জলিলকে ১৮ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ
আয়কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে ১৮ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ এ এন এম বশিরুল্লাহ এ আদেশ দেন।আজ এ মামলায় আব্দুল জলিলের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থতার জন্য তিনি আদালতে হাজির হননি। তাঁর আইনজীবী সময় বাড়ানোর আবেদন করলে আদালত এ আদেশ দেন।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর উপকমিশনার বজলুর রহমান খান গত বছরের ১৫ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করেন। এর তিন দিন পর আব্দুল জলিল হাইকোর্ট থেকে জামিন নেন।মামলার আরজিতে বলা হয়, আব্দুল জলিল একজন সম্মানিত সাংসদ হওয়া সত্ত্বেও আয়কর বিবরণীতে প্রকৃত আয় এবং সম্পদের তথ্য গোপন করেছেন। আরজিতে আরও বলা হয়, আব্দুল জলিল ২০০৩-০৪ করবর্ষে পাওয়া সুদ, নিজের ও স্ত্রী জেসমিন বানুর নামে বিভিন্ন ব্যাংকে আমানতের স্থিতি এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যয় করা অর্থ এনবিআরে জমা দেওয়া বিবরণীতে উল্লেখ করেননি। তিনি মিথ্যা হলফনামা দিয়ে বিবরণী দাখিল করেন। একইভাবে ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত ৫৪ লাখ ৬০ হাজার টাকার আয় গোপন করেন। এর ওপর প্রযোজ্য কর চার লাখ সাত হাজার টাকা ফাঁকি দিয়েছেন। এ ধরনের মিথ্যা তথ্য দেওয়া ১৯৬৪ সালের আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এনবিআরে জমা দেওয়া আয়কর বিবরণীতে দেওয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে তিনি আয়কর ফাঁকি দিয়েছেন।