জলবায়ু তহবিলের ২৬৮ কোটি টাকা বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ৩৪৫ জন সাংসদের প্রত্যেককে ২৫ হাজার করে (মোট ৮৬ লাখ ২৫ হাজার) গাছের চারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যাপকভিত্তিক বনায়নের উদ্দেশ্যে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা ও পুনর্বাসনমূলক ২৫টি প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। এসব প্রকল্পের মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের আইলাবিধ্বস্ত এলাকায় ঘূর্ণিঝড়-সহনীয় গৃহনির্মাণ প্রকল্প অন্যতম। এসব প্রকল্পে ২৬৮ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল থেকে এ টাকা দেওয়া হবে। আর সরকারি নার্সারিতে উত্পাদন করা গাছের চারা দেওয়া হবে সাংসদদের।গতকাল বৃহস্পতিবার বন ও পরিবেশ মন্ত্রণালয়ে জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ডের তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মিহিরকান্তি মজুমদার, বুয়েটের সহ-উপাচার্য হাবিবুর রহমান, বাংলাদেশ উন্নয়ন পরিষদের সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ প্রমুখ।পরিবেশ প্রতিমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার প্রতিরক্ষামূলক ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করবে। এ জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে বনায়ন কর্মসূচি অন্যতম উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেক সাংসদকে ২৫ হাজার করে গাছের চারা দেওয়া হবে। এ জন্য সরকার প্রতিবছর নিজস্ব নার্সারিতে চার কোটি চারা উত্পাদন করলেও এবার করবে ১০ কোটি। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় উন্নয়নে সাংসদদের সম্পৃক্ত রাখতে তাঁদের মাধ্যমে এসব চারা দেওয়া হবে। এতে স্থানীয় সরকার কোনোভাবেই দুর্বল হবে না। সাংসদেরা শুধু গাছগুলো কোথায় লাগানো হবে, তা নির্ধারণ করে দেবেন।জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, এটি একটি হাস্যকর সিদ্ধান্ত। কারণ গাছ কোথায় লাগানো দরকার, তা ভালো জানেন ইউপি সদস্য। তিনি বলেন, টিআর-কাবিখা কারা পাবে, বিধবা ভাতা কারা পাবে, কোন রাস্তা পাকা হবে—এসব নির্ধারণের দায়িত্ব সাংসদদের হাতেই দেওয়া হয়েছে। ইউপি সদস্যের কাজটিও সাংসদদের দেওয়া হলে স্থানীয় সরকার কীভাবে সবল হয়, তা বোধগম্য নয়।অপরদিকে আইলায় ক্ষতিগ্রস্ত এলাকায় ঘূর্ণিঝড়-সহনীয় গৃহনির্মাণসহ বিভিন্ন ধরনের পুনর্বাসনমূলক ২৫টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রকল্পের মধ্যে আছে খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের আইলাবিধ্বস্ত জেলায় ঘূর্ণিঝড়-সহনীয় গৃহনির্মাণ, বুড়িগঙ্গা ও তুরাগ নদীর বর্জ্য ও পলিথিন অপসারণ, বাগমারা থেকে দেপাড়া পর্যন্ত ধলেশ্বরী নদী খনন, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলার পানিপ্রবাহ সমস্যার সমাধান, উপকূলবর্তী এলাকায় ভূগর্ভস্থ পানির স্তরে লবণাক্ততার অনুপ্রবেশের কারণ চিহ্নিত করতে স্থায়ী পর্যবেক্ষণ ব্যবস্থা ও গাণিতিক মডেল সমীক্ষা, সারা দেশে জৈব আবর্জনার ব্যবহার, কেন্দ্রীয় অঞ্চলের কোর জোনে (যেখানে কখনো গাছ কাটা হবে না) জলবায়ু পরিবর্তন স্থিতিস্থাপক বনায়ন, উপকূলীয় এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ও বাঁধসংলগ্ন চর এলাকায় বনায়ন, জলবায়ু পরিবর্তন ইউনিটের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব দূর করা, জামালপুর ও শেরপুর জেলার ১৩টি চরাঞ্চলে প্রান্তিক কৃষকের খামারে উত্পাদন বৃদ্ধি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, মহাকাশ গবেষণা কেন্দ্রের সম্প্রসারণ ও দক্ষতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও জ্বালানিসংকট মোকাবিলায় সৌরবিদ্যুত্-চালিত সেচ প্রকল্প চালু করা, মাঠপর্যায়ের কর্মকর্তাদের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দক্ষতা বৃদ্ধি, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় খাল খনন, রাজধানীর কোর অঞ্চলে বনায়ন, মধুপুর বনাঞ্চলের ওপর নির্ভরশীল আদিবাসী ও স্থানীয় জনগণের পুনর্বাসনের জন্য বনায়ন, ধান গবেষণা ইনস্টিটিউটের লবণাক্ত-সহিষ্ণু বিভিন্ন ফসলের জাত বাছাই, টেকসই ফসলব্যবস্থা উদ্ভাবন ইত্যাদি।সভা শেষে পরিবেশ প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকার নিজস্ব উত্স থেকে ৭০০ কোটি টাকার তহবিল গঠন করেছে। এর মধ্যে ২৩৪ কোটি টাকা রাখা হয়েছে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য স্থায়ী আমানত হিসেবে।প্রতিমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের টাকায় কাজ করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আবেদন করে। প্রথমে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া ২৪৭টি আবেদন বিবেচনা করা হচ্ছে। কারিগরি কমিটির যাচাই-বাছাই শেষে তিন হাজার ৪১৮টি বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান উপযুক্ত হয়েছে। এগুলোর প্রকল্প প্রস্তাব আরও বাছাই করা হচ্ছে। প্রতিমন্ত্রীর ধারণা, ৩০০ বেসরকারি প্রতিষ্ঠান এই তহবিল থেকে টাকা পেতে পারে। তবে সরকারি প্রতিষ্ঠানকে আগে টাকা দেওয়া হবে।