উন্নয়ন ফোরামের উদ্বোধনে প্রধানমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের প্রভাব উন্নয়নের জন্য বড় হুমকি
উন্নয়ন ও খাদ্য-নিরাপত্তার জন্য বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এক বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই উন্নয়ন-সহযোগীদের প্রতি সবচেয়ে সংবেদনশীল দেশ, স্বল্পোন্নত দেশ (এলডিসি), সমুদ্র-উপকূলবর্তী নিচু ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এলডিসিসহ দরিদ্র দেশগুলোকে সাহায্য করতে উন্নয়ন-সহযোগীরা এর আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, জলবায়ু পরিবর্তনের প্রভাবের ভয়াবহ দিক বিবেচনা করে তাদের প্রতিশ্রুত অর্থ বিতরণেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে গত ডিসেম্বরে কোপেনহেগেনে সম্মেলন অনুষ্ঠিত হয়, সেখানে উন্নয়ন-সহযোগীরা একটি তহবিল গঠনের অঙ্গীকার করেছিল। সে অনুযায়ী ব্রাসেলস কার্যসূচির আওতায় তাদের জাতীয় আয়ের শূন্য দশমিক সাত শতাংশ উন্নয়নশীল দেশগুলোকে এবং শূন্য দশমিক দুই শতাংশ এলডিসিকে দেওয়ার কথা। এ অর্থ দ্রুত বিতরণ করা প্রয়োজন।গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ), ২০১০-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এ লক্ষ্য পূরণে বিডিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদী।বিশ্বায়নের যুগে বিশ্বের সব দেশ, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা, যোগাযোগ এবং এসব দেশের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ রক্ষা করা অপরিহার্য বলে মনে করেন প্রধানমন্ত্রী। সে কারণেই সার্ক ও সার্কের বাইরেও আঞ্চলিক সহযোগিতা জোরদারের পদক্ষেপ নেওয়া হয়েছে।শেখ হাসিনা বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় নিজস্ব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নদী খনন, জমি উদ্ধার, উদ্ধার করা উঁচু জমিতে ছিন্নমূল মানুষের জন্য বাড়িঘর তৈরি, আবহাওয়ার সঙ্গে খাপ খায় এমন ফসলের জাত উদ্ভাবন এবং জীববৈচিত্র্য রক্ষা করা।২০০৮ সালে অনুষ্ঠিত নির্বাচনের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এক বছরে দেশে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে।প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বিডিএফ থেকে যে সুপারিশগুলো বেরিয়ে আসবে, তা দেশের আর্থসামাজিক উন্নয়ন-কৌশল বাস্তবায়নে সহায়তা করবে। সুপারিশগুলো উন্নয়ন-সহযোগীদের মধ্যে কার্যকর সমন্বয়ের কৌশল উদ্ভাবন এবং সরকারের অগ্রাধিকার ও ভিশন বাস্তবায়নে গাইড লাইন হিসেবে কাজ করবে।উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। স্থানীয় পরামর্শক দলের (এলসিজি) দুই কো-চেয়ার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব এম মোশাররফ হোসেন ভুঁইয়া ও যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিএফআইডি) কান্ট্রি ডিরেক্টর ক্রিস অস্টিন এতে স্বাগত বক্তব্য দেন।উন্নয়ন-সহযোগীদের পক্ষ থেকে বক্তব্য দেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল গুয়েরেরো, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ এশীয় অঞ্চল বিভাগের মহাপরিচালক সুলতান হাফিজ রহমান এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল কো-অপারেশন ব্যুরোর উপমহাপরিচালক কাজুয়ো সুনাগা।বিশ্বমন্দার প্রভাব মোকাবিলায় বিশ্বায়ন-ব্যবস্থার ধীরগতি ও স্বল্পসংখ্যক পদক্ষেপের সমালোচনা করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বিশ্বমন্দার প্রভাবের কারণে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রথমত দরকার অনুদান ও নামমাত্র সুদে ঋণ। এটি এখন খুবই কম পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত দরকার শর্তহীন বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি।অর্থমন্ত্রী বলেন, দুটি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের বর্তমান অবস্থা থেকে সম্মানজনক উত্তরণ ঘটানো সম্ভব। এতে প্রবৃদ্ধির সুফলও পাবে দরিদ্র মানুষ। চলতি বছরের জুলাইয়ে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রকাশ করার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্র (পিআরএসপি) অনুমোদনের জন্য এবারের বিডিএফ বৈঠকে উন্নয়ন-সহযোগীদের কাছে উপস্থাপন করা হবে।ক্রিস অস্টিন বলেন, সরকার-ঘোষিত মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে উন্নয়ন-সহযোগীরা। তিনি বলেন, তবে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে বাংলাদেশের সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ। এগুলো মোকাবিলার উপায় নির্ধারণ করতে হবে। উন্নয়ন-সহযোগীরা দীর্ঘ মেয়াদে আর্থিক ও কারিগরি সহায়তা আগে যেমন দিয়ে এসেছে, আগামী দিনেও তা অব্যাহত থাকবে।ইসাবেল গুয়েরেরো আগামী দিনের বাংলাদেশের জন্য চারটি চ্যালেঞ্জ চিহ্নিত করেন। এগুলো হচ্ছে দারিদ্র্য নিরসন, মানসম্পন্ন বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও কর্মসংস্থান।এডিবির দক্ষিণ এশীয় অঞ্চল বিভাগের মহাপরিচালক সুলতান হাফিজ রহমান বলেন, প্রবৃদ্ধি অর্জন তথা দারিদ্র্য নিরসনে বেসরকারি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সেই বিনিয়োগের পরিবেশটা তৈরি করা সরকারের দায়িত্ব।জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল কো-অপারেশন ব্যুরোর উপ-পরিচালক কাজুয়ো সুনাগা বলেন, বিডিএফের গুরুত্বের ব্যাপারে জাপান সরকার ওয়াকিবহাল। ভিশন ২০২১ এবং দ্বিতীয় পিআরএসপি বাস্তবায়নে বাংলাদেশ সরকার দৃঢ় রাজনৈতিক প্রতিশ্রুতি বিডিএফে তুলে ধরতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী।