জলবায়ু পরিবর্তনের প্রভাব কৃষি খাতকেও ঝুঁকিপূর্ণ করেছে: খাদ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, জলাবদ্ধতাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও তীব্রতা বেড়েছে। জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব কৃষি খাতকেও ঝুঁকিপূর্ণ করেছে। তাই কৃষি খাতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। আজ শুক্রবার গাজীপুরের ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজিতে (আইইউটি) বিজ্ঞানীদের ‘এশিয়ান কংগ্রেস অব ফ্লুইড মেকানিক্স’র ১৩তম সমাবেশের তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, জলবায়ুর পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করছেন, আবহাওয়া পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ফলে সমুদ্রতল আরও ওপরে উঠে আসবে। এতে দেশের দক্ষিণাঞ্চলের অনেক ভূমি তলিয়ে যাবে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র উপকূলে পানির লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। এশিয়ার দেশগুলো বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার। এতে সবচেয়ে বেশি বিরূপ প্রভাব পড়বে কৃষি খাতে।আব্দুর রাজ্জাক আরও বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তি উদ্ভাবন করা না গেলে বিপুল এ জনসংখ্যার দেশে দারিদ্র্য আরও বেড়ে যাবে। তাই তিনি বিজ্ঞানীদের আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা জোরদারের আহ্বান জানিয়েছেন।অধ্যাপক এম এইচ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইউটির উপাচার্য ইমতিয়াজ হোসেন, অধ্যাপক জিয়া চুন লি ও অধ্যাপক সদরুল ইসলাম।সমাবেশের আয়োজক কমিটির চেয়ারম্যান প্রফেসর এ কে এম সদরুল ইসলাম জানান, বিজ্ঞানীদের পাঁচ দিনব্যাপী এশিয়ান কংগ্রেস অব ফ্লুইড মেকানিক্সে এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে তিন শতাধিক বিজ্ঞানী তথা গবেষক এতে যোগ দেবেন। সমাবেশে ক্যানসার রোগ নিরাময় প্রতিষেধক উদ্ভাবনী কৌশল, জীবজন্তুর গতিপ্রকৃতি নির্ণয়, আকাশের মেঘের গতিরহস্য উদঘাটন এবং আবহাওয়ার তারতম্যের পূর্বাভাস নির্ণয়বিষয়ক আড়াই শরও গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এবারই প্রথম বাংলাদেশে এ সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। এটি ১৩তম সমাবেশ। যার যাত্রা শুরু হয় ১৯৮০ সালে ভারতের ব্যাঙ্গালুরু থেকে।বাংলাদেশ সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স আয়োজিত এ সমাবেশের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘ন্যাচারাল অ্যান্ড হিউম্যান ইনডিউসড হ্যাজার্ড মিটিগ্যাশন’। সমাবেশে পানি-বায়ুর অসমপ্রবাহ, বিকল্প শক্তি, পানি ও বন্যা এবং ব্যবস্থাপনাবিষয়ক তিনটি মিনি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে।