জলাতঙ্ক প্রতিরোধ কত দূর
পথে কুকুর দেখলেই এখন আঁতকে উঠছেন অনেক পথচারী। কারণ, ৮ জুলাই পলাশী, লালবাগ, গুলিস্তান ও দোয়েল চত্বর এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন ১৪ জন। ঘাতক ব্যাধি জলাতঙ্ক থেকে বাঁচতে তাঁরা চিকিৎসা নিচ্ছেন। এর পরই নড়েচড়ে বসে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। তারা ৯ জুলাই অভিযান চালিয়ে গুলিস্তান এলাকায় ১৬টি বেওয়ারিশ কুকুর নিধন করে। ওই দিনের অভিযানে মহানগর নাট্যমঞ্চ এলাকায় একটি পাগলা কুকুর নিধন করা হয়। এটিই ১৪ জন পথচারীকে কামড় দিয়েছিল বলে ডিসিসির সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেন।বেওয়ারিশ কুকুর ঘুরে বেড়ায় নগরের পথে পথে। এগুলোকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হয় না। তাই এই রোগ প্রতিরোধে বেওয়ারিশ কুকুর নিধন করার কথা ডিসিসির। একই সঙ্গে পোষা কুকুরের মালিকেরা কুকুরকে বছরে একবার জলাতঙ্ক রোগের টিকা দেয় কি না, তা দেখভালের দায়িত্বও তাদের। এ বিষয়ে ডিসিসির স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়, প্রাণীপ্রেমীদের প্রতিবাদের মুখে তারা কুকুর নিধন করতে পারছে না। আবার জনবলের অভাবে পোষা কুকুরের টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতেও পারছে না।অন্যদিকে জলাতঙ্ক প্রতিরোধে বেওয়ারিশ কুকুর নিধনের বদলে কেউ কেউ বাতলে দিচ্ছেন এগুলোর জন্মনিয়ন্ত্রণের পন্থা, যাতে এ ধরনের কুকুর আর বাড়তে না পারে। এ জন্য প্রাথমিক কার্যক্রম চলছে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়।উভয় সংকটে ডিসিসিবেওয়ারিশ কুকুর নিধন নিয়ে উভয় সংকটে আছে ডিসিসি। কারণ, একদিকে এগুলো নিধনের দাবিতে ডিসিসিতে অভিযোগ আসে, অন্যদিকে অভয়ারণ্য—বাংলাদেশ প্রাণীকল্যাণ সংস্থা ও হ্যান্ডস অ্যান্ড পজের মতো বেসরকারি সামাজিক সংগঠনগুলো কুকুর নিধনে প্রতিবাদ জানায়।ডিসিসির স্বাস্থ্য বিভাগের ভেটেরিনারি শাখা থেকে জানা যায়, কুকুর নিধনে এখন ডিসিসির দুটি দল কাজ করছে। যখন যে এলাকা থেকে লিখিত বা টেলিফোনে অভিযোগ আসে, সে এলাকার বেওয়ারিশ কুকুর নিধন করা হয়। তবে পর্যাপ্ত জনবল, যানবাহন ও সরঞ্জামের অভাবে এই কাজটি তারা ঠিকমতো করতে পারছে না। এখন তারা অভিযোগ পেয়েছে কারওয়ান বাজার, কাঁঠালবাগান, মিরপুর এলাকা থেকে। যানবাহন-সংকটের কারণে তারা মিরপুরে ঠিকমতো কুকুর নিধন করতে পারছে না।ডিসিসির ভেটেরিনারি কর্মকর্তা মো. আজমত আলী জানান, নিধন অভিযানের সময় কর্মীদের দৌড়ে কুকুর ধরতে হয়। এতে অনেক কুকুর পালিয়ে যাওয়ার সুযোগ পায়। কিন্তু দূর থেকে কুকুর অজ্ঞান করার বন্দুক (অ্যানেসথেটিক গান) থাকলে নিধনের কাজটি সহজ হতো।টিকা দেওয়া হচ্ছে কি?পোষা কুকুরকে জলাতঙ্কমুক্ত করতে ডিসিসি থেকে এর লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। এটি প্রতিবছর নবায়ন করতে হয়। লাইসেন্স নেওয়া ও নবায়নের পূর্বশর্ত হচ্ছে, পোষা কুকুরকে জলাতঙ্ক রোগ প্রতিরোধক টিকা দেওয়া। তবে ডিসিসি থেকে কোনো টিকা সরবরাহ করা হয় না বলে জানা যায়। এ জন্য কুকুরপালকেরা যেতে পারেন নগর ভবনের পাশেই ৪৮ কাজী আলাউদ্দিন রোডের কেন্দ্রীয় পশু হাসপাতালে। তবে তারা শুধু টিকাটি কুকুরের শরীরে প্রয়োগ করে। তাদের এখান থেকে টিকা সরবরাহ করা হয় না। টিকা বাইরে থেকে কিনে আনতে হয়। কেন্দ্রীয় পশু হাসপাতালের পাশেই নিমতলীর জহির রায়হান সড়কের পাশে রয়েছে গবাদি পশুপাখির খাবার, ওষুধ ও সরঞ্জামের বিশাল বাজার। এখানকার গোটা দশেক দোকানে পাওয়া যায় জলাতঙ্ক রোগের টিকা (র্যাবিস ভ্যাকসিন)। তবে প্রতি মাসের প্রথম শুক্রবার সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত গুলশান পেট অ্যানিম্যাল ক্লিনিকে (৪-৫ ডিসিসি সুপার মার্কেট, গুলশান-২) বিনা মূল্যে পোষা কুকুর ও বিড়ালের জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হয়। পোষা কুকুরকে বছরে একবার টিকা দিতে হয় বলে জানান ডিসিসির ভেটেরিনারি কর্মকর্তা মো. আজমত আলী।তিনি বলেন, জলাতঙ্কের আতঙ্ক থেকে বাঁচতে মানুষও টিকা নিতে পারে। বিশেষ করে যাঁরা কুকুর পোষেন, তাঁরা ও তাঁদের কাজের লোক এবং যাঁরা পোষা প্রাণীর চিকিৎসক, তাঁদের অবশ্যই টিকা নেওয়া উচিত। তিনি আরও জানান, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে পথেঘাটে কুকুর এড়িয়ে চলতে হবে। তবে কুকুর দেখলেই দৌড় দিতে নেই। কারণ, পথের কুকুরকে উত্ত্যক্ত না করলে সে মানুষকে কামড়ায় না।কুকুরের জন্মনিয়ন্ত্রণ!নগরের বেওয়ারিশ কুকুরের জন্মনিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য চলছে প্রাথমিক কাজ। এরই অংশ হিসেবে ঢাকা শহরে পথের কুকুরের সংখ্যা গণনা করা হয়েছে। কুকুরের সংখ্যা বের করার কাজে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে সহায়তা করছে বাংলাদেশ প্রাণী কল্যাণ সংস্থা, স্বাস্থ্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর এবং ডিসিসি।কুকুরের জন্মনিয়ন্ত্রণের কাজ কবে নাগাদ শুরু হবে, জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ) বে-নজির আহমেদ জানান, নগরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা গণনার চূড়ান্ত প্রতিবেদন শিগগির প্রকাশ পাবে। ওই প্রতিবেদনের আলোকে জন্মনিয়ন্ত্রণের কাজ শুরু হবে।বে-নজির আহমেদ জানান, কুকুর নিধন কিংবা জন্মনিয়ন্ত্রণের মাধ্যমেই জলাতঙ্কের আতঙ্ক থেকে পুরোপুরি মুক্ত হওয়া যাবে না। কারণ, এক এলাকার কুকুর নিধন করলে আরেক এলাকার কুকুর ওই এলাকায় চলে আসবে। অন্যদিকে জন্মনিয়ন্ত্রণের পর যেসব বেওয়ারিশ কুকুর বেঁচে থাকবে, সেগুলোর মাধ্যমে জলাতঙ্ক ছড়াতে পারে। বেওয়ারিশ কুকুর যদি আশপাশের দোকানিরা পালন করে, তারা যদি বেওয়ারিশ কুকুরকে নিয়মিত খাবার দেয়, আর বছরে একবার টিকা দেয়, তবে এগুলো তাদের উপকারী বন্ধু হয়ে যাবে। তারা রাতে পাহারার কাজ করবে।