জলাবদ্ধতায় নষ্ট হয়ে যাচ্ছে সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতায় নষ্ট হয়ে যাচ্ছে সরকারের কোটি টাকা ব্যয়ে পাকা করা সড়ক। নষ্ট স্থানগুলো সংস্কারের জন্য প্রতিবছর ব্যয় হচ্ছে লাখ লাখ টাকা। এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বগুড়ার শেরপুর পৌরসভা এলাকায়। শহরবাসীর অভিযোগ, পৌর কর্তৃপক্ষ ও পৌর জনপ্রতিনিধিদের সুষ্ঠু পরিকল্পনার অভাবে এমন হচ্ছে। এতে পৌরবাসীকে আর্থিক ক্ষতির মাশুলও গুনতে হচ্ছে।শেরপুর পৌর কর্তৃপক্ষের প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, গত দুই অর্থবছরে শহরে এক কোটি আট লাখ টাকা ব্যয়ে বিভিন্ন সড়ক পাকা করা হয়। পাশাপাশি ওই অর্থবছরে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হিসাবে ব্যয় হয় ৭৫ লাখ টাকা। সরেজমিনে দেখা যায়, যেসব সড়ক পাকা করা হয়েছে তার বেশির ভাগই বর্ষার পানিতে নিমজ্জিত হয়ে ঢালাই উঠে নষ্ট হয়ে গেছে। এতে পৌর নাগরিকদের চলাচলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনুরূপভাবে যেসব এলাকায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে তাও সামান্য বৃষ্টিপাতে পানিতে নিমজ্জিত হয়ে থাকে।সম্প্রতি বৃষ্টির পর শহরের বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, পরিকল্পনামাফিক পৌর কর্তৃপক্ষের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে শহরের ১৪টি মহল্লার বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়ে। সড়ক ও ড্রেনের নোংরা পানি ঢুকে পড়ে বিভিন্ন বাড়িতে। এলাকাগুলো হলো রামচন্দ্রপুরপাড়া, বিকালবাজার সড়ক, ফার্নিচারপট্টি সড়ক, ডক্টরস মার্কেট সড়ক, সান্যালপাড়া হাটখোলা সড়ক, খন্দকারপাড়া মাজার সড়ক, খেজুরতলা সড়ক, হাসপাতাল সড়ক, সবুজ মেলা কেজি স্কুল সড়ক, সরদারপাড়া সড়ক, নয়াপাড়া সড়ক, বসাকপাড়া, নন্দীগ্রাম সড়ক ও শান্তিনগর এলাকা। বৃষ্টির পানিতে বন্দী-দশার সৃষ্টি হয় শহরের ডক্টরস, শের শাহসহ পাশের মার্কেটগুলোতে।এতে শহরের ওই সব এলাকার ব্যবসায়ীদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখতে হচ্ছে। পাশাপাশি জলাবদ্ধতার কারণে শত শত পরিবার তাদের নির্মিত বাসাবাড়ি নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। দেখা গেছে, উল্লিখিত জলাবদ্ধ এলাকার নির্মিত ড্রেনের গভীরতা সামান্য।জলাবদ্ধ এলাকার বাসিন্দা ব্যবসায়ী মহাদেব দাস জানান, বৃষ্টি হলেই তাঁর এলাকার ব্যবসায়ীদের ব্যবসা লাটে ওঠে। বন্ধ রাখতে হয় তাদের ব্যবসাপ্রতিষ্ঠান। বিকালবাজার এলাকার বাসিন্দা নয়া সরকার জানান, পৌর প্রকৌশল বিভাগ ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সঠিক পরিকল্পনার অভাব মহল্লাবাসীদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পৌর কর্তৃপক্ষ সমস্যা সমাধানে জরুরি কোনো উদ্যোগ নেয় না।বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী পরিমল বসাক ও উত্তম অধিকারী জানান, পাকা করার নামে পৌর কর্তৃপক্ষ যে উন্নয়ন করছে তা বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে। পাকা করার মান নিয়েও মহল্লাবাসীদের মধ্যে প্রশ্ন রয়েছে। তাঁরা সঠিক পরিকল্পনামাফিক উন্নয়নের দাবি জানান। পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহম্মেদ ও চন্দনকুমার দাস জানান, পৌর এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে যে সড়কগুলো পাকা করা হচ্ছে তা শিডিউল মোতাবেক হচ্ছে কি না খতিয়ে দেখা হচ্ছে। তা ছাড়া কেউ যাতে শিডিউলের বাইরে কাজ করে বিল তুলতে না পারে সেদিকেও নজর রাখা হয়েছে। কাউন্সিলর আব্দুল বারী জানান, শহরের তিনটি এলাকার মাস্টার প্ল্যানে ড্রেন নির্মাণ করে যদি করতোয়া নদীতে সংযোগ দেওয়া যায়, তবেই সমস্যার সমাধান সম্ভব। এ জন্য তাঁরা সংশ্লিষ্ট বিভাগের সরকারি পর্যায়ে যোগাযোগ করে যাচ্ছেন। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোস্তাফিজুর রহমান স্বীকার করেন, ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় পাকা করা সড়কগুলো বৃষ্টির পানিতে তলিয়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে।