জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের পক্ষে বাংলাদেশ কথা বলে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বিশ্বের সব ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে বাংলাদেশ কথা বলে যাচ্ছে। শুধু বাংলাদেশ নয়, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের রক্ষা করতে যে তহবিল করা হচ্ছে, তা তাদের অধিকার। এটা কোনো দয়া নয়। এ তহবিলকে ‘ভিক্ষা’ বলায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী হয়তো ধরেই নিয়েছেন যে সরকারের সব কাজে বিরোধিতা করাই তাঁর দায়িত্ব। কিন্তু এতে আমি শঙ্কিত নই। যার যে স্বভাব, সেটা তিনি করেই যাবেন।’আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সুরঞ্জিত সেনগুপ্তের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিকেল তিনটার দিকে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নদীর স্বাভাবিক প্রবাহে যেকোনো রকমের প্রতিবন্ধকতা দূর করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য পানি ও ভূমি মন্ত্রণালয় কাজ করছে। বিষয়টি সম্পর্কে স্পিকার আবদুল হামিদ প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।এরপর সুরঞ্জিত সেনগুপ্ত ফ্লোর নিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা থেকে স্পিকার পর্যন্ত যখন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, তখন আর কী করা। সংসদ উপনেতা প্রশ্ন করার আগে তাই আমি মাঝামাঝি দাঁড়ালাম।’ এ সময় স্পিকার হেসে বলেন, ‘মাননীয় সদস্য, সব সময় মাঝামাঝি থাকবেন না।’ জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এ বুদ্ধি থাকলে তো আজ এখানে আপনি ওপরে আর আমি নিচে থাকতাম না। তাই এ কাজে আপনার জুড়ি নেই।’প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর দেওয়ার শুরুতে সুরঞ্জিতের বক্তব্যের জবাব দিয়ে বলেন, ‘মাননীয় স্পিকার, সংসদে কেউ ব্যক্তিগত কর্মকর্তা নন। সংসদে চিফ হুইপ ব্যক্তিগত কর্মকর্তা নন, সংসদের হুইপ। তা ছাড়া সংসদে সবার বড় পরিচয় হলো তিনি সংসদ সদস্য।’ মাঝামাঝি থাকা প্রসঙ্গে মজা করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাঝামাঝি থাকা অনেক ফুটবল খেলোয়াড় আছেন, যাঁরা বল পেলেই হেড দিয়ে গোল করতে চান। অনেক সময় ভুলে যান, বল পক্ষে গেল, না বিরুদ্ধে গেল।’