জলবায়ু তহবিলের ব্যবস্থাপনা নিয়ে তর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) কার্যকর করা নিয়ে ডারবান জলবায়ু সম্মেলনে তর্ক-বিতর্ক জমে উঠেছে। এই তহবিলের ব্যবস্থাপনা চূড়ান্ত করা নিয়ে অন্তর্বর্তীকালীন কমিটি একটি খসড়া প্রতিবেদন চূড়ান্ত করেছে। তা অনুমোদনের জন্য মন্ত্রী পর্যায়ের বৈঠকে তোলার আগেই আপত্তি তুলেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। বাংলাদেশসহ স্বল্পোন্নত রাষ্ট্রগুলো এই তহবিলের ব্যবস্থাপনা দ্রুত চূড়ান্ত করে অর্থ ছাড় করার ব্যাপারে ইতিমধ্যেই দাবি তুলেছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও এই তহবিল আগামী বছর থেকে ছাড় করার প্রস্তাব করা হয়েছে।সৌদি আরব সরকারের প্রতিনিধি আল সাবান গতকাল বৃহস্পতিবার তাঁদের পুরোনো অবস্থান আবার তুলে ধরে বলেছেন, কার্বন নিঃসরণ এমনভাবে কমানো উচিত না, যাতে তা কোনো একটি দেশের ওপর চাপ তৈরি হয়। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি তেল উ ৎ পাদনকারী দেশ সৌদি আরবের আশঙ্কা, কার্বন নিঃসরণ কমানোর শর্ত থাকলে তাদের তেল বিক্রি কমে যাবে।জিসিএফ-সংক্রান্ত কমিটির সুপারিশে তহবিল ব্যবস্থাপনার দায়িত্ব এখন পর্যন্ত জাতিসংঘের আওতায় থাকবে। কিন্তু যুুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তারা জাতিসংঘের মাধ্যমে না গিয়ে তৃতীয় একটি পক্ষের মাধ্যমে এই তহবিল ব্যবস্থাপনা চায়। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বা অন্য কোনো সংস্থার মাধ্যমে এই অর্থ ছাড় হোক।বাংলাদেশ সরকারের জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রতিনিধিদলের সমন্বয়কারী অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, গ্রিন ক্লাইমেট ফান্ড নিয়ে এখন পর্যন্ত অগ্রগতি কম। তবে বাংলাদেশ তার স্বার্থের দিক বিবেচনা করে অভিযোজন বাবদ বেশি বরাদ্দ চাইছে। মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হলে তহবিল ব্যবস্থাপনা নিয়ে অনিশ্চয়তা কেটে যাবে বলে খলীকুজ্জমান আশা করেন।তবে জলবায়ু তহবিল নিয়ে আরও কিছু জটিলতা রয়ে গেছে। কানকুন সম্মেলনে বলা হয়েছিল, ২০০৯ থেকে ২০১২ সাল নাগাদ মোট ৩০ বিলিয়ন ডলারের প্রথম পর্যায়ের তহবিল ঘোষণা করতে হবে। ২০২০ সাল নাগাদ ওই তহবিল ১০০ বিলিয়ন ডলারে উত্তীর্ণ হয়ে গ্রিন ক্লাইমেট ফান্ড হিসেবে কার্যকর হবে। কিন্তু ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তন মোকাবিলার অর্থায়ন কীভাবে হবে, তা অনিশ্চিত ছিল। গতকালের অধিবেশনে জি-৭৭ ও স্বল্পোন্নত রাষ্ট্রগুলোর জোটের (এলডিসি) সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে গ্রিন ক্লাইমেট ফান্ড নিয়ে সুনির্দিষ্টভাবে তিনটি প্রস্তাব দেওয়া হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মেসবাহ-উল-আলম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বাংলাদেশ কানকুন গ্রিন ফান্ড থেকে সরাসরি অর্থ পাওয়ার নিশ্চয়তা চাইছে। এই দাবিগুলো প্রতিটি ফোরামেই বাংলাদেশের পক্ষ থেকে তোলা হচ্ছে।এলডিসির পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই তহবিলের প্রাথমিক ব্যবস্থাপনায় জলবায়ু অভিযোজন বাবদ ১৭ শতাংশ বরাদ্দ ছিল। বাকি অর্থায়ন কার্বন নিঃসরণ বাবদ বরাদ্দের প্রস্তাব ছিল। এলডিসি রাষ্ট্রগুলোর পক্ষে প্রস্তাব করা হয়েছিল, অভিযোজন ও কার্বন নিঃসরণ বাবদ অর্ধেক বরাদ্দ থাকতে হবে। পরে খসড়া প্রস্তাবে ভারসাম্যপূর্ণ বরাদ্দের কথা বলা হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্টের (বিআইডিএস) গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান অবশ্য কিয়োটো প্রটোকল ও ক্লাইমেট গ্রিন ফান্ড—এই দুই বিষয় নিয়ে অচলাবস্থার কারণ হিসেবে বিশ্বের রাজনৈতিক নেতৃত্বশূন্যতাকে দায়ী করেন। তাঁর মতে, বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের কারণে প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানেরা নিজ দেশে বিপাকে আছেন। ফলে তাঁদের পক্ষে কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার ও জলবায়ু তহবিলে অর্থায়নের বিষয়ে কোনো অঙ্গীকার করতে পারছেন না।