জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে দাবি আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আন্তর্জাতিক ফোরামে দাবি আদায়ের ক্ষেত্রে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বৈশ্বিক জোটের (জিসিসিএ) দুই দিনের এশিয়া সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে পরিস্থিতি সামাল দিতে খুব শিগগিরই অভিযোজন তহবিল দেওয়ার পাশাপাশি কারিগরি সহযোগিতা দেওয়ার অনুরোধ করেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্বল্পোন্নত দেশ ও ছোট দ্বীপ দেশগুলোর অভিন্ন অবস্থান তৈরির লক্ষ্যকে সামনে রেখে জিসিসিএর এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সম্মেলনে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও ইয়েমেনের মন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্বল্পোন্নত দেশ ও ছোট দ্বীপ দেশগুলোকে সহযোগিতার বিষয়টি বিবেচনায় রেখে ইইউ ২০০৭ সালে জিসিসিএ গঠন করে। এ সময় দুটি বিষয়কে অগ্রাধিকার দেয় ইইউ। প্রথমত, দেশগুলোর মধ্যে আলোচনা শুরু। দ্বিতীয়ত, এ উদ্যোগের সঙ্গে যুক্ত দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন বিষয়টি উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত করা।জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কীভাবে সহযোগিতা করা হবে—এ বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ, কম্বোডিয়া ও মালদ্বীপের সঙ্গে ইইউ সম্মেলনের শেষে একটি যৌথ ঘোষণায় সই করবে।