জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত তহবিল পাবে ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে পর্যাপ্ত তহবিল দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। গতকাল বৃহস্পতিবার সকালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আলাদা বৈঠকে প্রধানমন্ত্রীকে এই আশ্বাস দেন কাউন্সিল অব দি ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট হারমান ভন রমপে ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসো।দুটি বৈঠকেই প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিন দিনের রাশিয়া সফর শেষে গত বুধবার রাতে ব্রাসেলসে পৌঁছান শেখ হাসিনা। গতকাল বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইইউর দুই নেতাই বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তহবিল জোগাড়ের জন্য আন্তরিকভাবে চেষ্টা করছেন তাঁরা। তাঁরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকির মুখে থাকা দেশ হিসেবে বাংলাদেশের আর্থিক সহায়তা প্রাপ্য এবং তা দেওয়া হবে। সন্ত্রাসবাদ মোকাবিলা, মানবাধিকার রক্ষা ও গণতন্ত্রের ভিত্তি জোরদার করতেও ইইউর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন দুই নেতা। আঞ্চলিক ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন রমপে ও বারোসো।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আরও বলেন, বিশ্বশান্তি বজায় রাখায় শেখ হাসিনার উদ্যোগ এবং বাংলাদেশের জনগণের অর্থনৈতিক ভাগ্য পরিবর্তনে শেখ হাসিনার নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন ইইউর নেতারা। তিনি বলেন, বাংলাদেশের জন্য খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও ইইউর পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।সম্প্রতি শেষ হওয়া জাতিসংঘ সাধারণ অধিবেশনে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনবিষয়ক পুরস্কার অর্জন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান দুই নেতা। স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য খাতে এমডিজি অর্জনে বাংলাদেশকে সহযোগিতা করারও আশ্বাস দেন তাঁরা।২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠানের ব্যাপারে ইউরোপীয় দেশগুলোর সহযোগিতার জন্য রমপে ও বারোসোকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে বাংলাদেশের নেওয়া বিভিন্ন প্রকল্পের প্রশংসা করেন ইইউর নেতারা। এর জবাবে শেখ হাসিনা সুন্দরবনের প্রাকৃতিক বৈচিত্র্য ও বাঘের বাসস্থান রক্ষায় ইইউর সহযোগিতা চান।ইইউর নেতারা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সদ্যসমাপ্ত বাঘ সংরক্ষণ সম্মেলনকে সময়োচিত আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে রক্ষা করতে হলে এর উপকূলীয় অঞ্চল ও সুন্দরবনকে রক্ষা করতে হবে। এ ব্যাপারে ইইউর পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তাঁরা।ইউরোপিয়ান ইউনিয়নকে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার উল্লেখ করে ইইউর নেতারা প্রধানমন্ত্রীকে বলেন, তাঁরা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী। বাংলাদেশে বিভিন্ন খাতে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে ইউরোপের দেশগুলোকে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা।দুই বৈঠকেই উপস্থিত ছিলেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং বেলজিয়াম ও ইইউর বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহান।এদিকে ইইউর নেতা ভন রপমের সঙ্গে শেখ হাসিনার বৈঠক চলার সময় ইইউর সদর দপ্তরের বাইরে বিএনপির দুই-তিন শ কর্মী-সমর্থক বিক্ষোভ করেন। তাঁরা শেখ হাসিনাকে ‘একনায়ক’ উল্লেখ করে তাঁর বিরুদ্ধে স্লোগান দেন। ইউএনবি ও এএফপি।