জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ইইউর সহায়তার আশ্বাস
ইউরোপিয়ান ইউনিয়ন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে তাদের প্রতিশ্রুত তহবিল দেওয়ার ব্যাপারে আবারও আশ্বাস দিয়েছে।আজ বৃহস্পতিবার ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ভ্যান রম্পাই ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসো ব্রাসেলসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথক সাক্ষাত্কালে এ আশ্বাস দেন। বৈঠক দুটিতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও সন্ত্রাস দমনসহ বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় প্রাধান্য পায়।বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা বাংলাদেশকে উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার এবং গণতন্ত্রকে শক্তিশালী করাসহ সুশাসন প্রতিষ্ঠায় তাঁদের সর্বাত্মক সহায়তার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন। তাঁরা উন্নয়ন খাতে তাঁদের সহায়তা সঠিকভাবে কাজে লাগানোর জন্য বাংলাদেশের প্রশংসা করে বলেন, তাঁরা তাঁদের সহায়তা সম্প্র্রসারণের জন্য নতুন ও কার্যকর খাত খুঁজে বের করার চেষ্টা করবেন।রম্পাই ও বারোসো উভয়েই জাতিসংঘের এমডিজি-৪ অ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের বাঘ সম্মেলনকে সময়োচিত আখ্যা দিয়ে রম্পাই ও বারোসো বলেন, বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে রক্ষা করতে হলে এর উপকূলীয় অঞ্চল ও সুন্দরবনকে রক্ষা করতে হবে।বাংলাদেশের জলবায়ু পরিবর্তন কৌশলের প্রশংসা করে দুই নেতা ইইউর পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তার আশ্বাস দেন।ভিশন-২০২১ বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের লক্ষ্য প্রসঙ্গে রম্পাই ও বারোসো বলেন, ইইউভুক্ত দেশগুলো এ উদ্যোগ বাস্তবায়নে আরও সহায়তা দেবে।পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং বেলজিয়াম ও ইইউতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহানও বৈঠকে উপস্থিত ছিলেন।—বাসস