প্রতীকী জলবায়ু আদালতে বিচার চাইলেন ক্ষতিগ্রস্তরা
জলবায়ু-সংক্রান্ত ধারা সংবিধানে যুক্ত করাসহ ১৪ সুপারিশ
জলবায়ু-সংক্রান্ত ধারা যথোপযুক্তভাবে সংবিধানে সংশোধনীর মাধ্যমে যুক্ত করার সুপারিশ করেছেন প্রতীকী জলবায়ু আদালত। আজ সোমবার রাজধানীতে অনুষ্ঠিত হওয়া জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশ্বের প্রথম ‘জলবায়ু আদালতে’ জুরি বোর্ড এই সুপারিশ করে। জুরি বোর্ডের পক্ষে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান ১৪টি সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরেন। দেশে জলবায়ু-সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট আইন না থাকায় দ্রুততম সময়ে এ-সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন ও আন্তর্জাতিক জলবায়ু আদালত স্থাপনের জন্য বলেন। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকা যুক্তরাজ্যে হাউস অব কমন্সের সদস্য রুশনারা আলী আদালতের রায় ঘোষণার পর উপস্থিত সাংবাদিকদের বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী করে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পারস্পরিক দোষারোপে লাভ নেই। সহযোগিতার মনোভাগ নিয়ে এগোতে হবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিষয়টি তিনি যুক্তরাজ্যের সর্বোচ্চ মহল পর্যন্ত নিয়ে যাবেন। ক্ষতিগ্রস্তদের পক্ষে বরগুনার জেলে পল্লি থেকে আসা ৩৫ বছর বয়সী মমতাজ বেগম জানান, চার সন্তান ঘরে রেখে তাঁর স্বামী মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরেননি। সন্তানের মুখে খাবার তুলে দিতে আমি এখন দ্বারে দ্বারে ঘুরছি, এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। বরগুনা সদরের ধলুয়া ইউনিয়নের পূর্ব চরকগাছিয়া গ্রামের সিদ্দিকুর রহমান জানান, সাগরে মাছ ধরতে গিয়ে তিনি ঝড়ে তিন দিন পানিতে ভেসেছেন। ভারতীয় একটি জাহাজ উদ্ধার করে ওড়িশার একটি জঙ্গলে নিলে সেখান থেকে মানবাধিকার সংস্থা তাঁকে দেশে আনে। জলবায়ু বিজ্ঞানী আহসানউদ্দিন আহমেদ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের করুণ পরিণতির জন্য বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকে দায়ী করে বলেন, জুন থেকে নভেম্বর পর্যন্ত আগে বছরে চার থেকে ছয়টি নিম্নচাপ হতো। গত কয়েক বছরে তা বেড়ে কমপক্ষে ১২টি নিম্নচাপ হচ্ছে। গত ৫০ বছরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস বাড়ায় নিম্নচাপ বেড়েছে। গ্রামীণ জীবনযাত্রার জন্য স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযানের (সিএসআরএল) আয়োজনে অনুষ্ঠিত আদালতের সূচনায় সিএসআরএলের সচিব জিয়াউল হক জলবায়ু পরিবর্তনের আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত তুলে ধরেন। আইপিসিসির সদস্য অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক পরিসরে অনেক অঙ্গীকার-কথা হয়। কিন্তু কথার মারপ্যাঁচে তা আর কার্যকর করা হয় না। উন্নত বিশ্বের কাছে ক্ষতিপূরণের বিষয়টি তুলে ধরতে হবে। আরও বক্তব্য দেন সাংসদ সাবের হোসেন চৌধুরী, তারানা হালিম, হাসানুল হক ইনু প্রমুখ। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ সম্পাদক আবেদ খান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, বৈশাখি টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের হাসান শাহরিয়ার ও ডাচ্ অর্থনীতিবিদ পিটার কাস্টার্স।