জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অঙ্গীকার ছাড়া জলবায়ু পরিবর্তন রোধ ও এর প্রভাব মোকাবিলা করা যাবে না। এ জন্য রাষ্ট্রকে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক সমঝোতা সৃষ্টি করতে হবে। গতকাল সোমবার প্রথম আলো কার্যালয়ের সেমিনার কক্ষে অতিথি হিসেবে আলোচনা করতে এসে দেশের বিশিষ্ট জলবায়ু বিশেষজ্ঞরা এই মত দিয়েছেন।কপ-১৫ সম্মেলনে উপস্থাপন করা কোপেনহেগেন অ্যাকর্ডকে (রাজনৈতিক অঙ্গীকার) বাংলাদেশের পক্ষ থেকে অনুমোদন দেওয়ার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলেন, এই রাজনৈতিক অঙ্গীকারকে একটি আইনগত বাধ্যবাধকতাসহ চুক্তিতে পরিণত করতে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তত্পরতা চালাতে হবে। এ জন্য বাংলাদেশের পক্ষ থেকে স্থায়ীভাবে অন্তত তিনজন জলবায়ু কূটনীতিক নিয়োগ দেওয়ার পরামর্শ দেন তাঁরা। প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনায় কপ-১৫ সম্মেলনোত্তর পরিস্থিতি ও বাংলাদেশের করণীয় নিয়ে আলোচনা করেন বিশিষ্ট জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিশাত, আতিক রহমান, আহসান উদ্দিন আহমেদ ও সৈয়দা রিজওয়ানা হাসান। তাঁরা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব, সরকারের করণীয়, আন্তর্জাতিক পরিস্থিতি ও চুক্তি নিয়ে আলোচনা করেন।ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) জ্যেষ্ঠ জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিশাত আমন ধান ওঠার পরও দেশে সম্প্রতি চালের দাম বাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ভারতের আসাম, উত্তর প্রদেশসহ বেশ কিছু স্থানে অনাবৃষ্টির কারণে তাদের চালের উত্পাদন কমে গেছে। তারা চাল রপ্তানি বন্ধ করায় বিশ্ববাজারে দাম বেড়েছে। এর প্রভাব বাংলাদেশের ওপরও পড়ছে। কপ-১৫ সম্মেলন-পরবর্তী সময়ে বাংলাদেশের করণীয় সম্পর্কে বলতে গিয়ে আইনুন নিশাত বলেন, কোপেনহেগেন অ্যাকর্ডে ২০১২ সাল পর্যন্ত প্রতিবছরের জন্য ১০০ কোটি ডলারের জলবায়ু তহবিল গঠনের কথা বলা হয়েছে। বাংলাদেশ এই তহবিল থেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা চাওয়ার পাশাপাশি জলবায়ু প্রশমন খাত (মিটিগেশন) থেকে অর্থ নিয়ে উন্নত প্রযুক্তির বিদ্যুেকন্দ্র স্থাপন করতে পারে। সৌর ও বায়ুচালিত বিদ্যুেকন্দ্রের জন্য বাংলাদেশ এই তহবিল থেকে অর্থ চাইতে পারে। বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের (বিসিএএস) নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, কপ-১৫ সম্মেলন যতটা উত্তাপ তৈরি করেছে, ততটা জ্ঞান তৈরি করতে পারেনি। জলবায়ু চুক্তিতে সই করার ব্যাপারে প্রতিটি দেশই নিজেদের স্বার্থকে বিবেচনা করেছে। বাংলাদেশকে তার স্বার্থ বিবেচনা করে এগোতে হবে।মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও শহর কর্তৃপক্ষের কার্বন নিঃসরণের ব্যাপারে একমত হওয়াকে ইতিবাচক হিসেবে তুলে ধরে আতিক রহমান বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামারাও জলবায়ু পরিবর্তন রোধে নিজ দেশে চেষ্টা করে যাচ্ছেন। কার্বনকে একটি সমস্যাজনক গ্যাস হিসেবে ঘোষণা দিতে তাঁরা উচ্চ আদালতে গিয়েছেন।জলবায়ু পরিবর্তন নিয়ে বুশ প্রশাসনের দীর্ঘ আট বছরের নেতিবাচক প্রচারের কারণে যুক্তরাষ্ট্রের ৮০ শতাংশ মানুষ জলবায়ু পরিবর্তনকে স্বীকার করে না। কংগ্রেসের বেশির ভাগ নেতা জলবায়ু চুক্তির বিপক্ষে মত দিয়েছেন। এ কথা উল্লেখ করে ড. আতিক বলেন, এ পরিস্থিতি রাতারাতি বদলাবে না, সময় লাগবে।সেন্টার ফর গ্লোবাল চেঞ্জের (সিজিসি) নির্বাহী পরিচালক আহসান উদ্দিন আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তন বলতে আবহাওয়ার কোনো একটি বিষয়ের ৩০ বছরের গড় পরিবর্তন বোঝায়। ২০ বছর আগে বঙ্গোপসাগরে বছরে পাঁচ-ছয়টার বেশি নিম্নচাপ হতো না। এখন ১২ থেকে ১৪টা নিম্নচাপ দেখা দিচ্ছে। মত্স্যজীবীরা সমুদ্রে বেশিক্ষণ থাকতে না পেরে ফিরে আসছেন। তাঁদের পেশা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ষাটের দশকে তৈরি উপকূলীয় বেড়িবাঁধগুলো পুরোনো ও দুর্বল হয়ে গেছে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, সমুদ্রের ঢেউ আগের চেয়ে উঁচু ও শক্তিশালী হয়ে আছড়ে পড়ায় বেড়িবাঁধগুলোতে ভাঙন দেখা দিচ্ছে। জলাবদ্ধ এলাকা আগের চেয়ে বিস্তৃত হচ্ছে। ড. আহসান দেশের প্রতিটি উপজেলায় জলবায়ু বিপন্নতা বা ঝুঁকি মানচিত্র তৈরি করে কৃষি, খাদ্য, স্বাস্থ্য, অবকাঠামোসহ সবগুলো বিষয় নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা করার ওপর জোর দেন। আবহাওয়ার মতো কৃষির ক্ষেত্রে পূর্বাভাস ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করে তিনি বলেন, জলবায়ু ঝুঁকি থেকে দেশের মানুষকে রক্ষা করতে সরকারকে দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তন হতে থাকলে আমাদের ১৭ শতাংশ এলাকা ডুবে যাবে ও দুই কোটি লোক বাস্তুচ্যুত হবে। এই ক্ষতি টাকা দিয়ে পোষানো যাবে না। তিনি বলেন, বাংলাদেশকে অবশ্যই জলবায়ু প্রশমনের ব্যাপারে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে অবস্থান নিতে হবে।কপ-১৫ সম্মেলনে উপস্থাপিত হওয়া কোপেনহেগেন অ্যাকর্ডটি জাতিসংঘের স্বাভাবিক প্রক্রিয়াকে অনুসরণ করে করা হয়নি মত দিয়ে রিজওয়ানা হাসান বলেন, একে চুক্তি না বলে ইশতেহার বলা যাবে। এটিকে বাস্তব রূপ দিতে হলে বাংলাদেশের মতো জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোকে একত্রে কাজ করতে হবে। এ জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোকে নিয়ে একটি জোট গঠন করে জাতিসংঘের স্বীকৃতি আদায়ের চেষ্টা করতে হবে।প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় আলোচনার শেষ পর্বে প্রথম আলোর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আলোচকেরা। সম্পাদক মতিউর রহমানসহ প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকেরা সভায় উপস্থিত ছিলেন।