জলাবদ্ধতায় ৩ হাজার একর জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এইখানও (এখানে) আমার ৫ কিয়ার (১ কিয়ার=৩০ শতক) জমিন (জমি) আছিন। আওর (হাওর) থেকে পানি পরে না (সরে না)। এল্লাইগা (এ জন্য) জমিন করতাম (চাষ করতে) পারি না। আমার জমিন বলতে অতখানই (এটুকুই)। অন্যে (এখন) আমি ইছা মাছ (ছোট চিংড়ি) মাইরা (ধরে) ভাত খাই।’ শনির হাওরের জলাবদ্ধ অংশে নিজের জমিগুলোর দিকে তাকিয়ে কথাগুলো বলছিলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরপাড়ের মাড়ালা গ্রামের সামছুদ্দিন আহমদ (৬৫)। হাওরটির আহাম্মকখালী স্লুইসগেটটি বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।এলাকার কৃষকরা জানান, শনির হাওরের পশ্চিম-দক্ষিণ অংশের প্রায় ৩ হাজার একর জমিতে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হাওরটির মাড়ালা, নোয়ানগর, সাহেবনগর, ইকরামপুর, গোপালপুর ও রামজীবনপুর গ্রামের কৃষকরা। এসব গ্রামের কৃষকরা জানান, স্লুইসগেটটি চালু করলেই এ জলাবদ্ধতা দূর হয়ে যাবে। একই মত দেন সংশ্লিষ্ট দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীনেশ চন্দ্র তালুকদার। মাড়ালা গ্রামের কৃষক কামাল উদ্দিন (৬০) জানান, জলাবদ্ধতায় তাঁর ৬০ কিয়ার জমির মধ্যে ২৪ কিয়ার জমিই অনাবাদি হয়ে পড়েছে। সাহেবনগর গ্রামের লুত্ফুর রহমান বলেন, ‘২৪ কিয়ার জমিন থাইক্যাও আমি এখন কামলা (শ্রমিক)। সব জমিন পানির তলে।’ মাড়ালা গ্রামের কৃষক মিয়া হোসেন বলেন, স্লুইসগেটটি চালু করলেই জলাবদ্ধতা দূর হয়ে যাবে।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলা পরিষদের সামনে অবস্থিত শনির হাওরটিতে ১৩ হাজার একর ফসলি জমিতে বোরো ধানের চাষ হয়। একফসলি এ হাওরটিতে সার ও সেচ ছাড়াই কৃষকরা ধান ফলিয়ে থাকেন। অপরিকল্পিত বেড়িবাঁধ দিয়ে স্লুইসগেট বন্ধ করে দেওয়ার কারণে এখানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বর্তমানে জলাবদ্ধতার কারণে হাওরের তিন হাজার একর জমি অনাবাদি হয়ে পড়েছে, কৃষকরা ধান চাষ করতে পারছেন না। প্রতি বছরই জলাবদ্ধতার কারণে অনাবাদি জমির পরিমাণ বাড়ছে। জমির জলাবদ্ধতা দূর করতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন জায়গায় আবেদন-নিবেদন করলেও তাঁদের সমস্যার সমাধান হচ্ছে না বলে জানান কৃষকরা। জলাবদ্ধতা দূর করার জন্য এবার স্থানীয় সাংসদের কাছে লিখিত দাবি জানিয়েছেন তাঁরা। খোঁজ নিয়ে জানা যায়, ২০০৩ সালে হাওরটির মাড়ালা গ্রামের পাশে আহাম্মকখালীতে অবস্থিত স্লুইসগেটটি পেছনে ফেলে গেটটির সামনে বেড়িবাঁধ দেওয়া হয়। এ কারণে ১৯৯৫ সালে ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আহাম্মকখালী স্লুইসগেটটি অকার্যকর হয়ে পড়ে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমল কান্তি কর বলেন, হাওরটিতে জলাবদ্ধতার কারণে অনেক কৃষক নিঃস্ব হয়ে পড়েছেন। এ স্লুইসগেটটি চালু হলে সমস্যার সমাধান হবে।পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আমজাদ হোসেন ২৪ জানুয়ারি স্লুইসগেট পরিদর্শনের সময় বলেন, স্লুইসগেটটি চালুর জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। তবে এটি হতে সময় লাগবে, এ বছর হবে না। তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক বলেন, স্লুইসগেটটি চালুর জন্য আমরা চেষ্টা করছি। আশা করছি, এ বছরই চালু হবে। দূর হবে জলাবদ্ধতা। এ ব্যাপারে স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ইতিমধ্যেই আমি স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। শিগগিরই এ সমস্যার সমাধান করা হবে।