জলাতঙ্ক রোগে আক্রান্ত হলে মানুষ বাঁচে না। তবে রোগাক্রান্ত হওয়ার আগে টিকা নিলে মৃত্যু হয় না। সরকার জলাতঙ্ক রোগ মোকাবিলা করতে চিকিৎসার আওতা ও মানুষের সচেতনতা বৃদ্ধির নতুন কার্যক্রম শুরু করেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আরও দুটি মন্ত্রণালয় কার্যক্রমে যুক্ত হয়েছে।গতকাল রোববার রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে জলাতঙ্ক রোগ বিশেষজ্ঞরা এ কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জলাতঙ্ক নির্মূল কার্যক্রম এই ব্রিফিংয়ের আয়োজন করে।বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকেরা সাংবাদিকদের বলেন, কুকুর, বেড়াল, শিয়াল, বেজি যদি জলাতঙ্ক রোগের ভাইরাস (র্যাবিস) বহন করে তবে এদের কামড়, আঁচড় বা লালা থেকে জলাতঙ্ক রোগের ভাইরাস ছড়াতে পারে। এদের কামড় বা আঁচড়ে মানুষের পাশাপাশি গবাদিপশুও জলাতঙ্কে আক্রান্ত হতে পারে। এসব প্রাণীর কামড়ে রোগের ভাইরাস ক্ষতস্থান থেকে মস্তিষ্কে সংক্রমিত হয় এবং এতে স্নায়ুতন্ত্রের নানারকম জটিল উপসর্গ দেখা দেয়। ফলে রোগী পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। শ্বাস ও হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মানুষ মারা যায়। এই রোগে আক্রান্ত হলে মানুষ জল দেখলে ভয় পায়। সেই কারণেই এর নাম জলাতঙ্ক। তবে আলো দেখলে বা মৃদু বায়ুপ্রবাহ হলেও অনেকে ভয় পায়। জলাতঙ্কগ্রস্ত রোগীর প্রচণ্ড তৃষ্ণা পেলেও পানি পান করতে পারে না। তবে সময়মতো চিকিৎসা নিলে মানুষ এই রোগে আক্রান্ত হয় না।স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের দেওয়া কাগজপত্রে দেখা যায়, প্রতিবছর সারা পৃথিবীতে ৫৫ হাজার মানুষ জলাতঙ্ক রোগে মারা যায়। অর্থাৎ প্রতি ১০ মিনিটে একজন মানুষ এই রোগে মারা যাচ্ছে। এই রোগে সাধারণত ১৫ বছরের কম বয়সী শিশু বেশি আক্রান্ত হয় এবং এর শতকরা ৯০ ভাগ কুকুরের কামড়ে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ শাখা) মোয়াজ্জেম হোসেন বলেন, জলাতঙ্ক একটি অবহেলিত রোগ। জলাতঙ্ক নির্মূলে দেশে বড় কোনো কার্যক্রম বা প্রকল্প আগে ছিল না। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, স্থানীয় সরকার এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে জলাতঙ্ক নির্মূল কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমের আওতায় সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিন প্রায় ২০০ মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকারি কর্মকর্তারা বলেছেন, কম খরচে তাঁরা বহু মানুষের চিকিৎসার আয়োজন করেছেন।চিকিৎসকেরা বলছেন, কুকুর, বেড়াল, শিয়াল, বেজি কামড়ালে, আঁচড় কাটলে বা এদের লালা লাগলে শরীরের সেই জায়গা প্রচুর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তাঁরা বলছেন, ক্ষতস্থানে স্পিরিট বা আয়োডিন লাগাতে হবে এবং দেরি না করে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। তাঁরা বলছেন, ক্ষতস্থানটি সেলাই না করা ভালো। তবে ক্ষত বড় হলে কালক্ষেপণ না করে চিকিৎসকের কাছে যেতে হবে।চিকিৎসকেরা আরও বলেন, বিশেষ করে গ্রামাঞ্চলে জলাতঙ্ক নিয়ে নানা কুসংস্কার এখনো আছে। অনেকে মনে করে, পুরুষ বা স্ত্রীলোক যাকেই কুকুর কামড় দেয় তার পেটে ওই প্রাণীর বাচ্চা হয়। অনেকে কুকুরে কামড়ালে থালাপড়া, পানিপড়া, গুড়পড়া বা ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসার চেষ্টা চালায়। এগুলো কুসংস্কার মাত্র, এসব দূর করার উদ্যোগ নেওয়া দরকার। মোয়াজ্জেম হোসেন বলেন, কাউকে কুকুরে কামড়ালে আগে ১৪টি টিকা দেওয়া হতো যেন সে জলাতঙ্ক রোগে আক্রান্ত না হয়। জনস্বাস্থ্য প্রতিষ্ঠান (আইপিএইচ) এসব ‘নার্ভ টিস্যু’র টিকা তৈরি করে। সেসব টিকার পার্শ্বপ্রতিক্রিয়া অনেক বেশি ছিল, এতে রোগীর অনেক কষ্ট হতো। ২০০৬ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার ব্যবহার কমানোর কথা বলে। এখন অন্যান্য দেশের মতো বাংলাদেশে ‘টিস্যু কালচার’ টিকা ব্যবহূত হচ্ছে। নির্দিষ্ট বিরতিতে এই টিকা মাংসপেশিতে দেওয়া হয়। তিনি জানান, বর্তমানে নতুন টিকার মাধ্যমে চিকিৎসা করা হচ্ছে, এতে ২৮ দিনেই মানুষ আশঙ্কামুক্ত হয়ে যায়। বিনা মূল্যে এই চিকিৎসা দেওয়া হয়।এক প্রশ্নের উত্তরে সরকারি কর্মকর্তারা বলেন, দেশে জলাতঙ্ক রোগের বিষয়ে সঠিক কোনো পরিসংখ্যান নেই। আগে অনুমান করে বলা হতো, বছরে ৬০ হাজারের বেশি মানুষ কুকুরের কামড়ের শিকার হয় এবং বছরে দুই হাজার মানুষ জলাতঙ্ক রোগে মারা যায়। মোয়াজ্জেম হোসেন বলেন, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ঢাকা ও ঢাকার আশপাশ থেকে প্রতিদিন প্রায় ২০০ মানুষ এ রোগের চিকিৎসা নিতে সংক্রামক ব্যাধি হাসপাতালে আসে। শুধু ঢাকার পরিস্থিতি এ রকম হলে সারা দেশের পরিস্থিতি কেমন, তা সহজেই অনুমেয়।স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক রোগের ভাইরাসমুক্ত করতে হলে টিকা দেওয়া দরকার। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এই কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। অন্যদিকে কুকুরের প্রজনন নিয়ন্ত্রণ করার জন্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে সঙ্গে নেওয়া হয়েছে। সরকারের নিজস্ব অর্থায়নে এই কার্যক্রম শুরু হয়েছে এ বছর মে মাস থেকে। তবে তাঁরা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টিকে যত গুরুত্ব দিচ্ছে, অন্য দুটি মন্ত্রণালয় তা দিচ্ছে না। মোয়াজ্জেম হোসেন বলেন, পর্যায়ক্রমে নতুন এই কার্যক্রম দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ের সংক্রামক হাসপাতালে চালু করা হবে। ইতিমধ্যে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। এই প্রশিক্ষণ পর্যায়ক্রমে সরকারি সব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে চালু করা হবে। চিকিৎসা নির্দেশিকা তৈরি করা হয়েছে। জনসচেতনতা বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, মানুষ সঠিক তথ্য জানলে দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূল করা সম্ভব হবে।কর্মকর্তারা বলছেন, জলাতঙ্ক নির্মূল কার্যক্রমের পাইলট প্রকল্প নরসিংদী, কুতুবদিয়া ও কক্সবাজারে চালু হতে যাচ্ছে। এসব জায়গায় পশুর সংখ্যা নিয়ন্ত্রণ, পশু জলাতঙ্ক রোগের ভাইরাসমুক্ত করা এবং কুকুর নিবন্ধন করা হবে।প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গ্রামাঞ্চলে অনেক সময় কুকুরে গরু-ছাগল আক্রমণ করে। কুকুর জলাতঙ্ক রোগের ভাইরাসে আক্রান্ত হলে গরু বা ছাগলও আক্রান্ত হয়। অনেক সময় ওই সব রোগাক্রান্ত গরু-ছাগল মেরে তার মাংস খাওয়া হয় বা বিক্রি করা হয়। এ থেকেও এই রোগের সংক্রমণ মানুষে ঘটতে পারে। এই ঝুঁকি এড়ানোর জন্য জনসচেতনতা বাড়ানোর কথা বলেন সরকারি কর্মকর্তারা। সরকারি প্রচারপত্রে বলা হচ্ছে, বেওয়ারিশ কুকুরের কামড়েই জলাতঙ্ক রোগ বেশি ছড়ায়। তাই জলাতঙ্ক রোগের ভাইরাসে (র্যাবিস) আক্রান্ত বেওয়ারিশ কুকুর মেরে ফেলার কথাও তাতে বলা হয়েছে। তাতে পোষা কুকুর ও বেড়ালকে জলাতঙ্ক রোগের টিকা দেওয়ার কথা বলা হয়েছে। এই টিকা দেওয়া থাকলে কুকুর-বেড়াল ও মালিক নিরাপদে থাকবে। নিকটস্থ পশু হাসপাতালে এই টিকা পাওয়া যাবে।