জলবায়ু পরিবর্তনে ১০ কোটি মানুষের মৃত্যু হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন যথাযথভাবে মোকাবিলা না করা গেলে ভবিষ্যতে চড়া মাসুল গুনতে হবে। এর বিরূপ প্রভাবে ২০৩০ সালের মধ্যে পৃথিবী থেকে ঝরে যেতে পারে ১০ কোটি মানুষের প্রাণ। গতকাল বুধবার এক প্রতিবেদনে এমন আভাস পাওয়া গেছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের হুমকির মুখে থাকা ২০টি উন্নয়নশীল দেশের পক্ষে ক্লাইমেট ভালনারেবল ফোরাম প্রতিবেদনটি তৈরি করে। এতে সহযোগিতা করেছে মানবিক সংস্থা ডিএআরএ। গতকাল বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।প্রতিবেদন অনুুযায়ী, গ্রিনহাউস গ্যাস নির্গমন দিন দিন বাড়ার কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। এর ক্ষতিকর প্রভাবে মেরু অঞ্চলে বরফ গলছে, বিভিন্ন দেশে খরাসহ চরম আবহাওয়া বিরাজ করছে। বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এসব পরিবর্তন মানবজীবন ও তাদের জীবনযাত্রার জন্য ক্রমে হুমকি হয়ে উঠছে। এর নেতিবাচক প্রভাবে ২০৩০ সাল নাগাদ বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও মন্দার মধ্যে পড়বে। বিশ্বব্যাপী মোট দেশজ উত্পাদন (জিডিপি) কমে যাবে ৩ দশমিক ২ শতাংশ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এক হিসাবে দেখা গেছে, বায়ুদূষণ, ক্ষুধা আর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সৃষ্ট রোগব্যাধি ও কার্বনসংশ্লিষ্ট বিভিন্ন কারণে প্রতিবছর ৫০ লাখ মানুষের মৃত্যু হয়। এখনকার মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত থাকলে এ মৃত্যুর হার ২০৩০ সাল নাগাদ প্রতিবছর ৬০ লাখে দাঁড়াবে। এর মধ্যে ৯০ শতাংশ মৃত্যু ঘটবে উন্নয়নশীল দেশে।২০১০ সালের সঙ্গে তুলনা করে ২০৩০ সালে ১৮৪টি দেশে জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের জীবন ও অর্থনীতিতে কী প্রভাব পড়বে, তার ওপর ভিত্তি করে প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে হুমকির মুখে থাকা ২০টি উন্নয়নশীল দেশের পক্ষে ক্লাইমেট ভালনারেবল ফোরাম প্রতিবেদনটি তৈরি করে। প্রতিবেদনে বলা হয়, বর্তমান সময় থেকে পরবর্তী দশকের শেষ পর্যন্ত সম্মিলিত জলবায়ু কার্বন সংকটে পড়বে ১০ কোটি মানুষ।জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিবছর জিডিপি কমে যেতে পারে ১ দশমিক ৬ শতাংশ, যা ২০৩০ সাল নাগাদ ৩ দশমিক ২ শতাংশ হতে পারে। এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় অক্সফাম ইন্টারন্যাশনাল বলেছে, জলবায়ু পরিবর্তনের বিষয়ে রাজনৈতিক নিষ্ক্রিয়তার কারণে এ ক্ষেত্রে এই টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।