বাংলাদেশের প্রস্তাব গৃহীত
জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্য খাতে ব্যয় অনেক বৃদ্ধির আশঙ্কা
গত ১০ বছরে সারা পৃথিবীতে মানুষের গড় আয়ু বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। একই সময় স্বাস্থ্য খাতে মানুষের ব্যয় বেড়েছে ছয় শতাংশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা না হলে ২০৩০ সাল নাগাদ মানুষের স্বাস্থ্য খাতে ব্যয় ৩০০ গুণ বাড়বে।সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের একটি অধিবেশনে এ তথ্য দেওয়া হয়। গতকাল বুধবার অনুষ্ঠিত এ অধিবেশনে স্বাস্থ্যকে জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক কর্মকাণ্ডের মূল ধারায় আনতে বাংলাদেশের একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।‘ক্লাইমেট চেঞ্জ, ভালনারেবল পপুলেশন প্রোটেকশন অ্যান্ড সাসটেইনএবেলিটি: ফ্রম কানকুন টু ডারবান অ্যান্ড রিও’ শীর্ষক এ অধিবেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন মেক্সিকোর স্বাস্থ্যসচিব হোসে অ্যাঞ্জেল করডোভা। তিনি বলেন, পৃথিবীতে শুধু অসংক্রামক ব্যাধির প্রকোপ বাড়ছে না, ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো সংক্রামক ব্যাধির প্রকোপও বাড়ছে। সংক্রামক ব্যাধির প্রকোপ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব। ঝড়-জলোচ্ছ্বাসের কারণে জখমের পরিমাণ বাড়ছে। অভিবাসন বা স্থানান্তরিত হওয়ার কারণে মানসিক রোগ বাড়ছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যে অর্থ খরচ করা হচ্ছে, তার এক শতাংশেরও কম খরচ করা হচ্ছে স্বাস্থ্য খাতে।অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম এম আশরাফুল ইসলাম। অধিবেশনে যুক্তরাজ্য, থাইল্যান্ড, ব্রাজিল, জার্মানি ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা নিজ নিজ সরকারের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন।অধিবেশনে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ প্রোমোশনাল ইউনিটের সমন্বয়কারী ইকবাল কবীর বলেন, স্বাস্থ্যকে জলবায়ু পরিবর্তনে প্রভাব মোকাবিলার আন্তর্জাতিক কর্মকাণ্ডের মূল ধারায় নিতে হবে। এর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে একটি কোর নেটওয়ার্ক গ্রুপ তৈরির প্রস্তাব করেন তিনি।অধিবেশনে সিদ্ধান্ত হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু সদস্য নিয়ে একটি নেটওয়ার্ক গ্রুপ তৈরি করা হবে। এই গ্রুপ সংশ্লিষ্ট বিষয়ে খসড়া প্রস্তাবনা তৈরি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী কমিটির কাছে পেশ করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই প্রস্তাবনা চূড়ান্ত করে জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কর্মকাণ্ডের মূল ধারায় আনার চেষ্টা চালাবে।অধিবেশনে উপস্থিত ইন্টারন্যাশনাল ফেডারেশন অব মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বলেন, জলবায়ুর পরিবর্তনে স্বাস্থ্যের ওপর প্রভাব মোকাবিলায় সংশ্লিষ্ট দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় কী করছে তা নজরদারির উদ্যোগ নিতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে।পৃথক একটি অধিবেশনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) আবুল কালাম আজাদ বাংলাদেশে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।