জলালউদ্দিনের বিষয়ে ইসির আবেদনের শুনানি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-১২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জালালউদ্দিন আহমেদকে নির্বাচনে অংশ নিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত হয়নি। হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে নির্বাচন কমিশনের করা আবেদনটি আজ বুধবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন কাল বৃহস্পতিবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। কাল আপিল বিভাগে বিষয়টি শুনানির জন্য কার্যতালিকার দুই নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত রয়েছে।জালালউদ্দিনের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাঁকে নির্বাচনে অংশ নিতে ও প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন। এ আদেশে স্থগিতাদেশ চেয়ে ইসি আবেদনটি করে। ১৭ জানুয়ারি ওই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।আদালতে ইসির পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। জালালউদ্দিনের পক্ষে ছিলেন প্রবীণ আইনজীবী রফিক-উল হক ও জাফরুল্যা চৌধুরী।পরে এম কে রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ইসিতে জালালউদ্দিনের দাখিল করা এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংবলিত তালিকায় ভোটারের ভুয়া স্বাক্ষরসহ এ-সংক্রান্ত কাগজপত্রে অসংগতি রয়েছে। এ কারণে হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে আবেদনটি করা হয়। জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০ ডিসেম্বর চট্টগ্রামের নির্বাচন কমিশনে জালালউদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দেন। তবে এক শতাংশ ভোটার থাকার শর্তের সমর্থনে কাগজপত্র যথাযথ না হওয়ায় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ২৩ ডিসেম্বর তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনের আপিল ট্রাইব্যুনালে আপিল করেন। ২৭ ডিসেম্বর আপিল ট্রাইব্যুনাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার আদেশ বহাল রাখেন। এর বিরুদ্ধে তিনি ২ জানুয়ারি রিট করেন। অপর প্রার্থীর রিট: চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া অপর স্বতন্ত্র প্রার্থী তপন চক্রবর্ত্তী মনোনয়নপত্রের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন। আজ বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি দাখিল করা হয়। তপন চক্রবর্ত্তী জাতীয় পার্টির (এরশাদ) চট্টগ্রাম মহানগরের সদস্যসচিব। তাঁর আইনজীবী এ কে এম ফায়েজ আজ প্রথম আলো ডটকমকে বলেন, তপন চক্রবর্ত্তীর করা রিট আবেদনটি আদালতে দাখিল করা হয়েছে। আগামী রোববার শুনানির জন্য আবেদন তালিকার শীর্ষে থাকবে। সূত্র জানায়, গত ২৩ ডিসেম্বর মনোনয়ন দাখিল করেন তিনি। তবে এক শতাংশ ভোটার থাকার শর্তের সমর্থনে কাগজপত্র যথাযথ না হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। তপন চক্রবর্ত্তী পরে নির্বাচন কমিশনে আপিল করেন। এই আপিলও খারিজ হয়। ফলে প্রার্থীতা বাতিলের আদেশ বহাল থাকে। এর বিরুদ্ধে আজ বুধবার তপন চক্রবর্ত্তী রিটটি করেন।