ভুটান বাংলাদেশকে জলবিদ্যুৎ খাতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠকের সময় সফররত ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে এই আশ্বাস দেন। খবর বাসসের।থিনলে বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী ও উজানের দেশ হিসেবে ভুটান ভাটির দেশ বাংলাদেশের সম্ভাব্য সমস্যা সম্পর্কে পুরোপুরি অবগত আছে।বৈঠকে শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রীকে সে দেশের ভবিষ্যতের প্রকল্পগুলোতে বিনিয়োগের অংশীদার বা বিদ্যুতের সরাসরি ক্রেতা হিসেবে বাংলাদেশকে বিবেচনা করার অনুরোধ জানান। তিনি বলেন, ‘এ মুহূর্তে ভুটানের পক্ষে নতুন শরিকদের বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব না হলেও আমরা আশা করি, ভবিষ্যতে আমাদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দেশটি সক্ষম হবে।’শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ভুটান একে অপরের উন্নয়ন-প্রচেষ্টায় সহায়ক হতে পারে। এ ছাড়া বাণিজ্য, ব্যবসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দুই দেশ নতুন করে গতি আনতে পারে। এ প্রসঙ্গে তিনি, বিশেষ করে, বাংলাদেশে শুল্কমুক্তভাবে ভুটানের আরও পণ্য প্রবেশাধিকারের কথা উল্লেখ করেন।শেখ হাসিনা বলেন, বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, মিয়ানমার, চীন ও থাইল্যান্ডের মধ্যে লাভজনক সম্পর্ক গড়ে তোলার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এতে এসব দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়বে এবং বিপুল পরিমাণ পরিবহনব্যয় কমবে। এ ছাড়া অবকাঠামো ব্যবহারের মাধ্যমে সব দেশ লাভবান হতে পারবে। এ প্রসঙ্গে তিনি ভুটানকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যাপকভাবে ব্যবহার এবং অন্যান্য সুযোগ গ্রহণের আমন্ত্রণ জানান।প্রধানমন্ত্রী আরও বলেন, এ লক্ষ্যে বাংলাদেশ ও ভুটানের মধ্যে ১৯৮০ সালে সম্পাদিত ট্রানজিট চুক্তিটি যুগের চাহিদা পূরণের লক্ষ্যে হালনাগাদ করা হচ্ছে। চুক্তিটির মেয়াদ অবশ্য ২০০০ সালে উত্তীর্ণ হয়েছে।শেখ হাসিনা বলেন, ‘পারস্পরিক স্বার্থে আমাদের প্রতিবেশী দেশগুলোর জন্য ট্রানজিট ও যোগাযোগ-সম্পর্কিত সব বিষয় একটি একক কাঠামোর আওতায় আনার প্রচেষ্টাও চলছে।’ সার্ক ও জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশবান্ধব প্রযুক্তি এবং পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহযোগিতার প্রতি উভয় দেশকে মনোযোগী হওয়া উচিত। বৈঠকের সময় শেখ হাসিনা ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুককে তাঁর সুবিধাজনক সময়ে এবং বর্তমান রাজা জিংমে খেসার নামজিয়েল ওয়াংচুকে এ বছরের ২৬ মার্চ বাংলাদেশের ৪০তম স্বাধীনতা বার্ষিকীতে যোগদানের আমন্ত্রণ জানান।ভুটানের প্রধানমন্ত্রী বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সরকার রূপকল্প-২০২১-এর লক্ষ্য অর্জনে সক্ষম হবে, যা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করবে। থিনলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-প্রচেষ্টার প্রশংসা ও আস্থা প্রকাশ করেন।বৈঠক শেষে স্বাস্থ্য ও সংস্কৃতি বিনিময় খাতে বাংলাদেশ ও ভুটান দুটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করে।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, কেবিনেট সচিব এম আবদুল আজিজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎভুটানের প্রধানমন্ত্রী গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি জানান, বাংলাদেশ ও ভুটানের পর্যটনশিল্পের বিকাশে তাঁর সরকার ঢাকার সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী।জিগমে ওয়াই থিনলে বলেন, ‘আমাদের আছে পাহাড়-পর্বত আর আপনাদের আছে সমুদ্র। ফলে আকর্ষণীয় বাংলাদেশ-ভুটান ট্যুরিজম প্যাকেজ প্রস্তাব দেওয়ার মাধ্যমে আমরা বিপুলসংখ্যক বিদেশি পর্যটককে আকর্ষণ করতে পারি।’রাষ্ট্রপতি ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ভুটানকে তার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু মনে করে।রাষ্ট্রপতি স্মরণ করেন, স্বাধীনতাযুদ্ধের সময় বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী দুটি দেশের মধ্যে অন্যতম ছিল ভুটান। বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি দৃঢ়ভাবে বলেন, এ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সংহত ও শক্তিশালী হবে।সাক্ষাৎকালে ভুটান প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির স্বাস্থ্যমন্ত্রী লিওনপো জাংলে ডুকপা ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রীবিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানিয়েছেন, ভুটানের প্রধানমন্ত্রী গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি ‘সবার জন্য সুখ-সমৃদ্ধি’ শীর্ষক বক্তৃতা দেন।বক্তৃতায় ভুটানের প্রধানমন্ত্রী বলেন, পাশ্চাত্যের ধরনে এ অঞ্চলে সুখ-সমৃদ্ধি অর্জন করা সম্ভব নয়। এই অঞ্চলের মানুষের সুখ-সমৃদ্ধি অর্জনের জন্য আলাদা কাঠামো গড়ে তুলতে হবে। জিডিপি অনুসারে এগিয়ে গেলে তা এই অঞ্চলের মানুষের কাজে আসবে না। জিডিপির ধারণা বাদ দিতে হবে।সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ভুটানই একমাত্র দেশ, যেখানে জিডিপির চেয়ে নিট জাতীয় সুখকে বেশি প্রাধান্য দেওয়া হয়।