জলরঙে পানাম নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোয়ারা দিয়ে অনবরত পানি বেরিয়ে আসছে। পাশে বাজছে বাঁশি আর দোতারা। গাছের ছায়ায় দেখা যাচ্ছে পানাম নগর। বড় বড় দালানঘরের সিমেন্ট খসে গিয়ে বেরিয়ে এসেছে ইট। পুরোনো ভবনগুলোর ওপরে এখানে-সেখানে জন্মেছে গাছ। সিঁড়িগুলোও ক্ষয়ে ক্ষয়ে এখন আর আগের মতো নেই। রাস্তার দুই ধারের পুরোনো ভবনগুলোর ভেতরের রাস্তা দিয়ে চলছে রিকশা। কাছ থেকে দেখেই বোঝা যাচ্ছে, একসময়ের অভিজাত এই এলাকা তার জলুশ হারিয়েছে অনেকখানি। উনিশ শতকের গৌরবোজ্জ্বল পানাম নগরকে গতকাল শনিবার এভাবেই আর্টস কাউন্সিল ঢাকায় দেখা গেল জলরঙে আঁকা চিত্রকর্মে। ঐতিহ্যে ভরা এই নগরের বর্তমানের বেহাল অবস্থা সবাইকে জানানোর জন্য প্রবীণ-তরুণ মিলে নয়জন চিত্রশিল্পী জলরঙে এঁকেছেন পানাম নগর। প্রদর্শনীর আয়োজকেরা জানান, পানাম নগর হতে পারে একটি ভালো পর্যটন স্থান। কিন্তু সরকারিভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা না করার জন্য এটি নানাভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত। এ বিষয়ে জনসচেতনতা তৈরি ও সরকারের সুদৃষ্টির জন্যই এ আয়োজন। গতকাল এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্টস কাউন্সিল ঢাকার পরিচালক মাহিন খান, সেলিম আহমেদ ও শিল্পী তরুণ ঘোষ। ৩০টি চিত্রকর্ম নিয়ে গতকাল থেকে অনুষ্ঠিত এই চিত্র প্রদর্শনী চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত।