জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় জনগণের জ্ঞান, অভিজ্ঞতা ও চর্চাকে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাওয়ানোর সফল অভিজ্ঞতাগুলোকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশ এ ক্ষেত্রে অগ্রসর ভূমিকা রাখতে পারে।আজ বৃহস্পতিবার রাজধানীতে শেষ হওয়া পঞ্চম আন্তর্জাতিক স্থানীয় জনগোষ্ঠীভিত্তিক জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে এই আহ্বান জানানো হয়।বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ (বিসিএএস) ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইইডি) ২৪ থেকে ৩১ মার্চ পর্যন্ত এই সম্মেলনের আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ৬৫টি দেশের জলবায়ু বিশেষজ্ঞ, রাষ্ট্রীয় প্রতিনিধি ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেন।সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য করেন জাতিসংঘের আন্তসরকার জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত প্যানেলের (আইপিসিসি) চেয়ারম্যান রাজেন্দ্র কুমার পাচুরি।রাজেন্দ্র কুমার পাচুরি বলেন, এই সম্মেলনে উঠে আসা সুপারিশগুলো আইপিসিসির আগামী প্রতিবেদনে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে। উন্নয়নশীল দেশগুলো বর্তমানে সর্বোচ্চ কার্বন নিঃসরণ করছে এ কথা জানিয়ে তিনি বলেন, প্রতিটি দেশেরই উন্নয়নের অধিকার আছে। তবে এমন উন্নয়নের পথ বেছে নিতে হবে, যাতে তা অন্য দেশের জন্য ক্ষতির কারণ না হয়।সমাপনী অধিবেশনে সম্মেলনের সারসংক্ষেপ তুলে ধরেন আইআইইডির সিনিয়র রিসার্চ ফেলো সালিমুল হক। তিনি বলেন, এই সম্মেলনে ২২টি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়। দেশের আটটি জলবায়ু বিপন্ন এলাকায় ৩০০ অংশগ্রহণকারী পরিদর্শনে যান। সেখানকার মানুষের সঙ্গে কথা বলে তাঁরা প্রতিবেদন তৈরি করেছেন। সম্মেলন থেকে উঠে আসা সুপারিশগুলো আইপিসিসি এবং অংশগ্রহণকারী রাষ্ট্র ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর কাছে তুলে দেওয়া হবে। যাতে তা বিশ্বের জলবায়ু পরিবর্তনসংক্রান্ত নীতি নির্ধারণে ভূমিকা রাখতে পারে।বিসিএএসের নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, সিডর ও আইলায় বাংলাদেশের সুন্দরবন ও উপকূলীয় জনগোষ্ঠী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠী টিকে আছে। বিজ্ঞানীদের উদ্ভাবন ও স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা এবং জ্ঞানকে একত্র করে সামনের দিকে এগোনোর পরামর্শ দেন তিনি।