জলমহাল নীতিতে জেলেদের অধিকার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ২০০৯ সালের ২৩ জুন প্রকৃত জেলেদের কল্যাণার্থে নতুন জলমহাল ব্যবস্থাপনানীতি প্রণয়ন করে। ঘোষিত নতুন জলমহালনীতিতে ‘জাল যার জলা তার’ নীতি অনুসরণসহ বেশকিছু পরিবর্তনের কথা থাকলেও এ নীতিতে জেলেদের জীবনমান উন্নয়ন এবং মৎস্যসম্পদ উন্নয়নে বিশেষ কোনো ভূমিকা নেই। নতুন নীতিমালা অনুসারে খাস জলমহাল বলতে এমন জলাশয়কে বোঝাবে, যা বছরের একটি সময় বা সারা বছর জলমগ্ন থাকে, যেমন—হাওর, বাঁওড়, বিল, ঝিল, পুকুর, ডোবা, হ্রদ, দিঘি, খাল, নদী, সাগর ইত্যাদি নামে পরিচিত। কয়েক ধরনের জলমহাল সরকারের দখলে রয়েছে। বদ্ধ জলমহালের নির্দিষ্ট চতুঃসীমা রয়েছে এবং উন্মুুক্ত জলাশয়ের কোনো নির্দিষ্ট চতুঃসীমা নেই। এই নীতিতে বদ্ধ জলাশয় বা জলমহালগুলো বন্দোবস্তের কথা বলা হলেও উন্মুক্ত জলাশয় বা জলমহাল ব্যবস্থাপনা অথবা ইজারা দেওয়ার বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।জলমহালনীতির কয়েকটি উদ্দেশ্য হচ্ছে, দেশের খাস জলাশয় ও জলমহালগুলো প্রকৃত মৎসজীবীদের অনুকূলে অগ্রাধিকারভিত্তিক বন্দোবস্ত দেওয়া, জলমহাল বন্দোবস্ত দেওয়ার মাধ্যমে সরকারের রাজস্ব আয় বাড়ানো, মৎস্যসম্পদ সংরক্ষণ, এর উৎপাদন বৃদ্ধিসহ জীববৈচিত্র্য সংরক্ষণ করা ইত্যাদি। এ ছাড়া এগুলো বন্দোবস্ত পাবেন প্রকৃত মৎস্যজীবীরা, যাঁরা প্রাকৃতিক উৎস থেকে মাছ শিকার এবং বিক্রি করে প্রধানত জীবিকা নির্বাহ করেন। কিন্তু নীতিতে পরিষ্কার বলা হয়েছে, এসব মৎস্যজীবী সংগঠনকে অবশ্যই সমবায় অধিদপ্তর বা সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত হতে হবে এবং প্রকৃত মৎস্যজীবী সমিতিকে আবেদনপত্রের সঙ্গে উপজেলা অথবা জেলা সমাজসেবা বা সমবায় কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র (সমিতি কার্যকর আছে তার প্রমাণপত্র) এবং বিগত দুই বছরের সমিতির অডিট প্রতিবেদন দাখিল করতে হবে। ভূমি মন্ত্রণালয়ের পক্ষে জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি প্রতিটি জলমহালের বিগত তিন বছরের গড় ইজারামূল্য নির্ধারণ করে এর ওপর ৫ শতাংশ বর্ধিত হারে ইজারা মূল্য ধার্য করে সরকারি ইজারামূল্য নির্ধারণ করবে এবং আবেদনপত্রগুলো যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ দরদাতাকে বিবেচনা করা হবে। এমনকি প্রকল্পভুক্ত মাছচাষিদের ক্ষেত্রে সমিতির গঠনতন্ত্র, ব্যাংক লেনদেনসংক্রান্ত প্রত্যয়নপত্র, সত্যায়িত ছবি, বিগত দুই বছরের অডিট রিপোর্ট, উপজেলা বা জেলা সমবায় অথবা সমাজসেবা কর্মকর্তার প্রত্যয়নপত্র এবং ভবিষ্যৎ মৎস্য চাষ ও উৎপাদনের পরিকল্পনা ইত্যাদি নিয়ম মেনে আবেদন করতে বলা হয়েছে, যা প্রকৃত মৎস্যজীবীদের পক্ষে (বাংলাদেশের আর্থসামজিক অবস্থা বিবেচনায়) জোগাড় করা সম্ভব কি না, তা যথেষ্ট প্রশ্নসাপেক্ষ। বলা হয়েছে, কোনো কারণে জলমহাল বন্দোবস্ত দেওয়া না গেলে জেলা প্রশাসক খাস কালেকশনের মাধ্যমে তা ব্যবস্থাপনা করবেন। বন্দোবস্ত জলমহালগুলো কোনো অবস্থায়ই সাব-লিজ দেওয়া যাবে না কিংবা অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করা যাবে না। যদি কেউ তা করেন, তবে তাঁর লিজ বাতিল বলে গণ্য হবে। এ প্রক্রিয়াটি তদারকি কীভাবে হবে, কারা করবে, কখন করবে ইত্যাদি বিষয় উহ্য রাখা হয়েছে। নতুন জলমহালনীতিতে বলা হয়েছে, উন্নয়ন প্রকল্পের আওতায় জলমহালগুলোর বিগত তিন বছরের গড় ইজারামূল্যের ওপর ২৫ শতাংশ বর্ধিত মূল্য ধার্য করে ইজারা মূল্য নির্ধারণ করা হবে। কোনো জলমহালের ইজারামূল্য আংশিক বা কিস্তিতে পরিশোধ করা যাবে না। এ দেশের প্রকৃত মৎস্যজীবীদের পক্ষে এই অর্থ এককালীন পরিশোধ করা সম্ভব নয়। নীতিতে আছে, মাছের অভয়াশ্রম সৃষ্টি এবং মাছ চাষ ও উৎপাদনের ক্ষেত্রে নব উদ্ভাবিত প্রযুক্তি প্রয়োগের জন্য ভূমি মন্ত্রণালয় কিছুসংখ্যক জলমহালকে সংরক্ষিত জলমহাল হিসেবে চিহ্নিত করে এর সুরক্ষার ব্যবস্থা করবে। ‘কিছুসংখ্যক জলমহালের’ বলতে কী বোঝাবে বা এর কী সংজ্ঞা হবে, তা অস্পষ্ট রাখা হয়েছে। এ দেশে অধিকাংশ জেলের নিজের জাল নেই, নৌকা নেই। নৌকা ও জালের মালিক আড়তদার বা মহাজন। এই নীতিতে নতুন মোড়কে মাছের আড়তদারদের নিয়ন্ত্রণই পরোক্ষভাবে পাকাপোক্ত হবে। প্রকৃত মৎস্যজীবী বা মৎস্যজীবী সমবায়কে ব্যাংকঋণের জন্য কোনো সহায়তা দেওয়ার বিধান এ নীতিতে রাখা হয়নি। প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের ফলে মৎস্য খামার বা জলমহাল ক্ষতিগ্রস্ত হলে সরকার কর্তৃক সহায়তা দেওয়ার বিধানও এতে নেই। রাজস্ব আয়ের পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধিসহ জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয় উল্লেখ থাকলেও বছর বছর লিজের টাকা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। অথচ আয় থেকে জলমহাল উন্নয়নের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। এ ছাড়া উন্মুক্ত জলাশয় ব্যবস্থাপনা বা লিজ দেওয়ার বিষয়ে স্পষ্টত কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের মতামত জনগণের কাছে স্পষ্ট নয়। উন্মুক্ত জলাশয়ে অবাধে মাছ নিধন যাতে না হয়, সে জন্য জলমহাল কমিটি ব্যবস্থা নেবে বলা হয়েছে। বিষয়টি দরিদ্র জেলেদের ভোগান্তি আরও বাড়াবে এতে কোনো সন্দেহ নেই। হাওর এলাকায় প্রায় দেখা যায়, সরকার যতটুকু এলাকার জন্য লিজ দিয়ে বর্ষা মৌসুমে তার সীমানা সম্প্রসারিত হয়, বর্ধিত সীমানায় লিজগ্রহীতা ভূমিমালিককেও পানিতে নামতে বা মাছ ধরতে বাধা সৃষ্টি করে এবং স্থানীয় প্রশাসনও লিজগ্রহীতার দাবিকে যৌক্তিক ঘোষণা করে থাকে। মৎস্য আইন ও মৎস্য অধিদপ্তরের পরিকল্পনা অনুসারে কোনো কোনো এলাকাকে সংকটাপন্ন জীববৈচিত্র্য সংরক্ষিত জলমহাল ঘোষণা করা হয়েছে। নীতিমালায় এর সঙ্গে সমন্বয় করা হয়নি বা সে বিষয়ে কোনো নির্দেশনাও নেই। পানিসম্পদ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তর বিভিন্ন কারণে ভূমি অধিগ্রহণ করে থাকে। অধিগ্রহণের উদ্দেশ্য পূরণের পরেও কিছু জমি ও জলাশয় অধিগ্রহণকারী দপ্তরের নিয়ন্ত্রণে থাকে। ওই সব জলাশয় এই নীতিমালার আওতাভুক্ত হয়নি। চিংড়ি চাষের জন্য আলাদা নীতিমালার আওতায় জলাশয় লিজ দেওয়া হয়ে থাকে। জলমহালনীতির সঙ্গে চিংড়ি চাষের নীতিমালার সমন্বয় এবং জলমহাল আলাদা করার প্রক্রিয়া স্পষ্ট করা হয়নি। এ ছাড়া জেলা বন্দোবস্ত কমিটির উপদেষ্টা হিসেবে সাংসদ এবং উপজেলার ক্ষেত্রে ১ নম্বর উপদেষ্টা সাংসদ ও ২ নম্বর উপদেষ্টা উপজেলা চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া একটি বড় বিরোধের কারণ হয়ে দেখা দিতে পারে।এই জলমহাল ব্যবস্থাপনানীতিতে আরও বলা হয়েছে, নির্দিষ্ট জলমহালের নিকটবর্তী প্রকৃত মৎস্যজীবীদের সমিতি, যা সমবায় অধিদপ্তরে নিবন্ধিত, ওই সমিতি বা সমিতিগুলো নির্দিষ্ট বা তীরবর্তী জলমহাল ব্যবস্থাপনার জন্য আবেদন করতে পারবে, কোনো ব্যক্তি বা অনিবন্ধিত সংগঠন আবেদন করতে পারবে না। কাজেই প্রথম কাজ হবে মৎস্যজীবীদের পেশার ভিত্তিতে সনদ দেওয়া এবং এলাকাভিত্তিক আইডি কার্ড বিতরণ করা। এতে প্রকৃত মৎস্যজীবী শনাক্ত করা সহজ হবে। জনগণের স্বার্থে সরকারের যেকোনো নীতি বা আইন প্রণয়নের আগে উপজেলা বা জেলা পর্যায়ের সংশ্লিষ্ট ভুক্তভোগীদের মতামত নেওয়া প্রয়োজন। নতুবা উন্নয়নের মোড়কে এই নীতিমালা মৎস্যজীবীদের নতুন করে অসম ও বিকৃত বাজারে ঠেলে দেবে। মহাজনদের ঋণের জালে আটকে মৎস্যজীবীরা নতুন করে জলদাসে পরিণত হবেন।লেখক  উন্নয়নকর্মী