জলবায়ু পরিবর্তনের আলোচনায় মানুষকে কেন্দ্রে আনতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনার ক্ষেত্রে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি, প্রযুক্তি, প্রকৃতি ও পরিবেশ বেশি গুরুত্ব পাচ্ছে। কিন্তু মানুষের ওপর এই পরিবর্তনের প্রভাব কীভাবে পড়ছে তা নিয়ে পর্যালোচনা কম হচ্ছে। অথচ বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই জলবায়ু পরিবর্তনের আলোচনার কেন্দ্রে মানুষকে আনতে হবে।আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক কমিশনার মেরি রবিনসন গতকাল বুধবার এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন। রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘জলবায়ু পরিবর্তন: অধিকার ও ন্যায়বিচার’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক হয়। যৌথভাবে এর আয়োজন করে ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়।বৈঠকের মূল বক্তা মেরি রবিনসন বলেন, জাতিসংঘের সর্বশেষ দুটি জলবায়ু সম্মেলনের সভাপতি ছিলেন নারী। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে নারীরা নেতৃত্বে এগিয়ে আসছে। স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের সক্ষম করে গড়ে তুলতে হবে। বৈঠকে তিনি গত মঙ্গলবার ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ওই এলাকার মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এসব মানুষের জন্য অভিযোজনের ব্যবস্থা করা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে।আয়ারল্যান্ডের সাবেক এই প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘ জলবায়ু তহবিলে আয়ারল্যান্ড সরকার আড়াই কোটি মার্কিন ডলার দেবে। এই অর্থসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বেশির ভাগ অর্থ যাতে বাংলাদেশের মতো দরিদ্র ও ক্ষতিগ্রস্ত দেশকে দেওয়া হয়, সে লক্ষ্যে তিনি চেষ্টা করবেন।প্রশ্নোত্তর পর্বে মেরি রবিনসন বলেন, বিশ্বের তাপমাত্রা চলতি শতাব্দীর মধ্যে দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি যাতে না বাড়ে, সে জন্য আয়ারল্যান্ড সরকার তাদের মোট কার্বন নিঃসরণের ৪০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ৩০ শতাংশ কমাতে রাজি হচ্ছে। তিনি পৃথিবীর সব দেশকে কম কার্বন নিঃসরণ করে উন্নয়ন করার পরামর্শ দেন।সূচনা বক্তব্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বেড়িবাঁধ আইলায় ভেঙে যাওয়ার ফলে সেখানকার প্রায় অর্ধেক মানুষ বাস্তুচ্যুত হয়ে দেশের অন্যত্র চলে গেছে। এভাবে ভবিষ্যতে আরও বিপুলসংখ্যক মানুষ ঝড়-জলোচ্ছ্বাসে নিঃস্ব হয়ে সারা দেশে ও সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এ ধরনের মানুষদের জলবায়ু উদ্বাস্তু হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর আয় বাড়াতে পারলে তারা ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অর্জন করবে।বৈঠকের প্রধান অতিথি পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিশ্বে প্রতিবছর প্রায় দেড় হাজার বিলিয়ন ডলার অস্ত্র খাতে ব্যয় হয়। গত কয়েক বছরে বিশ্বমন্দার কারণে ধনী দেশগুলো তাদের উন্নয়ন বাজেটের বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ কাটছাঁট করলেও অস্ত্র খাতে সাত শতাংশ ব্যয় বাড়িয়েছে, যা ১০০ বিলিয়ন ডলারের বেশি। তিনি বলেন, শিল্পোন্নত দেশগুলো ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেন ও ২০১০ সালে মেক্সিকোর কানকুনে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে ২০১২ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের অঙ্গীকার করেছিল। এই অর্থ এখনো ছাড় না হওয়া হতাশাজনক।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় বাংলাদেশের দুই কোটি মানুষ উদ্বাস্তুতে পরিণত হবে। পৃথিবীর সবচেয়ে ঘনবসতির এই দেশের এত মানুষকে কোথায় বসবাসের জায়গা দেওয়া হবে? তিনি বলেন, বিশ্ব নেতা হিসেবে মেরি রবিনসন এই বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উত্থাপন করতে পারেন।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক সচিব রেজাউল কবীর বলেন, ধনী দেশগুলো তাদের দেওয়া ঋণ মওকুফ করার মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্বল্পোন্নত দেশগুলোকে সহায়তা করতে পারে।সমাপনী বক্তব্যে ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, নিয়মিতভাবে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের উন্নয়ন-প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের জন্য মূলত উন্নত দেশগুলো দায়ী। বাংলাদেশের এ ক্ষেত্রে কোনো ভূমিকা না থাকলেও ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান রাখা উচিত।ব্র্যাকের পানি ও স্যানিটেশন বিভাগের পরিচালক বাবর কবিরের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব কনজারভেশন ফর নেচার (আইইউসিএন) বাংলাদেশের দেশীয় পরিচালক নিয়াজ আহমেদ চৌধুরী ও জলবায়ু বিশেষজ্ঞ সামসুদ্দোহা।