জলবায়ু পরিবর্তন তহবিল নিয়ে জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুত সহায়তার অর্থ সরবরাহ প্রক্রিয়া নিয়ে দৃশ্যত জটিলতা তৈরি হয়েছে। গতকাল সোমবার যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে উল্লেখ করে, ব্রিটিশ সরকারের বৈদেশিক উন্নয়নবিষয়ক সংস্থা ডিএফআইডি ওই অর্থ বিশ্বব্যাংকের মাধ্যমে দেওয়া হবে বলে যে শর্ত দিয়েছে, বাংলাদেশ তা মানতে রাজি নয়। এতে বলা হয়, এ নিয়ে শেষ পর্যন্ত ওই ব্রিটিশ সহায়তার প্রস্তাব ফিরিয়ে নেওয়া হতে পারে। তবে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাসান মাহমুদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে গতকাল সোমবার রাতে তিনি প্রথম আলোকে বলেন, গার্ডিয়ানে প্রকাশিত খবর পুরোপুরি ঠিক নয়। বাংলাদেশ বলে আসছে, বিশ্বব্যাংকের মাধ্যমে অর্থ খরচ হলে কিছু বাধ্যবাধকতা ও শর্ত থাকবে, যা এ দেশের অনুকূলে থাকবে না। গার্ডিয়ান লিখেছে, বাংলাদেশের একজন সরকারি মুখপাত্র তাদের বলেছেন, ‘ওই ব্যাংকের মাধ্যমে অর্থ এলে তাতে প্রকৃত উদ্দেশ্য সফল হবে না। আমরা চাই তা জাতিসংঘের মাধ্যমে আসুক।’ব্রিটিশ পত্রিকাটির প্রতিবেদনে আরও বলা হয়, আজ মঙ্গলবার থেকে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে একটি বৈঠকে সিদ্ধান্ত বদলের জন্য ব্রিটেন চাপ দিতে পারে। বাংলাদেশ সিদ্ধান্ত বদল না করলে অনুদানের প্রস্তাব ফিরিয়ে নেওয়া হতে পারে।বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাসান মাহমুদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘গার্ডিয়ানের দেওয়া তথ্য-উপাত্ত ঠিক নয়। যুক্তরাজ্য বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গঠিত মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ডে সাত কোটি পাউন্ড অর্থ সহায়তা দিতে চেয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নও এই তহবিলে অর্থ দেবে। বাংলাদেশ কখনোই বলেনি যে যুক্তরাজ্য সরকারের প্রতিশ্রুত অর্থ গ্রহণ করবে না।’ অর্থ ব্যবস্থাপনা নিয়ে সৃষ্ট জটিলতা দ্রুত কেটে যাবে বলে তিনি জানান।ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন জলবায়ু পরিবর্তন তহবিলবিষয়ক একটি উপদেষ্টামণ্ডলীর সহ-চেয়ারম্যান হওয়ার জন্য জাতিসংঘের একটি প্রস্তাব গ্রহণ করার কিছুদিন পরই এ মতদ্বৈধতা দেখা দিল।গার্ডিয়ানের প্রতিবেদন বাংলাদেশকে প্রদেয় অর্থের পরিমাণ ছয় কোটি পাউন্ড বলে উল্লেখ করেছে।২০০৮ সালের ১০ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশের জলবায়ু তহবিলবিষয়ক এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে এই অর্থ-সহায়তা দেওয়ার আশ্বাস দেয় যুক্তরাজ্য সরকার। প্রক্রিয়া শেষ করে চলতি মাসে এই অর্থ ছাড় হয়েছে। যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে শুরু থেকেই এই অর্থ ছাড়ের দায়িত্ব বিশ্বব্যাংককে দেওয়ার প্রস্তাব করা হয়। গার্ডিয়ান গত গ্রীষ্মে এক খবরে প্রকাশ করেছিল, ব্রিটিশ পরিকল্পনামতো বিশ্বব্যাংকের মাধ্যমে ওই অর্থ দিলে ব্যাংকটির প্রশাসনিক ব্যয় বাবদ ৪৯ লাখ পাউন্ড চলে যাবে।লন্ডনে বাংলাদেশের সমর্থনে বিক্ষোভ : এদিকে বিবিসি জানায়, লন্ডনে গতকাল সোমবার ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন দপ্তরের (ডিএফআইডি) সামনে কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট মুভমেন্ট, জুবিলি ডেট ক্যাম্পেইন এবং জাস্টিস অ্যান্ড ইকুইটি বাংলাদেশ নামের এসব সংগঠনের প্রতিনিধিরা বাংলাদেশের সমর্থনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। লন্ডনে বিক্ষোভের অন্যতম আয়োজক কার্স্টি রাইট বলেন, ‘বাংলাদেশ যেহেতু একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র, সেহেতু এ অর্থ তারা কীভাবে নেবে, সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের। বিশ্বব্যাংক কোনো প্রতিনিধিত্বশীল সংস্থা নয়। এই সংস্থার কোনো বিশ্বাসযোগ্যতা নেই।’