জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অতিরিক্ত অর্থায়ন জরুরি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের দায় কম হলেও বাংলাদেশ এই সমস্যা মোকাবিলা করতে সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এ ক্ষেত্রে প্রযুক্তি স্থানান্তর ও অতিরিক্ত অর্থায়ন জরুরি। এই সহায়তা উন্নয়ন তহবিলের সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না। খবর বাসসের।আজ মঙ্গলবার লাওসের ভিয়েনতিয়েনে দুদিনব্যাপী নবম এশিয়া-ইউরোপ মিটিং শীর্ষ সম্মেলনের (এএসইএম-৯) শেষ দিনে এক আলোচনায় শেখ হাসিনা এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, বিশ্বের অস্তিত্ব রক্ষা, টিকে থাকা ও সমৃদ্ধির জন্য জলবায়ু পরিবর্তন ও খাদ্যনিরাপত্তা, উভয় বিষয় গুরুত্বপূর্ণ। আজ ও আগামী দিনের খাদ্যনিরাপত্তার বিষয় বিবেচনায় কৃষি খাত নিয়ে কার্যক্রম চালুর প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন ও পরিবেশের বিপর্যয়ের কারণে বিশ্বব্যাপী সৃষ্ট সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করে এসব সমস্যা সমাধানে অতি জরুরি ও যথাযথ কর্মপন্থা নেওয়ার আহ্বান জানান। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, সুইস ফেডারেশন, ব্রুনাইয়ের সুলতান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রমুখ বৈশ্বিক ইস্যুতে অভিমত জানান।