প্রকল্প পেতে এনজিওগুলোর তত্পরতা
জলবায়ু তহবিলের ৪১০ কোটি টাকা পেতে পাঁচ হাজার প্রস্তাব
জাতীয় বাজেটে বরাদ্দ করা জলবায়ু পরিবর্তন তহবিলের টাকা পাওয়ার জন্য জোর তত্পরতা শুরু হয়েছে। ৪১০ কোটি টাকার জন্য প্রকল্প প্রস্তাব জমা পড়েছে প্রায় পাঁচ হাজার। এসব প্রকল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত হয়েছেন বিভিন্ন পর্যায়ের প্রভাবশালীরা। প্রকল্প অনুমোদনের জন্য তাঁদের তদবিরে অস্থির পরিবেশ ও বন মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কিছু প্রকল্প রয়েছে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত কর্মসূচির সঙ্গে যুক্ত। এসব প্রকল্পে ওই তহবিল থেকে অর্থ বরাদ্দ করা হবে। এ ছাড়া, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে কাজ করে—এমন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও (এনজিও) প্রকল্প প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শুধু পরিবেশ ও জলবায়ু বিষয়ে কর্মরত এনজিওর সংখ্যা দেশে ৫০টিও নয়। কিন্তু প্রকল্প প্রস্তাব জমা দিয়েছে তিন হাজারের মতো এনজিও। একটি এনজিও একাধিক প্রকল্প প্রস্তাবও জমা দিয়েছে, যার ফলে প্রস্তাব গিয়ে ঠেকেছে প্রায় পাঁচ হাজারে। অনেক এনজিও এই প্রকল্প পাওয়ার জন্য তাদের সংস্থার সঙ্গে সাংসদসহ প্রভাবশালী রাজনীতিকদের কোনোভাবে যুক্ত করে তাঁদের দিয়ে তদবির করাচ্ছে। যেসব এনজিও পরিবেশ কিংবা জলবায়ু পরিবর্তন বিষয়ে কখনো কাজ করেনি, অধিকাংশ ক্ষেত্রেই তারা জনসচেতনতা বৃদ্ধি করার জন্য প্রকল্প প্রস্তাব জমা দিয়েছে।জানতে চাইলে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, সচেতনতা বাড়ানোর কোনো প্রকল্পে অর্থ বরাদ্দ করা হবে না—এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। অর্থ পেতে হলে দৃশ্যমান কাজ ও অবদান থাকতে হবে। প্রকল্প প্রস্তাবগুলো বাছাই করার জন্য গঠিত ছয়টি উপকমিটি কাজ করছে।সচিব জানান, উপকমিটিগুলোর বাছাই করা প্রকল্প প্রস্তাবগুলো পাঠানো হবে পরিবেশসচিবের নেতৃত্বাধীন কারিগরি কমিটির কাছে। এই কমিটির সুপারিশের পর প্রস্তাবগুলো যাবে জলবায়ু তহবিল ব্যবস্থাপনার জন্য গঠিত ট্রাস্টি বোর্ডের কাছে। ১০ জন মন্ত্রী/প্রতিমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পাঁচজন সচিব এবং সরকারের অনুমোদিত দুজন বিশেষজ্ঞ প্রতিনিধির সমন্বয়ে মোট ১৭ সদস্যের এই ট্রাস্টি বোর্ড প্রকল্প অনুমোদনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।চলতি অর্থবছরের জাতীয় বাজেটে জলবায়ু পরিবর্তন তহবিলে ৭০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ওই ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই টাকার সর্বোচ্চ ৬৬ শতাংশ এই বছর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রকল্পে দেওয়া হবে। এতে টাকার পরিমাণ হয় ৪৬২ কোটি। বাকি ৩৪ শতাংশ বা ২৩৮ কোটি টাকা রাখা হবে জরুরি কোনো কাজে ব্যবহারের জন্য।ট্রাস্টি বোর্ডের আরও সিদ্ধান্ত হচ্ছে—এই তহবিল থেকে সরকারি খাতের একটি প্রকল্পে সর্বোচ্চ ২৫ কোটি এবং একেকটি এনজিও প্রকল্পে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হবে। এ জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে গত ১১ ডিসেম্বর প্রকল্প প্রস্তাব আহ্বান করে। গত ১৪ জানুয়ারি পর্যন্ত এই প্রস্তাব গ্রহণ করা হয়।তবে ইতিমধ্যে পাঁচটি প্রকল্পে (চারটি সরকারি ও একটি বেসরকারি) মোট ৫২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে সরকারি চারটি প্রকল্প হচ্ছে—সামাজিক বনায়নের জন্য ১০ কোটি চারা তৈরি; পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর ও বাঁধের বাইরে বনায়ন; ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ে জলবায়ু পরিবর্তন-বিষয়ক একটি আলাদা ইউনিট স্থাপন। বেসরকারি খাতে দেওয়া প্রকল্পটি হচ্ছে—জাহাজভাঙা শিল্পের পরিবেশ-প্রতিবেশগত প্রভাব নিরূপণের জন্য সমীক্ষা। এ বছর ব্যয়ের জন্য নির্ধারিত ৪৬২ কোটি টাকা থেকে এই ৫২ কোটি টাকা বরাদ্দ হওয়ার পর বাকি ৪১০ কোটি টাকা বরাদ্দের জন্য প্রায় পাঁচ হাজার প্রকল্প প্রস্তাব যাচাই-বাছাইয়ের কাজ চলছে। কবে নাগাদ এই প্রক্রিয়া শেষ হতে পারে জানতে চাইলে পরিবেশসচিব বলেন, ‘আমরা চলতি মাসের (ফেব্রুয়ারি) মধ্যেই ট্রাস্টি বোর্ডে পাঠানোর চেষ্টা করব।’