জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বড় সমস্যা হবে দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন ও দুর্নীতির কারণে পৃথিবীর সবচেয়ে বড় উপকূলীয় বনাঞ্চল সুন্দরবন ধ্বংসের মুখোমুখি। সুন্দরবন থেকে বছরে ১৩৫ কোটি টাকার কাঠ পাচার হয়। কিছু ব্যবসায়ী, অসাধু বন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের যোগসাজশে সুন্দরবনে নির্দ্বিধায় বেআইনিভাবে গাছ কাটা হয়। অসাধু বন কর্মকর্তারা বাওয়ালিদের কাছ থেকে বছরে সোয়া ছয় কোটি টাকার ঘুষ নিয়ে থাকেন। জেলেদের কাছ থেকে নেন ২৩ কোটি টাকা।গতকাল শনিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) থেকে সারা বিশ্বে একযোগে প্রকাশিত জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত বিশ্ব দুর্নীতি প্রতিবেদনে এসব তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে টিআইবি থেকে রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘গভর্ন্যান্স অ্যান্ড করাপশন রিস্ক অ্যান্ড অপশনস’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে টিআইয়ের চেয়ারম্যান হিউগেট লেবেল মূল প্রবন্ধ উপস্থাপন করেন।টিআইয়ের ওই প্রতিবেদনে বলা হয়, সুন্দরবন প্রকৃতির প্রাচীর হিসেবে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের শক্তির পরিমাণ ৩০ থেকে ৪০ শতাংশ কমিয়ে দেয়। অথচ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৪৫ সেন্টিমিটার বাড়লে সুন্দরবনের প্রায় ৭৫ শতাংশ নিমজ্জিত হবে। এক মিটার বাড়লে পুরো বনই ডুবে যাবে। জলবায়ু পরিবর্তন ও দুর্নীতি থেকে সুন্দরবনকে রক্ষায় সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এ ক্ষেত্রে বন থেকে রাজস্ব আহরণের চিন্তা বাদ দিয়ে বন সংরক্ষণের দিকে জোর দেওয়ার সুপারিশ করা হয়েছে।হিউগেট লেবেল বলেন, দুর্নীতি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দেবে। জলবায়ু পরিবর্তন প্রতিহত করা ও এর নেতিবাচক প্রভাব মোকাবিলা করা খুবই ব্যয়বহুল একটি কর্মসূচি। যখন বিপুল পরিমাণ অর্থ এই নতুন ও অপরীক্ষিত খাতে আসবে, তখন দুর্নীতির আশঙ্কা থেকে যায়। দ্রুত জলবায়ু পরিবর্তনের প্রভাব সমাধান করতে গেলে দুর্নীতির আশঙ্কা আরও বেড়ে যাবে। আজ পর্যন্ত পৃথিবী যত সুশাসনের সংকটের মধ্যে পড়েছে, তার মধ্যে জলবায়ু পরিবর্তন সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুর্নীতি জলবায়ু সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে।হিউগেট লেবেল আরও বলেন, দুর্নীতির কারণে পৃথিবীতে বছরে ২৬০ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি কৌশলপত্র তৈরি করেছে উল্লেখ করে তিনি বলেন, এই কৌশলপত্র অনুযায়ী সরকার অর্থ খরচ করছে কি না, তা খতিয়ে দেখার জন্য সুশীল সমাজকে কাজ করতে হবে। সংসদীয় স্থায়ী কমিটি জলবায়ু ট্রাস্ট ফান্ডের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সুইচে টিপ দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। টিআইয়ের প্রতিবেদনে দুর্নীতির আশঙ্কার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে শিল্পোন্নত দেশগুলো কোপেনহেগেনে প্রতিজ্ঞা করেও এখনো সবুজ জলবায়ু তহবিলের অর্থ ছাড় করেনি। বিশ্বে প্রতিবছর ১৫ হাজার কোটি ডলার অস্ত্র খাতে ব্যয় হয়। বছরে তা সাত শতাংশ হারে বাড়ছে। কিন্তু ধনী দেশগুলো জলবায়ু তহবিলে অর্থ দিতে রাজি হচ্ছে না।বিশেষ অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, যেখানে অর্থপ্রবাহ আছে, সেখানে দুর্নীতির আশঙ্কা থেকে যায়। শুধু জলবায়ু তহবিল নয়, সব ক্ষেত্রেই আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ধনী দেশগুলো তাদের প্রতিশ্রুত অর্থ এখনো ছাড় না করলেও দুর্নীতি নিয়ে সোচ্চার হয়ে উঠেছে। এদিকে বাংলাদেশের মানুষের জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্নতা বেড়েই চলেছে। বহুজাতিক প্রতিষ্ঠান ও উন্নত দেশের দুর্নীতির বিরুদ্ধেও টিআইকে সোচ্চার হওয়ার পরামর্শ দেন তিনি।অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন এনভায়রনমেন্টের চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী বলেন, দুর্নীতির বিষয়টি দ্বিপক্ষীয়। কোন দেশ কত টাকা দেওয়ার প্রতিজ্ঞা করল ও দিল, তা অনুসন্ধান করে একটি ওয়েবসাইটে প্রকাশ করার জন্য টিআইকে পরামর্শ দেন তিনি।জলবায়ু বিশেষজ্ঞ আতিক রহমান বলেন, শুধু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতেই দুর্নীতি নেই। ধনী দেশগুলোতেও দুর্নীতির পরিমাণ কম নয়। সব দেশেই দুর্নীতি বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, সরকারের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত কর্মকাণ্ডের সব তথ্য ওয়েবসাইটে দেওয়া উচিত।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারি কমিটিতে কতজন সুশীল সমাজের প্রতিনিধি আছেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিটি কর্মকাণ্ডের জবাবদিহি কতটুকু নিশ্চিত করা হয়েছে। ধনী দেশগুলোর শিল্পদূষণ বন্ধের দাবি জানানোর পাশাপাশি দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর দুর্নীতি বন্ধে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা কিছু নীতি ঠিক করলাম, কিন্তু তা মানলাম না। তাতে কোনো লাভ হবে না।’সভাপতির বক্তব্যে টিআইবির চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, জনগণকে সব কাজের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। জনসাধারণ যাতে জলবায়ুসহ সব তহবিলের সুবিধা পায়, সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।পৃথিবীর ২০টি দেশের পঞ্চাশোর্ধ্ব শীর্ষস্থানীয় বিশেষজ্ঞের গবেষণার ভিত্তিতে টিআইয়ের প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। গবেষণার বিষয়গুলো হচ্ছে: জলবায়ু পরিবর্তন-সংশ্লিষ্ট রাজনীতি ও অর্থ জোগানকারী প্রতিষ্ঠানের জবাবদিহি, ব্যবসাপ্রতিষ্ঠানের ভূমিকা, ‘কার্বন-বাজারে’ সততা, উন্নয়নশীল দেশে জলবায়ু পরিবর্তন মোকাবিলার চ্যালেঞ্জ, বিশেষ করে, প্রশমন ও অভিযোজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো এবং বন খাতে সুশাসন।