জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তি উদ্ভাবনে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় যথাযথ দেশীয় সবুজ (পরিবেশবান্ধব) প্রযুক্তি উদ্ভাবনের জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) ৫২তম কনভেনশন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ কোনভাবেই দায়ী না হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। তিনি জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় তার সরকারের নেওয়া বিভিন্ন ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, ‘এ ব্যাপারে উন্নত দেশগুলোর আমাদের সহায়তা দেওয়ার কথা। তারা সবুজ প্রযুক্তি হস্তান্তরের আশ্বাস দিয়েছে। কিন্তু তাদের আশায় বসে না থেকে আমাদেরকেই লাগসই প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।’ প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাঁর সরকার ভিশন-২০২১ বাস্তবায়ন করছে। এই রূপকল্প বাস্তবায়নে প্রকৌশলীরাই অগ্রণী সৈনিক। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও তার সঠিক ব্যবহারের মাধ্যমে ও অবকাঠামো উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা সবচেয়ে বেশি। তিনি বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন ও উৎপাদন কর্মকাণ্ডের প্রায় ৮৫ শতাংশ ব্যয় হয় প্রকৌশলীদের মাধ্যমে। রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছু স্থাপনের দায়িত্ব তাদের। তিনি মান বজায় রেখে দ্রুততার সঙ্গে নির্মাণকাজ সমাপ্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, ‘একজন প্রকৌশলী তৈরি করতে মা-বাবার পাশাপাশি রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। জনগণ এই অর্থ জোগান দিয়ে থাকেন। তাই দেশ ও জনগণের প্রতি প্রতিদান দেওয়া আপনাদের দায়িত্ব।’প্রধানমন্ত্রী বিদ্যুৎসংকটের জন্য বিগত বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করে বলেন, তারা জনগণের চাহিদার কথা বিবেচনায় রেখে বিদ্যুৎ উৎপাদন বাড়ালে এই সংকটের সৃষ্টি হতো না। দুর্ভাগ্যজনক হলেও তারা জাতীয় গ্রিডে এক মেগাওয়াট বিদ্যুৎও সংযুক্ত করতে পারেনি। তিনি বলেন, তাঁর সরকার গত বছর জাতীয় গ্রিডে ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করেছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে ৩৪টি নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চলছে। আরও ২৪টি বিদ্যুৎকেন্দ্র চূড়ান্ত করার কাজ অনেক দূর এগিয়ে গেছে। এ বছর আরও ২১৪১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে।