জলবায়ু পরিবর্তনে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চল
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল। সম্প্রতি গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। ‘বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে গুরুত্ব দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলার কৌশল ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক কর্মশালায়’ বক্তারা এসব কথা বলেন।বক্তারা আরও বলেন, সিডর ও আইলার কারণে এ এলাকার মানুষ এখনও দুর্ভোগের মধ্যে আছে। এ এলাকার জলাবদ্ধতা, বন্যা ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা সামনে আরও বাড়তে পারে। এ এলাকায় কৃষি উত্পাদন আরও কমে যাবে এবং খাওয়ার পানির সংকট তীব্র আকার ধারণ করবে। আর এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে এখনই জরুরিভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। এলজিইডি মিলনায়তনে বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ ও সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন সিইজিআইএসের নির্বাহী পরিচালক গিয়াসউদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আজহারুল হক।