জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এগিয়ে বাংলাদেশ-মালদ্বীপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ ও মালদ্বীপ। তবে এই ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দেশ দুটি ভালোভাবেই অগ্রসর হচ্ছে। গতকাল শনিবার বিশ্বব্যাংকের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।বিবৃতিতে বলা হয়, জলবায়ু পরিবর্তন নিয়ে কাতারের রাজধানী দোহায় শীর্ষ পর্যায়ের সম্মেলন আয়োজন করেছে জাতিসংঘ। বাংলাদেশ এবং মালদ্বীপের পরিবেশমন্ত্রীরা সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাঁদের দেশের বিভিন্ন পদক্ষেপ এবং কর্মপন্থা তুলে ধরেন। তাঁরা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিকে উন্নয়নের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে। এ জন্য দেশের মানুষ এবং অবকাঠামোকে প্রস্তুত করতে কৌশলগত বিনিয়োগ করা হচ্ছে।বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রায় এক কোটি ৪৬ লাখ মানুষ জলোচ্ছ্বাসের ঝুঁকিতে আছে। জলবায়ু পরিবর্তনের বর্তমান হার যদি স্বাভাবিক থাকে, তাহলে ২০৫০ সাল নাগাদ এই সংখ্যা দাঁড়াবে এক কোটি ৮৫ লাখ।বিশ্বব্যাংক জানায়, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে বাংলাদেশ গত দশকে এক হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। নদীর বাঁধ ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং বিশ্বমানের আগাম সতর্কীকরণ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর ফলে দুর্যোগে প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য হারে অনেক কমেছে।দোহায় জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পরিবেশ ও বনমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ ইতিমধ্যে বিশ্বের অন্যতম ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের ফলে খরার ঝুঁকিও বাড়ছে।’ তিনি জানান, দেশের দুই-তৃতীয়াংশ ভূখণ্ডের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ মিটারেরও কম।জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার লড়াইয়ে বাংলাদেশ তার উন্নয়ন অংশীদারদের সঙ্গে সফলভাবে কাজ করছে এবং একটি কার্যকর তহবিল গড়ে তুলেছে। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রিজিলিয়েন্স ফান্ড নামের ওই তহবিল ইতিমধ্যে বিভিন্ন দেশ ও সংস্থা থেকে ১৭ কোটি মার্কিন ডলার পেয়েছে। এই অর্থ কাজে লাগানোর প্রধান দায়িত্ব পালন করছে বাংলাদেশ সরকার। তারাই প্রকল্প নির্ধারণ করছে এবং তা বাস্তবায়নও করছে। ট্রাস্টি হিসেবে সেই তহবিলের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব পালন করছে বিশ্বব্যাংক।এ ছাড়া বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড নামে একটি স্বতন্ত্র তহবিলও গঠন করেছে বাংলাদেশ সরকার। গত চার বছরে সেই তহবিলে তারা নিজেরাই ৩৫ কোটি মার্কিন ডলার বরাদ্দ করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশটি ১০৬টি প্রকল্প বাস্তবায়ন করছে।