জলবায়ু পরিবর্তনই টেকসই উন্নয়নের বড় বাধা
বাংলাদেশের টেকসই উন্নয়নের সবচেয়ে বড় বাধা জলবায়ু পরিবর্তন। ফলে প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও বাড়ছে উদ্বাস্তুর সংখ্যা। অন্যদিকে মাত্রাতিরিক্ত জনসংখ্যা, অভ্যন্তরীণ অভিবাসন প্রভৃতির কারণে এখানকার পরিবেশও হুমকির মুখে।আজ সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রকাশিত ‘সোশাল ওয়াচ প্রতিবেদন-২০১২’-তে এসব বিষয় উল্লেখ করা হয়েছে। দেশের কয়েকটি পরিবেশ-বিষয়ক ও গবেষণা সংস্থা এ প্রতিবেদন তৈরি করেছে। প্রসঙ্গত, সোশাল ওয়াচ বিশ্বব্যাপী একটি সিভিল সোসাইটি নেটওয়ার্ক। বাংলাদেশের কয়েকটি বেসরকারি সংস্থা এর সদস্য। ১৯৯২ সালে পরিবেশ ও উন্নয়ন-সংক্রান্ত রিও ঘোষণার পরিপ্রেক্ষিতে বিশ্বের ৬৬টি দেশের মতো বাংলাদেশের পরিবেশ ও টেকসই উন্নয়ন নিয়ে বার্ষিক প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি নিউইয়র্কে তা প্রকাশ করা হয়েছিল।এ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ পরিবেশ বিষয়ে বেশ নাজুক অবস্থায় আছে। এ প্রতিবেদনের মধ্য দিয়ে কিছু রূঢ় বাস্তবতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। দেশের টেকসই উন্নয়নের জন্য প্রতিবেদনে কিছু দাবিও তুলে ধরা হয়েছে। দাবিগুলো আদায়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।বেসরকারি সংস্থা ইকুয়িটিবিডির প্রধান সঞ্চালক নির্বাহী পরিচালক ও প্রতিবেদনের অন্যতম রচয়িতা রেজাউল করিম চৌধুরী বলেন, প্রতিবেদনে কয়েকটি দাবি উত্থাপন করা হয়েছে। আবার আগামী জুন মাসে অনুষ্ঠেয় ব্রাজিলে জাতিসংঘের টেকসই উন্নয়ন ও পরিবেশ-বিষয়ক সম্মেলনে এ প্রতিবেদন উপস্থাপন করা হবে। তিনি বলেন, ভবিষ্যত্ প্রজন্মের জন্য উন্নয়নের যাত্রা অব্যাহত রাখাই এ দাবিগুলোর উদ্দেশ্য।প্রতিবেদনে বর্ণিত দাবিগুলো হলো খাদ্য অধিকার নিশ্চিতকরণে আন্তর্জাতিক আদালত গঠন, জলবায়ু পরিবর্তনজনিত উদ্বাস্তুর দায়িত্ব নেওয়ার ব্যাপারে জাতিসংঘ চার্টার তৈরি, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত স্বল্পোন্নত দেশগুলোর ক্ষতিপূরণ ও বিনামূল্যে সবুজ প্রযুক্তি (গ্রিন টেকনোলজি) প্রদান এবং আন্তপ্রজন্ম পরম্পরার সুবিচার নিশ্চিতকরণের ন্যায়পাল প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়নের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া।অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং ও সোশাল ওয়াচ বাংলাদেশের সমন্বয়ক জাহিদ রহমান।