূল্যায়নের জন্য। প্রকল্প অনুমোদন দেওয়ার জন্য আটজন মন্ত্রীসহ ১৩ সদস্যের জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। আর অর্থ ছাড় করার দায়িত্ব থাকে অর্থ মন্ত্রণালয়ের হাতে। সম্প্রতি সরকার বিসিসিটিএফকে একটি ট্রাস্ট হিসেবে ঘোষণা করেছে। ট্রাস্ট সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ১৩৯টি প্রকল্পের আওতায় মোট এক হাজার ৫৩১ কোটি ৮৯ লাখ টাকা ও ৬৩টি বেসরকারি সংস্থার নামে ২৫ কোটি ছয় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা এসব বরাদ্দ পেয়েছে। সাধারণভাবে সরকারের এডিপি বাস্তবায়নের হার ৯০ শতাংশের বেশি। অথচ জলবায়ু পরিবর্তন তহবিলের প্রকল্পগুলোর অগ্রগতির হার ২০ থেকে ২৫ শতাংশ। ফলে জরুরি ভিত্তিতে বাস্তবায়নের কথা বলা হলেও সবচেয়ে ধীরগতিতে এর বাস্তবায়ন হচ্ছে। গোড়ায় গলদ: বিসিসিআরএফ ও পিপিসিআর নামের দুটি তহবিলের কারিগরি ব্যবস্থাপনার দায়িত্ব বিশ্বব্যাংক ও এডিবির হলেও এর তদারককারী পরিবেশ ও বন মন্ত্রণালয়। অথচ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নিজেদের এডিপি বাস্তবায়নের হার অন্য মন্ত্রণালয়গুলোর তুলনায় পিছিয়ে। চলতি ২০১২-১৩ অর্থবছরের সর্বশেষ হিসাব অনুযায়ী, এডিপি বাস্তবায়নের দিক থেকে ৫৪টি মন্ত্রণালয়ের মধ্যে তাদের অবস্থান ৪২তম। পরিকল্পনা কমিশনের তৈরি করা প্রতিবেদনে জলবায়ু পরিবর্তন মোকাবিলা কার্যক্রমের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আইন ও কার্যবিধিগত বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য যে কার্যবিধি তৈরি করা হয়েছে, তাতে জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়টি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কাজের এখতিয়ারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার সরকারের বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) থেকে কোনো পরিদর্শন ও মূল্যায়নও হচ্ছে না। ফলে সামগ্রিকভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এই তিন তহবিল কতটা কার্যকর ভূমিকা রাখতে পারছে, তা নিয়েও বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ এসব বিষয়ে প্রথম আলোকে বলেন, যাঁরা এই প্রতিবেদনটি তৈরি করেছেন, তাঁরা জলবায়ু ট্রাস্ট ফান্ড সম্পর্কে ভালোমতো খোঁজ নেননি। কেননা, জলবায়ু ট্রাস্ট ফান্ডটি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৈরি এবং জাতীয় সংসদে অনুমোদন হওয়া আইন দিয়ে পরিচালিত হচ্ছে। পরিবেশ ও বন মন্ত্রণালয় এর সাচিবিক দায়িত্ব পালন করছে। পরিবেশমন্ত্রী দাবি করেন, সরকারের অন্য মন্ত্রণালয় থেকে এমনকি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নিজস্ব প্রকল্পগুলোর চেয়েও জলবায়ু তহবিলের প্রকল্পগুলোর বাস্তবায়নের গতি বেশি। ফলে প্রতিবেদনে যেসব তথ্য ও বিশ্লেষণ হাজির করা হয়েছে, তা সঠিক নয়। ব্যবস্থাপনাতেই বেশি খরচ: পরিকল্পনা কমিশনের গবেষণার সঙ্গে যুক্ত গবেষকেরা জানিয়েছেন, বেশির ভাগ প্রকল্পের ব্যবস্থাপনা খরচ বা ওভারহেড কস্ট সাধারণত মোট বরাদ্দের ১০ থেকে ১৫ শতাংশ অর্থ ধরা হয়। এ ছাড়া ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়ান্স ফান্ডের কারিগরি ব্যবস্থাপনা বাবদ বিশ্বব্যাংক মোট বরাদ্দের ৭ শতাংশ কেটে রাখছে। পিপিসিআর তহবিলের ক্ষেত্রে এডিবি প্রায় সমপরিমাণে অর্থ কেটে রাখছে। এর বাইরে প্রতিটি প্রকল্পের ব্যবস্থাপনা খরচ বাবদ ১০ থেকে ১৫ শতাংশ, অর্থাৎ জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্দ দেওয়া পাঁচ হাজার কোটি টাকার মধ্যে প্রায় এক হাজার কোটি টাকা ব্যবস্থাপনা খরচ বাবদ চলে যাচ্ছে। সবশেষে পরিকল্পনা কমিশনের প্রতিবেদনে জলবায়ু তহবিলের নেতৃত্বদানকারী মন্ত্রণালয়কে শুধু কারিগরি দিক দেখভালের দায়িত্ব দিয়ে বাকি কার্যক্রম পরিকল্পনা মন্ত্রণালয় এবং অর্থছাড়ের দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে।