জলরং-এর ‘সুপ্রভাত বাংলাদেশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালের প্রবাহে নানা ঘাত-প্রতিঘাত ও মিথস্ক্রিয়ার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে গড়ে উঠেছে বাংলাদেশ এবং দেশের সংস্কৃতি। এ দেশে বসবাসকারী মানুষের ইতিহাস, মিথ, সংগ্রাম, স্বপ্ন, সমস্যা ও সম্ভাবনার কথা শিল্পীরা গতকাল শনিবার চিত্রপটে তুলে ধরলেন। গ্যালারি জলরং আয়োজিত দিনব্যাপী ‘সুপ্রভাত বাংলাদেশ’ শীর্ষক এই আয়োজনে চিত্রকর্ম ছাড়াও নানা ধরনের পরিবেশনায় তুলে ধরা হয় দেশের সংস্কৃতি। চিত্রশিল্পীরা স্বাধীনভাবে নিজস্ব শৈল্পিক ভঙ্গি ও পছন্দের রং ব্যবহার করে তুলে ধরেন বাংলাদেশকে, তথা এই ভূখণ্ডকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সেমিনার হলে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ আয়োজন চলে।উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী সুকুমার পাল, নিসার হোসেন ও খালেদ মাহমুদ বক্তব্য দেন। তাঁরা এ ধরনের আয়োজনে একই সঙ্গে একাধিক শিল্পীর ছবি আঁকা বা পারফরমিং আর্টের মাধ্যমে শিল্পচর্চার ক্ষেত্রে শিল্পীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। গ্যালারি জলরং-এর পক্ষে শাওন আকন্দ আয়োজন সম্পর্কে বক্তব্য দেন।এ আয়োজনে ছবি এঁকেছেন তরুণ ঘোষ, সুকুমার পাল, শিশির ভট্টাচার্য্য, নিসার হোসেন, খালেদ মাহমুদ, ফিরোজ মাহমুদ, আলপ্তগীন তুষার প্রমুখ। এ ছাড়া পারফরমিং আর্টের মাধ্যমে নিজেদের চিন্তা-ভাবনার শৈল্পিক প্রকাশ ঘটান শিল্পী আবু নাসের, সঞ্জয় চক্রবর্তী, আফসানা শারমিন ও ফারাহ নাজ। দিনব্যাপী এই অনুষ্ঠানে যেসব শিল্পকর্ম সৃষ্টি হয়েছে, তা নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে বলে আয়োজকেরা জানান।