জলবায়ু পরিবর্তনের কৌশলপত্র বাস্তবায়নে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের জলবায়ু পরিবর্তনের কৌশল ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তা আরও বৃদ্ধির জন্য বেলজিয়ামের প্রধানমন্ত্রী ইভেস লেটেমির প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইভেস লেটেমির সঙ্গে তাঁর বাসভবনে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।বৈঠকে উভয় প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনায় আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনে বাংলাদেশ ও বেলজিয়ামের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী সবুজ অর্থনীতির জন্য সবুজ প্রকল্প প্রণয়ন ও সবুজ প্রযুক্তির প্রাপ্যতা সহজলভ্য করতে বেলজিয়ামের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।বাংলাদেশের বর্তমান বিনিয়োগবান্ধব পরিবেশের কথা উল্লে¬খ করে তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে তাদের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।এ ছাড়া তিনি বলেন, বাংলাদেশে জাহাজ তৈরি শিল্প, আইটি, বিদ্যুত্ ও অবকাঠামো খাতে বেলজিয়ামের বিনিয়োগ বৃদ্ধির সুযোগ রয়েছে।প্রধানমন্ত্রী বলেন, বেলজিয়াম বাংলাদেশ থেকে তৈরি পোশাক, হিমায়িত মাছ, ওষুধ, পাটজাত, সিরামিক ও চামড়াজাত পণ্যের মতো বিশ্বমানের পণ্য আমদানি করতে পারে।বেলজিয়ামের প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার পরিচালনায় দক্ষ নেতৃত্ব এবং বিভিন্ন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পথ নির্দেশনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। তিনি বলেন, শেখ হাসিনা সন্ত্রাসবিরোধী পদক্ষেপ, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, মানিলন্ডারিং ও আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধের মতো ইস্যুতেও অসাধারণ ভূমিকা পালন করেছেন।জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সময়োচিত কৌশলপত্র উত্থাপনে শেখ হাসিনার দূরদৃষ্টি ও সুদূরপ্রসারী ভূমিকার উল্লে¬খ করে তিনি বলেন, বিশ্ব নেতৃবৃন্দ তাঁর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।লেটেমি বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ফলে বাংলাদেশ এমডিজি-৪ অ্যাওয়ার্ড পেয়েছে এবং সাফল্যের সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবিলা করেছে।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহান বৈঠকে উপস্থিত ছিলেন। বাসস