জলবায়ু তহবিলের স্বচ্ছতায় জাতীয় মঞ্চ গড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে একটি জাতীয় মঞ্চ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরী। আজ সোমবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত দিনব্যাপী এক আলোচনা সভায় তিনি এ সুপারিশ করেন।জলবায়ু তহবিলের অর্থ কোন খাতে কীভাবে ব্যয় হচ্ছে, তার তদারকি করা হবে এই মঞ্চের মাধ্যমে। তহবিল ব্যবস্থাপনায় কোনো অনিয়ম বা দুর্নীতি পাওয়া গেলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার ওই মঞ্চের থাকবে বলেও সুপারিশ করেন সাবের হোসেন চৌধুরী।জলবায়ু অর্থায়ন সুশাসন প্রকল্পের অংশ হিসেবে এ আলোচনার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আলোচনার মূল প্রবন্ধে সরকারের জলবায়ু ট্রাস্ট ফান্ডের ব্যবস্থাপনার ক্ষেত্রে বেশ কিছু অনিয়ম ও জবাবদিহির বিষয় তুলে ধরা হয়। যেমন: দেশের উপকূলীয় এলাকায় জলবায়ু-সহিষ্ণু আশ্রয়কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু অনিয়ম-দুর্নীতি ও স্থানীয় জনগণের মতামত গ্রহণ না করে প্রকল্প বাস্তবায়নের চিত্র তুলে ধরা হয়। এর ফলে স্থানীয় জনগণ ওই আশ্রয়কেন্দ্র থেকে কোনো সুবিধা পাচ্ছে না। এ ছাড়া উপকূলীয় এলাকায় আড়াআড়ি বাঁধ নির্মাণের মাধ্যমে হাজার হাজার গাছ কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। এ প্রসঙ্গগুলো তুলে ধরা বলা হয়, বেশির ভাগ প্রকল্প থেকে পরিবেশগত সমীক্ষণ করা হচ্ছে না।আলোচনায় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত প্রকল্পগুলোকে সরকারের অন্যান্য প্রকল্প থেকে আলাদা করে দেখতে হবে। কেননা, এটি আমাদের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত একটি বিষয়। এ ধরনের অব্যবস্থাপনা হলে এই খাতে বৈদেশিক সহায়তা পাওয়া কঠিন হয়ে যাবে। ফলে সরকারকে এ খাতে সর্বোচ্চ জবাবদিহির ব্যবস্থা করতে হবে।