জলবায়ু পরিবর্তন কৌশলপত্র বাস্তবায়নে সহযোগিতা বাড়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের জলবায়ু পরিবর্তন কৌশলপত্র (বিসিসিএসএপি) বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা আরও বাড়ানোর জন্য বেলজিয়ামের প্রধানমন্ত্রী ইয়েভেস লেটেমের প্রতি আহ্বান জানিয়েছেন। গত বৃহস্পতিবার ইয়েভেস লেটেমের সরকারি বাসভবনে দুই নেতার বৈঠকে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বেলজিয়ামের সরকারের প্রতি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি আমদানিরও আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ ও বেলজিয়ামের সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, শেখ হাসিনা লেটেমেকে বলেছেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোকে সহায়তা করতে ইইউ গঠিত গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যালায়েন্সে যোগ দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়নে সহায়তা এবং একটি পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তুলতে পরিবেশবান্ধব প্রযুক্তি দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।বিনিয়োগবান্ধব পরিবেশের কথা উল্লেখ করে শেখ হাসিনা বাংলাদেশে জাহাজ নির্মাণ, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে বেলজিয়ামের বিনিয়োগ বাড়ানোর জন্য সে দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে বাণিজ্য প্রসারের যথেষ্ট সুযোগ রয়েছে। বাংলদেশ থেকে তৈরি পোশাক, হিমায়িত মাছ, ওষুধ, সিরামিক, চামড়া, পাটজাতপণ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্য আমদানি করতে পারে বেলজিয়াম।’দেশ ও বৈশ্বিক পরিসরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন লেটেমে। সন্ত্রাসবাদ দূর করা ও শান্তি প্রতিষ্ঠায় দৃঢ় পদক্ষেপ নেওয়ায় শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ জানান তিনি। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এমডিজি-৪ পুরস্কার পেয়েছে এবং সাফল্যের সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবিলা করেছে।এশিয়া-ইউরোপ মিটিংয়ের (এএসইএম) সদস্যপদ লাভে বেলজিয়ামের সমর্থন চান শেখ হাসিনা। এশিয়ার ১৩টি দেশ ও ইইউর ফোরাম এএসইএম। বেলজিয়াম ইনভেস্ট কোম্পানির ‘ফার্স্ট স্টার্ট ইন্সট্যান্স’ নামের কর্মসূচিতে চার কোটি ইউরোর তহবিল বরাদ্দ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শেখ হাসিনা ওই কর্মসূচিতে বাংলদেশকে অন্তর্ভুক্ত করার অনুরোধ করেন। এই কর্মসূচিতে স্বল্পোন্নত দেশগুলোর জন্য দুই কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে।বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহান।প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎসব ভেদাভেদ ভুলে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে প্রবাসীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের গণতান্ত্রিক অগ্রগতি যাতে কেউ ব্যর্থ করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ব্রাসেলসে হোটেল কনরাডে বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের এক সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।প্রবাসীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আপনারা প্রত্যেকে দেশের একেকজন দূত। তাই প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আপনাদের, যাতে আন্তর্জাতিক অঙ্গনে দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে।’ তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে গড়ে ওঠা নেতিবাচক ভাবমূর্তি থেকে মুক্ত হয়ে দেশ এখন বিশ্বদরবারে স্থান করে নিয়েছে। তাঁর সরকারের লক্ষ্য হলো, জনগণের জন্য কাজ করার মাধ্যমে তাদের স্বার্থ রক্ষা ও কল্যাণ নিশ্চিত করা।নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি যেকোনো মূল্যে পূরণ করা হবে এবং এই লক্ষ্যে একের পর এক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।শেখ হাসিনা বলেন, তাঁর সরকার সহজ ব্যাংকিং পদ্ধতি, বিনিয়োগের সুযোগসহ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক সুবিধা দিচ্ছে, যাতে তাঁরা দেশে তাঁদের অর্থ কাজে লাগাতে পারেন। প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ১৩৪ দফা কর্মপরিকল্পনা প্রণয়ন এবং এই লক্ষ্যে প্রাথমিকভাবে ৭০০ কোটি টাকা বরাদ্দ করাসহ তাঁর সরকারের কৌশলগুলো তুলে ধরেন।বাংলাদেশকে মধ্য আয়ের দেশে উন্নীত করে ২০২১ সালের মধ্যে দেশকে সোনার বাংলায় পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, দেশে ই-গভর্নেন্স ব্যবস্থা চালুর কাজ চলছে। এটি চালু হলে দুর্নীতি ব্যাপকভাবে হ্রাস পাবে এবং জনগণকে সেবা প্রদানের কাজ সহজ ও স্বচ্ছ হবে।প্রবাসী বাংলাদেশিরা আন্তর্জাতিক মানবিক উন্নয়নে অনন্য অবদানের জন্য সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান। প্রবাসীরা তাঁদের অবস্থা ও প্রয়োজনের ব্যাপারে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি তাঁদের বক্তব্য শোনেন।শেখ হাসিনা বলেন, তাঁর সরকার সব সময় প্রবাসীদের স্বার্থের ব্যাপারে মনোযোগী। এরই মধ্যে তাঁদের জন্য ভোটাধিকার, প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা, বিশেষ অর্থনৈতিক এলাকা গড়ে তোলাসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।