জলাধার ভরাট ও পাহাড় কাটার ওপর বিধিনিষেধ আরোপ করে গতকাল সোমবার সংসদে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) বিল-২০১০ পাস হয়েছে। বিলটি উত্থাপন করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। এ ছাড়া গতকাল বেসরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট (সংশোধন) বিল-২০১০ সংসদে পাস হয়। বিলটি উত্থাপন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। নোটিশদাতারা অনুপস্থিত থাকায় দুটি বিলই সরাসরি বিবেচনার জন্য গ্রহণ করা হয়। এরপর তা কণ্ঠভোটে পাস হয়।সংশোধিত পরিবেশ সংরক্ষণ আইনের বিধান অনুযায়ী, আপাতত বিদ্যমান অন্য কোনো আইনে যাই থাকুক না কেন, জলাধার হিসেবে চিহ্নিত কোনো জায়গা ভরাট বা কোনোভাবে এর শ্রেণী পরিবর্তন করা যাবে না। তবে জাতীয় স্বার্থে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে আইনি বিধিনিষেধ শিথিল করা যাবে। আইনে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা ব্যক্তির মালিকানাধীন পাহাড় বা টিলা কাটতে পারবে না। অপরিহার্য জাতীয় স্বার্থে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়ে পাহাড় বা টিলা কাটা যাবে।আইনের বিধান অনুযায়ী, জাহাজ কাটা বা ভাঙার ফলে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বর্জ্যের মাধ্যমে পরিবেশগত দূষণ এবং স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি হবে না, সে বিষয়টি জাহাজের মালিক, আমদানিকারক ও জাহাজ কাটা বা ভাঙার কাজে ব্যবহূত হওয়া ইয়ার্ডকে নিশ্চিত করতে হবে। কোনো এলাকার প্রতিবেশব্যবস্থা সংকটাপন্ন অবস্থায় রয়েছে মনে করলে, সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা ওই এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করতে পারবে। পরিবেশগত ছাড়পত্র ছাড়া কোনো শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করা যাবে না।আইনের এসব শর্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডসহ অর্থদণ্ডের বিধান করা হয়েছে। পরিবেশগত বিপর্যয় রোধ করার জন্য আইনটিতে সংশোধনী আনা হয়েছে বলে বিলের উদ্দেশ্য ও কারণে উল্লেখ করা হয়েছে।