জলাধার নির্মাণে কোরিয়ার সঙ্গে ১৪৫ কোটি টাকার চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের জলাধার (রিজার্ভার) নির্মাণের জন্য দক্ষিণ কোরিয়ার কোলন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসা। এই জলাধার নির্মাণে ব্যয় হবে ১৪৫ কোটি টাকা। এ প্রকল্পের আরও দুটি অংশ পানি শোধনাগার প্ল্যান্ট ও পাইপলাইনের কাজ শেষ হলে ২০১৩ সালে চট্টগ্রাম নগরে পানি সরবরাহ করা সম্ভব হবে। রাঙ্গুনিয়ার পোমরা এলাকায় জলাধারটি নির্মাণ করা হচ্ছে।আজ বৃহস্পতিবার নগরের একটি হোটেলে কোরিয়ান প্রতিষ্ঠান কোলন ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও চট্টগ্রাম ওয়াসার মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কোরিয়ান প্রতিষ্ঠান কোলন ইঞ্জিনিয়ারিং কোম্পানির পক্ষে ওই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক ইলিয়ট জ্যা প্যাক এবং চট্টগ্রাম ওয়াসার পক্ষে সচিব নন্দদুলাল বণিক, প্রধান প্রকৌশলী মো. সফিউল্যাহসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান এনজেএসের একাধিক কর্মকর্তাও উপস্থিত ছিলেন। ওয়াসা সূত্রে জানা যায়, ২০০৬ সালে কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের কাজ শুরুর সময় এর ব্যয় ধরা হয়েছিল ৯৬৩ কোটি টাকা। চার বছর পর সম্পূরক বাজেটে ব্যয় ধরা হয়েছে এক হাজার ৫০০ কোটি টাকা। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, ২৩ বছর পর এই প্রথম নতুন কোনো প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তিনি চট্টগ্রামবাসীকে ওয়াসার পানি নিশ্চিন্তে পান করার আহ্বান জানিয়ে বলেন, প্রতি ১০ দিন পরপর চট্টগ্রাম ওয়াসার পানি পরীক্ষাগারে পরীক্ষা করা হয়।