জলবায়ু অর্থায়নবিষয়ক সেমিনারে বক্তারা
জলবায়ু পরিবর্তনকে অনেকে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে দেখছে
অনেকে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে অর্থ উপার্জনের উপায় হিসেবে বেছে নিয়েছে। এ ধরনের ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে সাবধানে থাকতে হবে। জলবায়ু তহবিলের অর্থবরাদ্দের ক্ষেত্রে নিজেদের কাছে নিজেদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। দাতাদেরও জবাবদিহির মধ্যে নিয়ে আসতে হবে। আজ শনিবার সকালে ‘জলবায়ু পরিবর্তনের অর্থায়ন: কোপেনহেগেন পরবর্তী চ্যালেঞ্জ এবং সামনের পথ’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন।অক্সফাম, বাংলাদেশ ও গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযানের (সিএসআরএল) যৌথ উদ্যোগে রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বড় অঙ্কের তহবিল ব্যবস্থাপনায় সক্ষমতা অর্জনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান জলবায়ু তহবিলে ধনী দেশগুলোর অর্থবরাদ্দ নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরে এ ব্যাপারে আরও বেশি কূটনৈতিক তত্পরতা চালানোর ওপর জোর দেন।বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের (বিসিএএস) নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, ‘আইলা ও সিডরে ক্ষতিগ্রস্ত বাঁধগুলোর মেরামত এখনো শেষ হয়নি। মানুষ এখনো পানির মধ্যে বসবাস করছে। উপকূলজুড়ে গাছ লাগানোর মতো অনেক গুরুত্বপূর্ণ কাজ এখনো আমরা শুরু করতে পারিনি।’সভাপতির বক্তব্যে সিএসআরএলের সভাপতি আহসানউদ্দিন আহমেদ বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলার কাজ আমাদের দ্রুত শুরু করতে হবে। নইলে অনেক মানুষের জীবন বিপন্ন হবে। যতটুকু আন্তর্জাতিক অর্থায়নের কথা বলা হচ্ছে, তা দেশে আসা নিয়ে সন্দেহ রয়েছে। জলবায়ু খাতে এখনো বিদেশি সাহায্যের চেয়ে সরকারি বরাদ্দের পরিমাণ বেশি।সিএসআরএলের সদস্যসচিব জিয়াউল হক, ইউরোপীয় ইউনিয়নে অক্সফাম ইন্টারন্যাশনালের জলবায়ু পরামর্শক টিমোথি গোরে, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক জাফর আহমেদ খান সেমিনারে নিজেদের বক্তব্য তুলে ধরেন।