নতুন কোনো বাসা পেলেই এখন যে বাসায় থাকেন, সেটা ছেড়ে দেবেন ব্যবসায়ী সাইফুল ইসলাম। কারণ, নালার পানি উপচে তাঁর বাসার ফটকে ঢুকে গেছে। বাসায় ঢুকতে গেলে এই পানি মাড়াতে হয়। সাইফুল ইসলাম থাকেন খিলগাঁওয়ের প্রভাতীবাগ এলাকার ১৩৩/এ নম্বর বাসায়।এলাকার ১৩৮/৭ ও ১১৪/৩/১ নম্বর বাসার মধ্য দিয়ে ভেতরে যাওয়া সড়কের পুরোটাই পানির নিচে ডুবে আছে। এ কারণে এই সড়কের দুই পাশের বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।এলাকাবাসী জানান, বেশ কয়েক বছর ধরে এই সড়কে পানি জমে থাকে। এখানকার পানি নিষ্কাশন নালা আবর্জনায় ভরে গেছে। নিয়মিত পরিষ্কার না করার কারণে নালা থেকে উপচে পড়া পানি সেই নালায় যেতে পারছে না। এ জন্য নালা উপচে পানি সড়কের ওপর উঠছে। শুধু পানি নয়, পানির সঙ্গে মনুষ্য বর্জ্যও দেখা গেছে। তাই সেই পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। সাবধানে হাঁটতে হচ্ছে সড়কের দুই পাশের বাসিন্দাদের।স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ‘মাঝেমধ্যে এই পানি সড়ক থেকে বাসায় ঢুকে পড়ে। সড়কে পানি থাকায় ছেলেমেয়েরা বাইরে যেতে পারে না। নামাজ পড়তে মসজিদে যেতে পারি না, পানি লেগে কাপড় নষ্ট হয়ে যায়। সিটি করপোরেশনের লোকেরা জানলেও কিছু করছে না।’এই সড়কটি ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) অঞ্চল-৪-এর কার্যালয়ের কাছেই। এলাকাবাসী জানান, মাস চারেক আগে ডিসিসির কর্মীরা এসে পানি নিষ্কাশনের জন্য কাজ করে গেছেন। কিন্তু তা ‘লোক দেখানো’ ছিল বলে এলাকাবাসী দাবি করছেন। কারণ, সেই কাজের পরও জলাবদ্ধতা কমছে না। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজের ফলে সপ্তাহ খানেক পরই আবার পানি জমতে থাকে সড়কে।প্রতিদিনই ওই সড়কে পানির দেখা মেলে। আর শুক্রবার ছুটির দিনে চাকরিজীবী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বাসায় থাকেন। ওই দিন পানির ব্যবহারটা বেড়ে যায়। ফলে পানির চাপ বেশি হওয়ায় সড়কটি তখন ডুবে যায়।প্রভাতীবাগের জলাবদ্ধ সড়ক সম্পর্কে ডিসিসির ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিছার উদ্দিন আহম্মদ বলেন, ‘কিছুদিন আগে ওই সড়কে পানি নিষ্কাশনের জন্য কাজ করা হয়েছে। এর পরও এখন আবার সমস্যা হচ্ছে। শুক্রবার শুধু সড়কে পানি জমে। বিষয়টা আমার মাথায় আছে।’ জলাবদ্ধতা দূর করতে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি জানান, ডিসিসির প্রকৌশলীরা ব্যাপারটা খুঁজে দেখছেন, কাজ করার পরও কেন পানি জমছে। এ ছাড়া ইচ্ছে করলেই তো আর কাজ করা যায় না। অনেক নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ করতে হয়। তাই আগামী অর্থবছরের আগে আর পানিনিষ্কাশন নালার উন্নয়নে কাজ করা সম্ভব হবে না বলে ওয়ার্ড কাউন্সিলর জানান।