জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার আহ্বান মুনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সফররত জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশ গোটা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। এই প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও নিম্ন কার্বন নিঃসরণ উন্নয়ন পথে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। রাজধানীর একটি অভিজাত হোটেলে আজ সোমবার ক্লাইমেট ভালনারেবল ফোরাম আয়োজিত একটি অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন এসব কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত বছর বিশ্বে অতিরিক্ত তিন লাখ মানুষ মারা গেছে। ১৩ হাজার কোটি ডলারের সম্পদ বিনষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ প্রতিবছরই বাড়ছে। সময়মতো পদক্ষেপ না নিতে পারলে ক্ষতি আরও বাড়বে। জলবায়ুসংক্রান্ত আসন্ন ডারবান সম্মেলন সামনে রেখে ক্লাইমেট ভালনারেবল ফোরাম বিশেষ গুরুত্ব বহন করছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শেখ হাসিনা বলেন, ‘ধরিত্রী সম্মেলনের দুই যুগ অতিবাহিত হচ্ছে, গ্রিনহাউস গ্যাস হ্রাসে বিশ্বে কোনো অগ্রগতি হয়নি। গ্যাস নির্গমন বেড়েই চলছে। এ ধারা বিশ্বের জন্য অত্যন্ত ক্ষতিকর। বাংলাদেশের মতো সম্পদের সীমাবদ্ধতা আছে এমন দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। আমরা চরম জলবায়ু অবিচারের শিকার। বিশ্বকে এটা স্বীকার করতে হবে।’প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের জলবায়ু কনভেনশনের অগ্রগতি অত্যন্ত ধীর ও অপর্যাপ্ত। প্রয়োজনীয় তহবিল ও প্রযুক্তি দেওয়া হচ্ছে না। যেসব শর্ত দেওয়া হচ্ছে, তা স্বল্পোন্নত দেশগুলোর কাছে গ্রহণযোগ্য নয়। ফলে আমরা মারাত্মক ঝুঁকিপূর্ণ দেশগুলো সহায়তা পাওয়া থেকে বঞ্চিত রয়েছি।’শেখ হাসিনা বলেন, কানকুনে গৃহীত গ্রিন ক্লাইমেট ফান্ড সংগ্রহের বিষয় স্পষ্ট করা হচ্ছে না। কিয়োটো চুক্তির আশানুরূপ বাস্তবায়নও হচ্ছে না। এ উদাসীনতা বিশ্ব জলবায়ুকে তছনছ করে দিতে পারে।