জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা, খরা, ঝড় এবং সমুদ্রে পানির উচ্চতা বৃদ্ধিসহ প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ঝুঁকির দিক দিয়ে বিশ্বের ১৭০টি দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। আজ বুধবার প্রকাশিতব্য ‘দি ক্লাইমেট চেঞ্জ ভালনারেবলিটি ইনডেক্স’ নামের এক জরিপ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক ম্যাপলক্রফট নামের একটি প্রতিষ্ঠান এ প্রতিবেদন তৈরি করেছে। ‘চরম ঝুঁকির’ তালিকায় থাকা ১৬টি দেশের মধ্যে পাঁচটিরই অবস্থান দক্ষিণ এশিয়ায়। এর মধ্যে প্রথম অর্থাৎ সবচেয়ে ঝুঁকিতে অবস্থান বাংলাদেশের। এ ছাড়া ভারত দ্বিতীয়, নেপাল চতুর্থ, আফগানিস্তান অষ্টম এবং ১৬তম অবস্থানে রয়েছে পাকিস্তান।একই প্রতিষ্ঠানের ২০০৯ সালের ‘চরম ঝুঁকির’ তালিকায় ছিল ২৮টি দেশ। এর মধ্যে প্রথম সারিতে ছিল সোমালিয়া, হাইতি, আফগানিস্তান, সিয়েরা লিওন ও বুরুন্ডি।সরকারি পদক্ষেপ, জনগণের ঝুঁকি, বাস্তুসংস্থান ও জলবায়ু পরিবর্তন থেকে বাণিজ্যসহ সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত ৪২টি বিষয় বিবেচনায় রেখে এই তালিকা তৈরি করা হয়েছে।ম্যাপলক্রফট জানিয়েছে, আবহাওয়ার ধরন পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল দক্ষিণ এশিয়া। এর ফলে প্রাকৃতিক দুর্যোগে পাকিস্তান ও বাংলাদেশে এ বছর ক্ষতিগ্রস্ত হয়েছে দুই কোটি মানুষ।প্রতিষ্ঠানের পরিবেশ বিশ্লেষক আন্না মস বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা এবং ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রার খুবই সামান্য পরিবর্তনের ফলে পরিবেশে বড় ধরনের প্রভাব পড়ছে। পানির প্রাপ্যতা ও খাদ্যশস্য উৎপাদনে পরিবর্তন হচ্ছে, সমুদ্রে পানির উচ্চতা বেড়ে ভূমির পরিমাণ কমে যাচ্ছে এবং রোগবালাইয়ের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে।’একই সঙ্গে খরা ও দুর্ভিক্ষের দিক থেকেও সবচেয়ে বেশি ঝুঁকিতে বাংলাদেশ। আর এ কারণেই ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় সবার শীর্ষে দেশটি। এ ছাড়া চরম দারিদ্র্য, কৃষির ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা এবং পরিস্থিতি মোকাবিলায় সরকারের সক্ষমতা খুবই সীমিত হওয়ায় বাংলাদেশের জন্য ঝুঁকিটা বেশিই।‘উচ্চ ঝুঁকি’র তালিকায় স্থান পাওয়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে চীন (৪৯), ব্রাজিল (৮১) ও জাপান (৮৬)। ‘মাঝারি ঝুঁকি’র তালিকায় আছে রাশিয়া (১১৭), যুক্তরাষ্ট্র (১২৯), জার্মানি (১৩১), ফ্রান্স (১৩৩) ও ব্রিটেন (১৩৮)।‘কম ঝুঁকি’র তালিকায় আছে ১১টি দেশ। এর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে নরওয়ে।ম্যাপলক্রফটের ফিয়োনা প্যালেস বলেন, ‘সবচেয়ে ঝুঁকিতে আছে উন্নয়নশীল দেশগুলো। খাদ্য ও পানির নিরাপত্তাসহ উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের আর্থসামাজিক অবস্থা খুবই দুর্বল। একই সঙ্গে অস্থিতিশীল অর্থনৈতিক অবস্থা এবং দুর্বল প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তাদের আরও ঝুঁকির মধ্যে রেখেছে।’ সূত্র: এএফপি।