জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ দ্রুত ছাড়ের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর অঙ্গীকার করা ক্ষতিপূরণ দ্রুত ছাড় করার দাবি জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।বিশ্ব পরিবেশ দিবস ও জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলন উপলক্ষে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সচেতনতামূলক এক মানববন্ধনে ইফতেখারুজ্জামান এ দাবি জানান। টিআইবি, জলবায়ু অর্থায়নে সুশাসন নেটওয়ার্ক ও বাংলাদেশ ওয়াটার ইনটিগ্রিটি নেটওয়ার্ক এ মানববন্ধনের আয়োজন করে।জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বিশেষ ট্রাস্ট তহবিল গঠন করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান টিআইবির নির্বাহী পরিচালক। তবে তিনি এ তহবিলের কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখার ব্যাপারে নজরদারির আহ্বান জানান।উদ্বেগ প্রকাশ করে ইফতেখারুজ্জামান বলেন, বিশেষ ট্রাস্ট ফান্ডের অধীনে যেসব প্রকল্প নেওয়া হয়েছে, তার অনেকগুলোই রাজনৈতিক প্রভাব খাটিয়ে করা হয়েছে। বাস্তবতার সঙ্গে এসব সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের প্রকল্পগুলো বন্ধ করে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, তাদের প্রয়োজনের দিকে দৃষ্টি দিয়ে প্রকল্প নেওয়ার দাবি জানান তিনি।ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক তহবিল (রেজিলিয়েন্স ফান্ড) গঠন করেছে। কিন্তু সেখানে সব ধরনের তথ্য প্রকাশ করা হচ্ছে না। তিনি বলেন, বিশ্বব্যাংক তাদের বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে স্বচ্ছতার কথা বলে কিন্তু সম্প্রতি এ তহবিলের সব তথ্য পাওয়া যাচ্ছে না। এর সব তথ্য প্রকাশ করার পাশাপাশি স্বচ্ছতার দাবি জানান টিআইবির নির্বাহী পরিচালক।