জলবায়ু পরিবর্তনে অভিবাসন রোধে আন্তর্জাতিক সংস্থা চাই: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট আন্তসীমান্ত অভিবাসন ও অভ্যন্তরীণ স্থানান্তর প্রতিরোধে জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বিপুলসংখ্যক লোক উদ্বাস্তুতে পরিণত হতে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক সংস্থা চাই।’আজ সকালে গণভবনে সফররত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (ওআইএম) মহাপরিচালক উইলিয়াম লেসি সুইংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, তাঁরা বৈঠক চলাকালে আন্তর্জাতিক অভিবাসন ইস্যু এবং নারী ও শিশু পাচারবিরোধী আইন তৈরিতে বাংলাদেশকে ওআইএমের সাহায্য দেওয়ার ব্যাপারে আলোচনা করেন।রাজধানীতে আগামীকাল বুধবার চতুর্থ কলম্বো প্রসেসের মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, অভিবাসী শ্রমিকদের অধিকার, নিয়মতান্ত্রিক অভিবাসন, স্বচ্ছতা ও অভিবাসনের পারস্পরিক স্বার্থ সংরক্ষণে সম্মেলন থেকে একটি বলিষ্ঠ ঘোষণা আসবে। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার নিরাপদ অভিবাসন ও অভিবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণের ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। বাসস।