জলাবদ্ধতা নয় মাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি নিষ্কাষণের কোনো ব্যবস্থা না থাকায় নয় মাস জলাবদ্ধতায় থাকতে হয় দক্ষিণ কেচরি গ্রামের বেশ কতগুলো পরিবারের বাসিন্দাদের। এসব বাসিন্দা নিজেদের দুর্ভোগের বর্ণনা করে এ প্রতিবেদকদ্বয়ের কাছে নিজেদের ঘরবাড়িতে বসবাস করাকে ‘জলে ভাসা জীবন’ হিসেবে অভিহিত করেছেন। তবে পৌর কর্তৃপক্ষ এ এলাকাটিকে ‘নিচু ভূমি’ উল্লেখ করে জলাবদ্ধতা সমস্যা সমাধান শিগগিরই সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন। অন্যদিকে দক্ষিণ কেচরি ছাড়াও পৌরসভার আলমপুর এলাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা চরম আকার ধারণ করে বলে পৌরবাসী জানিয়েছেন। সরেজমিন দেখা যায়, এলাকায় বেশ কয়েকটি পুকুর-ডোবা রয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব পুকুর-ডোবা পানিতে টইটুম্বুর হয়ে পড়ে। পাশাপাশি পৌর শহরের বেশ কিছু ড্রেন থেকে ময়লা-আবর্জনা এসে পড়ছে ডোবা ও পুকুরে। অথচ এসব পানি বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। ফলে বছরের প্রায় নয় মাসই জলাবদ্ধতার শিকার ওই এলাকার বাসিন্দারা। পানি-কাদার সঙ্গে নিয়মিত বসবাস করলেও পৌর কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেন।বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, পুকুর ও ডোবার পানিতে পচন ধরলে এলাকায় মশা-মাছির বিস্তার ঘটে। এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে ডায়রিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগের ব্যাপক বিস্তার ঘটতে পারে। এ অবস্থা নিরসনের জন্য সাময়িকভাবে চুন ও পটাশিয়াম প্রয়োগ করা যেতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে, জলাবদ্ধতার শিকার পরিবারগুলোতে চর্মরোগের পাশাপাশি ডায়রিয়া ও ম্যালেরিয়া আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে।জকিগঞ্জ সাজ্জাদ মজুমদার বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আবদুস সামাদ জানায়, জলাবদ্ধতার পানি সবসময় নোংরা ও দুর্গন্ধময় থাকে। এ পানি মাড়িয়ে বাড়ি থেকে বের হতে ইচ্ছে হয় না। নোংরা পানি শরীরে লেগে অনেকের চর্মরোগ সৃষ্টি হয়েছে। শিশুদের সারা বছর ডায়রিয়া ও আমাশয় লেগেই থাকে। এ সময় পাশে থাকা গাড়িচালক মো. আবু বকর (২৫) ও গৃহিণী শাবনা বেগম (২৬) মাথা নেড়ে সামাদের কথার সমর্থন দেন। ষাটোর্ধ্ব হাকিম আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কিতা-র মধ্যে যে বাস করি! সবসময় জলাবদ্ধতা থাকে। বৃষ্টি হলে ঘরের ভেতর পর্যন্ত কোমর সমান পানি থাকে আর নয় মাস বাড়ির উঠান আর চলাচলের রাস্তায় থাকে হাঁটু পানি।’ গৃহিণী আনোয়ারা বেগম (৩৫) জানান, বৃষ্টি দিলে ঘরের ভেতর পানি ঢুকে পড়ে। এ সময় চুলা পানিতে ডুবে যাওয়ায় রান্নাবান্না করা সমস্যা হয়ে দাঁড়ায়। তিনি বলেন, ‘ছোট বাচ্চাকাচ্চারে ঘরের ভেতর বান্ধিয়া রাখি, যাতে পানিত না পড়ে।’