জলমানব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল ফেল্প্সকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। অলিম্পিকে তাঁরা নতুন কী করেন এটাই বরং দেখার। দুই ভুবনের দুই কিংবদন্তিকে নিয়ে লিখেছেন রাজীব হাসান২০০০ অলিম্পিকে সুযোগ পেয়েই খবরের শিরোনামে। হবেই তো। ছেলেটির বয়স তখন মাত্র ১৫! এত কম বয়সে আগের ৬৮ বছরে যুক্তরাষ্ট্রের অলিম্পিক দলে জায়গা পায়নি কেউই। সিডনিতে একটা ইভেন্টেই লড়ল ছেলেটি। ২০০ মিটার বাটারফ্লাই। সাঁতার শেষ করল পঞ্চম স্থানে থেকে। দেখা গেল, উত্তেজনার বশে ঠিকমতো নিজের সুইমস্যুটটা পরতে পারেনি, ওই অবস্থাতেই সাঁতরেছে ছেলেটি। সদ্যই কৈশোরে পা দেওয়া ছেলেটি রীতিমতো অপ্রস্তুত। এই দেখে সতীর্থদের অনেকেই হাসল। হাসেননি শুধু একজন। বব বাওম্যান। দশ বছর বয়স থেকে ছেলেটিকে চেনেন। সাঁতারের কোচ হিসেবে তাঁর দীর্ঘ অভিজ্ঞতাই বলে দিচ্ছিল, একদিন সবাই অবাক তাকিয়ে থাকবে, আর মিটিমিটি হাসবে এই ছেলেটিই।মাইকেল ফেল্্প্স সত্যিই হেসেছেন। এথেন্সের পর বেইজিংয়েও। ছয় যোগ আট। চৌদ্দটি সোনা! অলিম্পিকের দীর্ঘ ইতিহাসে এতগুলো সোনা জিততে পারেনি আর কেউই। একের পর এক রেকর্ড ভেঙেছেন। মার্ক স্পিৎজের এক আসরে সাত সোনা জেতার কীর্তিও ভেঙে দিয়েছেন গতবার। আটটি ইভেন্টে সাঁতরে আটটিতেই সোনা, এর সাতটিতে আবার গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। সব মিলে ১৬টি অলিম্পিক পদক!সবচেয়ে বেশি অলিম্পিক পদক জেতার রেকর্ডটি সোভিয়েত ইউনিয়নের সাবেক জিমন্যাস্ট লারিসা লাতিনিনার। সেই রেকর্ডও ভাঙতে মাত্র তিনটি পদক চাই। লন্ডনে নিজের অভিযাত্রার মাঝপথেই সেই রেকর্ডটিও নিজের করে নেওয়ার কথা ফেল্্পেসর। ন্যূনতম সম্ভাবনা নেই, তার পরও ধরা যাক, লন্ডনে ফেল্্প্স ফিরলেন একেবারেই খালি হাতে। তাতেও ক্ষতি নেই। ‘সে কিছু করতে পারুক আর না-ই পারুক, তাতে ওর কৃতিত্ব এতটুকু ম্লান হবে না। ও সর্বকালের সেরা অলিম্পিয়ান। এই গ্রীষ্মে যাই ঘটুক, সে সর্বকালের সেরাই থাকবে।’ বলেছেন কোচ হিসেবে গত ১৭ বছর ফেল্্পেসর ছায়াসঙ্গী বব বাওম্যান।ফলে এই অলিম্পিক ফেল্্পেসর জন্য অমর হওয়ার উপলক্ষ কি না, এই আলোচনা আসলেই অর্থহীন। তার পরও ২৭ বছর বয়সী সাঁতারু নব উদ্যমে আবার ঝাঁপিয়ে পড়বেন পুলে। সুইমস্যুট হয়তো ভুলভাবে পরার ঘটনা ঘটবে না, কিন্তু সিডনি অলিম্পিকের সেই উত্তেজনা থাকবে ঠিকই। এটাই যে তাঁর শেষ অলিম্পিক! সিডনিতে এক বিস্ময়বালক হিসেবে যাত্রা শুরু। এথেন্সে ছয়টি সোনা আর দুটি ব্রোঞ্জ জিতে স্পিৎজের রেকর্ডটিকে আলোচনায় নিয়ে আসা, বেইজিংয়ে যেন সাজানো চিত্রনাট্য মেনে জিতে নিলেন আটে আট সোনা। অলিম্পিকে তাঁর নাটকীয় পথ চলার সমাপ্তি হচ্ছে এবারই। এবার অবশ্য বেইজিং কীর্তির পুনরাবৃত্তির সম্ভাবনা নেই। ২০০ মিটার ফ্রিস্টাইলে সাঁতরাবেন না বলে ঠিক করেছেন ফেল্্প্স।লন্ডনে সাত ইভেন্টের চারটি ব্যক্তিগত। ১০০ ও ২০০ মিটার বাটারফ্লাই, ২০০ ও ৪০০ মিটার ব্যক্তিগত মেডলি। এই চার ইভেন্টই তাঁকে এনে দিচ্ছে আরেকটি অমরত্বের হাতছানি। অলিম্পিকের ইতিহাসে একই ইভেন্টে টানা তিনটি অলিম্পিকে সোনা জিততে পারেননি কোনো পুরুষ সাঁতারু। ফলে লন্ডনেও তাঁর সামনে অনেকগুলো লক্ষ্যই লাল নিশানার মতো উড়তে থাকবে। বেইজিং অলিম্পিকের পর অবশ্য ঠিক বোঝা যাচ্ছিল না, লন্ডনকে নিয়ে আদৌ কোনো পরিকল্পনা ফেল্্পেসর আছে কি না। একের পর এক ভুল কারণে খবরে এসেছেন। তাঁর গাঁজা টানার ছবিও ছাপা হয়েছে পত্রিকায়। ফেল্্প্স নিজে স্বীকার করেছেন, লড়াইয়ের তাগিদটা হারিয়ে ফেলছেন। মিশিগান বিশ্ববিদ্যালয়ে সতীর্থ টাইলার ক্ল্যারি এমন অভিযোগও করেছেন, ফেল্্প্স নাকি আর আগের মতো পরিশ্রম করেন না। পুলে নামলেই অবধারিত আরেকটি জয়—এতটা সহজ থাকেনি সমীকরণ। এরই মধ্যে অবিশ্বাস্য উত্থান হয়েছে সতীর্থ রায়ান লোকিটর।লোকিটর উত্থান এক দিক দিয়ে শুভ। তাঁর কারণেই ফেল্্প্স হারানো ক্ষুধা ফিরে পেয়েছেন। ‘আমরা দুজনই দুজনের কাছে হারতে অপছন্দ করি। যতবারই পুলে নামি, সেটা যে স্ট্রোকই হোক, ও আমার ভেতর থেকে সেরাটা বের করে আনে। আমার ক্যারিয়ারে এমনটা খুব বেশি প্রতিপক্ষ করতে পারেনি।’ বলেছেন ফেল্্প্স।তবে মাথার ওপর থেকে প্রত্যাশার বোঝাটাও নামিয়ে ফেলছেন। বলছেন, চার বছর আগের অলিম্পিকটা ছিল তাঁর জন্য সবকিছু কাঁটায় কাঁটায় ঠিকভাবে করার। পান থেকে চুন খসলেই আটে-আট আর হতো না। কিন্তু এবারের অলিম্পিকে তিনি নাকি স্রেফ ‘ফান’ আর ‘এনজয়মেন্টে’র জন্যই আসছেন!এসব কথায় মোটেও বিভ্রান্ত হবেন না। জাত চ্যাম্পিয়ন যাঁরা, সবচেয়ে বেশি ‘ফান’ আর ‘এনজয়মেন্ট’ তাঁরা পোডিয়ামে সোনার মেডেল গলায় পরার মধ্যেই পান!