জলবায়ু সম্মেলনের অর্জন নতুন রোডম্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সপ্তাহ ধরে চলা ডারবান জলবায়ু সম্মেলনে শেষ পর্যন্ত একটি ‘রোডম্যাপ’ বা রূপরেখা তৈরি হয়েছে। সম্মেলনের শেষ মুহূর্তে কিয়োটো চুক্তির মেয়াদ ২০১৫ সাল পর্যন্ত বাড়ানোর ঘোষণা আসতে পারে।গতকাল শুক্রবার ছিল সম্মেলনের শেষ দিন। তবে শেষ মুহূর্তের আলোচনা দীর্ঘায়িত হয়ে তা স্থানীয় সময় মধ্যরাত পেরিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছিল। বিশেষজ্ঞরা বলছেন, আগে সম্পূর্ণ ব্যর্থতার আশঙ্কা করা হলেও কিয়োটো চুক্তি টিকিয়ে রাখাটাও সম্মেলনের একটা সাফল্য।অংশগ্রহণকারী ব্যক্তিরা বলেছেন, সম্মেলনের শেষ সময়ে ২০১৭ সালে পৌঁছে গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) ব্যবস্থাপনার বিষয়টিও চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।গতকাল শুক্রবার সকাল থেকে সম্মেলনের সভাপতি বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশকে নিয়ে একটি বৈঠক করেছেন। বৈঠকে ডারবান সম্মেলনের ফলাফল হিসেবে একটি রোডম্যাপসহ খসড়া চুক্তি করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), স্বল্পোন্নত ও দ্বীপ রাষ্ট্রগুলো এই খসড়া রোডম্যাপের সঙ্গে একমত হয়েছে। স্থানীয় সময় গতকাল বিকেল পর্যন্ত ভারত ছাড়া বিশ্বের ১৯৩টি রাষ্ট্রের প্রায় সবাই এ ব্যাপারে একমত হয়।স্থানীয় সময় শুক্রবার দিবাগত মধ্যরাতের দিকে (বাংলাদেশ সময় আজ শনিবার ভোর চারটা নাগাদ) এই চুক্তির অনুমোদন নিয়ে আলোচনা শুরু হবে। কয়েক ঘণ্টা আলোচনার পর চুক্তিসহ ঘোষণা আসতে পারে বলে সম্মেলনের সভাপতি মেইতে এনকোয়ানে মাসাবানে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। রোডম্যাপ অনুযায়ী ইইউ ২০১২ থেকে ২০২০ পর্যন্ত ২০ শতাংশ কার্বন নিঃসরণ কমাবে। তবে এই জোট বিশ্বের মোট কার্বনের মাত্র ১১ শতাংশ নিঃসরণ করে থাকে। সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রধান জলবায়ুবিষয়ক প্রতিনিধি টড স্টার্ন বলেছেন, তাঁরাও ২০২০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমাবেন। চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকাও এই চুক্তির ব্যাপারে একমত হয়েছে।কোপ-১৭ সভাপতির সঙ্গে সকালের বৈঠকে যুক্তরাষ্ট্র, ইইউ, ভারত, চীন ও স্বল্পোন্নত রাষ্ট্রের মোট ২৫টি দেশের প্রতিনিধিরা যোগ দেন। দুই ঘণ্টার ওই বৈঠকে ডারবান চুক্তির ব্যাপারে সবাইকে মতামত দিতে বলা হয়। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনবিষয়ক দলের সমন্বয়কারী কাজী খলীকুজ্জমান প্রথম আলোকে গতকাল বলেন, সম্মেলন পুরোপুরি ব্যর্থ হতে চলেছে, এটা বলা যাবে না। কেননা, কিয়োটো চুক্তি যদি দুর্বলভাবেও টিকিয়ে রাখা যায়, সেটাও একটা আশার আলো জাগিয়ে রাখবে। ডারবান রোডম্যাপ অনুযায়ী ২০১৫ সাল নাগাদ বিশ্বের অন্যান্য কার্বন নিঃসরণকারী দেশগুলো যদি চুক্তিতে আসে, তাহলে তা বিশ্বের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভূমিকা রাখবে। গতকাল বিকেলে ইইউর জলবায়ু প্রতিনিধি কোনি হেডেগার্ড এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন একটি চুক্তি না হওয়ার পথে ভারত বাধা দিচ্ছে। ইইউ, যুক্তরাষ্ট্র, চীন, ব্রাজিল, স্বল্পোন্নত রাষ্ট্র, দ্বীপরাষ্ট্রসহ বিশ্বের বেশির ভাগ দেশ এই চুক্তিতে আসতে রাজি হলেও একমাত্র ভারত রাজি হচ্ছে না অভিযোগ করে হেডেগার্ড বলেন, ‘ভারতের একগুঁয়েমির কারণে সম্মেলন পণ্ড হলে তা হবে সত্যি দুঃখজনক।’ এদিকে গতকাল বিকেল নাগাদ জিসিএফ বা জলবায়ু তহবিলসংক্রান্ত কমিটির প্রতিবেদন গ্রহণ করা হয়েছে। এতে এই তহবিলের ব্যবস্থাপনা, লক্ষ্য ও উদ্দেশ্য চূড়ান্ত করা হয়েছে। জাতিসংঘের ব্যবস্থাপনায় একটি বোর্ডের মাধ্যমে এই তহবিল পরিচালিত হবে। আগামী বছর তহবিলের অর্থ ছাড় করার প্রক্রিয়া শুরু করারও প্রস্তাব দেওয়া হয়েছে এতে।বাংলাদেশ সরকারের পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সম্মেলনে জলবায়ু তহবিলের বিষয়টি চূড়ান্ত হওয়াটাও একটি সফলতা।